২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ উইকেটে হারল বাংলাদেশ

31 Oct 2026, 09:37 AM

লাইভ ব্লগে স্বাগত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

31 Oct 2026, 09:37 AM

আরও একশ রান চায় বাংলাদেশ

জাকের আলি ও নাঈম হাসানের ব‍্যাটে বাংলাদেশের লিড একশ পেরিয়েছে। মিরপুর টেস্টে এগিয়ে থাকতে আরও একশ রান চায় স্বাগতিকরা। অন‍্য দিকে, বাংলাদেশকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দিয়ে লক্ষ‍্য ১২৫ রানের আশেপাশে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ৭৯ রানে চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ।

৩২ বলে এক চারে ১৮ রানে খেলছেন জাকের। মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। ৩০ বলে দুই চারে ১৮ রানে ব‍্যাট করছেন নাঈম।

বাংলাদেশের লিড এখন ১০৬ রান।

২৫ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রস্টন চেইস। ১৯ রানে ২ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক‍্যান।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯ ওভারে ৭৯/৬ (সাদমান ১৩, তানজিদ ০, শান্ত ১০, হৃদয় ০, লিটন ৪, জাকের ১৮*, মিরাজ ৯, নাঈম ১৮*; সিলস ৩-১-৭-০, জোসেফ ৪-১-১৭-১, ওয়ারিক‍্যান ১০-২-১৯-২, চেইস ১০-১-২৫-৩, বিশপ ২-০-১০-০)

31 Oct 2026, 09:37 AM

শুরুতেই ফিরলেন জাকের

দুইশ রানের লিড নেওয়ার অভিযানে টিকতেই পারলেন না জাকের আলি। দিনের প্রথম ওভারে জোমেল ওয়ারিক্যানের শেষ বলে স্লিপে ক্যাচ দিলেন কনকাশন বদলি নামা এই ব্যাটসম্যান।

ওভারের চতুর্থ বলে স্ট্রাইক পেয়ে চমৎকার বাউন্ডারিতে ভালো কিছুর আভাসই দিয়েছিলেন জাকের। কিন্তু পরের বলেই শেষ হয়ে গেল তার ইনিংস। ২ চারে ৩৪ বলে করেন ২২ রান।

৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৮৪ রান। লিড এখন ১১১ রানের।

১৯ রানে অপরাজিত নাঈম হাসান। নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ।

31 Oct 2026, 09:48 AM

সুযোগ হারালেন ওয়ারিক‍্যান

নিজের পরের ওভারে আরেকটি উইকেট পেতে পারতেন জোমেল ওয়ারিক‍্যান। কিন্তু হাসান মাহমুদের ফিরতি ক‍্যাচ নিতে পারলেন না বাঁহাতি এই স্পিনার।

বোলারের পাশ দিয়ে শট খেলতে চেয়েছিলেন হাসান। কিন্তু বল যায় সোজা বোলারের দিকে। সহজ ক‍্যাচ নিতে পারেননি ওয়ারিক‍্যান। তখন ১ রানে ছিলেন হাসান।

৩২ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৮৬।

31 Oct 2026, 09:55 AM

জীবন পেলেন নাঈম

হাসান মাহমুদের পর জীবন পেলেন নাঈম হাসান। জোমেল ওয়ারিক‍্যানের বলে আরেকটি সুযোগ হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেন নাঈম। ব‍্যাটের কানায় লেগে দ্রুত যায় উইকেটের পেছনে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন প্রথম স্লিপে থাকা রস্টন চেইস। বলের নাগাল পাননি তিনি। চার রান পেয়ে যান নাঈম।

জীবন পাওয়ার সময় ২১ রানে ছিলেন নাঈম।

ওভারের তৃতীয় বলে হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হন চেইস। ইম্প‍্যাক্ট ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। ওয়েস্ট ইন্ডিজ হারায় প্রথম রিভিউ।

৩৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৯৪। লিড এখন ১২১ রান।

31 Oct 2026, 10:06 AM

এবার নাঈমের ক্যাচ ছাড়লেন চেইস

জাকের আলিকে ফেরানোর পর একের পর এক ক্যাচ ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ। স্লিপে একাধিক ক্যাচ ছেড়ে দিয়েছেন অধিনায়ক রস্টন চেইস।

৩৬তম ওভারে জোমেল ওয়ারিক্যানের শেষ বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন নাঈম হাসান। সহজ সুযোগ হাতে লাগালেও ধরে রাখতে পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক। ২৯ রানে বেঁচে যান নাঈম।

ওয়ারিক্যানের আগের ওভারেও বেঁচে যান নাঈম।

৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০২ রান। লিড এখন ১২৯ রান।

31 Oct 2026, 10:21 AM

হাসানকে ফিরিয়ে ওয়ারিক‍্যানের ৪

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া জোমেল ওয়ারিক‍্যান এবারও ভোগাচ্ছেন বাংলাদেশকে। দারুণ বোলিংয়ে তিনি নিয়েছেন চার উইকেট।

বাঁহাতি স্পিনারের আর্ম বলে এলবিডব্লিউ হয়ে গেলেন হাসান মাহমুদ। স্টাম্পের সামনে দাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। কাজ হয়নি, বল লাগতো লেগ স্টাম্পে। ভাঙে ৬০ বল স্থায়ী ২৬ রানের জুটি।

হাসানের বিদায়ের সঙ্গে তৃতীয় ও শেষ রিভিউ হারাল বাংলাদেশ।

৩১ বলে আট রান করেন হাসান।

৪০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১০। ক্রিজে নাঈম হাসানের সঙ্গী তাইজুল ইসলাম।

31 Oct 2026, 10:25 AM

আগের সেরা ছাড়িয়ে নাঈম

ব‍্যাটসম‍্যানদের নিদারুণ ব‍্যর্থতার মাঝে বাংলাদেশকে টানছেন নাঈম হাসান। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তিনি ছাড়িয়ে গেছেন নিজের আগের সেরা অপরাজিত ৩৫ রান।

আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৫ রান করেন নাঈম। এবার ভীষণ প্রয়োজনের সময় প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন তিনি।

৪১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১৫। ৬৫ বলে তিন চারে ৩৭ রানে খেলছেন নাঈম। ৪ বলে ৩ রানে ব‍্যাট করছেন তাইজুল ইসলাম।

31 Oct 2026, 10:30 AM

দেড়শ রানের লিড

লোয়ার অর্ডার ব‍্যাটসম‍্যানদের দৃঢ়তায় দেড়শ স্পর্শ করল বাংলাদেশের লিড। এতে সবচেয়ে বড় ভূমিকা ক‍্যারিয়ার সেরা ইনিংস খেলা নাঈম হাসানের।

৪৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৩। লিড এখন ১৫০ রান।

31 Oct 2026, 10:36 AM

প্রথম ঘণ্টায় নাঈমের দৃঢ়তা

দিনের প্রথম ওভারে শেষ বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান জাকের আলি ফিরে গেলেও ধসে পড়েনি বাংলাদেশ। এতে সবচেয়ে বড় অবদান নাঈম হাসানের। হাসান মাহমুদের পর তাইজুল ইসলামকে নিয়ে প্রতিরোধ গড়েছেন তিনি।

পানি পানের বিরতির সময় বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৬। লিড এখন ১৫৩ রান।

৭৩ বলে তিন চারে ৪৩ রানে খেলছেন নাঈম। ১৪ বলে এক চারে ৮ রানে খেলছেন তাইজুল।

প্রথম ঘণ্টায় ১৫ ওভারে ৪৭ রান যোগ করেছে বাংলাদেশ। হারিয়েছে জাকের ও হাসানের উইকেট।

তিনটি ক‍্যাচ ছেড়ে বাংলাদেশের কাজ কিছুটা সহজ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিনবারই বোলার ছিলেন স্বাগতিকদের দারুণ ভোগানো জোমেল ওয়ারিক‍্যারিন।

নিজের বলে হাসানের ক‍্যাচ ছাড়েন ওয়ারিক‍্যান। পরে তার বলে স্লিপে দুইবার নাঈমকে জীবন দেন রস্টন চেইস।

31 Oct 2026, 10:42 AM

তাইজুলকে ফেরালেন চেইস

পানি পানের বিরতির পর প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। রস্টন চেইসের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সোজা যাওয়া বল ব‍্যাটে খেলতে পারেননি তাইজুল। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নিতে পারেননি তিনি। নিলেও কাজ হতো না, বল লাগতো লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ৩০ বল স্থায়ী ১৭ রানের জুটি।

১৬ বলে এক চারে ৮ রান করেন তাইজুল। তিনি চেইসের শততম উইকেট।

৪৫ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২৭। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।

31 Oct 2026, 10:48 AM

বৃষ্টিতে খেলা বন্ধ

ক্রিজে বাংলাদেশের শেষ জুটি। এক প্রান্তে ৪৯ রানে অপরাজিত নাঈম হাসান। নতুন ওভারে তিনিই থাকবেন স্ট্রাইকে। এমন সময়ে বাগড়া দিল বৃষ্টি। বন্ধ হয়ে গেল খেলা।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৩২। স্বাগতিকদের লিড এখন ১৫৯ রান।

৮০ বলে চার চারে ৪৯ রানে ব‍্যাট করছেন নাঈম। ক্রিজে গিয়ে জোমেল ওয়ারিক‍্যানের তিনটি বল কাটিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম।

31 Oct 2026, 11:08 AM

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় নাঈমের পঞ্চাশ

আগের ওভারে সিঙ্গেল নিতে পারলেন না নাঈম হাসান। শেষ বলে সুইপ করেও রান পাওয়ায় বেশ হতাশ দেখাচ্ছিল তাকে।

পরের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিলেন শরিফুল ইসলাম। এবার সুযোগ নষ্ট করলেন না নাঈম। সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন ক‍্যারিয়ারের প্রথম পঞ্চাশ, ৮৭ বলে।

পঞ্চাশ ছুঁয়ে খুব একটা উদযাপন করলেন না নাঈম। তিনি ভালো করেই জানেন কাজ শেষ হয়নি। লিড যতটা সম্ভব দুইশ রানের কাছে নিতে হবে।

৪৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৪০। লিড এখন ১৬৭ রান।

31 Oct 2026, 11:18 AM

১৪২ রানে থামল বাংলাদেশের ইনিংস

রস্টন চেইসের বলে ছক্কার চেষ্টায় সীমানা পার করতে পারলেন না নাঈম হাসান। লং অনে জশুয়া বিশপের হাতে ধরা পড়লেন তিনি।

বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। টাইমিং করতে পারেননি তিনি। সহজেই মুঠোয় নেন বিশপ। ভাঙে ২২ বল স্থায়ী ১৫ রানের জুটি।

৯১ বলে চার চারে ৫২ রান করেন নাঈম। তিনি ইনিংসে চেইসের পঞ্চম শিকার।

চতুর্থ দিন প্রথম সেশনে ৬৩ রান যোগ করে বাংলাদেশ। ৪৮.৪ ওভারে অলআউট হয় ১৪২ রানে। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকায় স্বাগতিকদের লিড ১৬৯ রান।

সিরিজে এগিয়ে যেতে ১৭০ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৭৯/৬) ৪৮.৪ ওভারে ১৪২ (জাকের ২২, নাঈম ৫২, হাসান ৮, তাইজুল ৮, শরিফুল ৭*; সিলস ৭-১-১৩-০, জোসেফ ৪-১-১৭-১, ওয়ারিক‍্যান ২০-৩-৬৩-৪, চেইস ১৫.৪-২-৩৬-৫, বিশপ ২-০-১০-০)

31 Oct 2026, 11:31 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন ক‍্যাম্পবেল

পেসার নয়, স্পিন দিয়ে বোলিং শুরু করালেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই মিলতে পারত উইকেট। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন জন ক‍্যাম্পবেল।

মিরাজের বলে সুইপ করার চেষ্টায় সফল হননি ক‍্যাম্পবেল। বল আঘাত হানে প‍্যাডে। জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। কাজ হয়নি, ইম্প‍্যাক্ট ও হিটিং ছিল আম্পায়ার্স কল। তাই টিকে যায় রিভিউ।

পরে এলবিডব্লিউর আরও দুটি জোরাল আবেদন করে বাংলাদেশ। তবে কিপার লিটন দাসের পরামর্শে আর রিভিউ নেননি অধিনায়ক।

১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৮।

এই ওভার দিয়েই শেষ হয় প্রথম সেশনের খেলা।

31 Oct 2026, 12:00 PM

একাধিক রেকর্ড গড়তে হবে বাংলাদেশের

মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। মাত্র ১৭০ রান ডিফেন্ড করে জিততে পারলে একইসঙ্গে হবে জোড়া রেকর্ড।

নিজেদের টেস্ট ইতিহাসে কখনও ২০৪ রানের কম লক্ষ্য দিয়ে জেতেনি বাংলাদেশ। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চট্টগ্রামে ৬৩ রানে জিতেছিল তারা।

আর মিরপুরে ২৩১ রানের কম পুঁজি নিয়ে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে জিতেছিল ক্যারিবিয়ানরা।

31 Oct 2026, 12:13 PM

দুই প্রান্তেই স্পিন

লাঞ্চের আগে শেষ ওভার করেন মেহেদী হাসান মিরাজ। বিরতির পর প্রথম ওভার করেন তাইজুল ইসলাম।

কম রানের পুঁজির ম‍্যাচে শুরুতে অভিজ্ঞ দুই স্পিনারের উপর ভরসা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তাইজুলের প্রথম ওভার থেকে কোনো রান নিতে পারেননি ব্র‍্যান্ডন কিং।

২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৮।

31 Oct 2026, 12:36 PM

উইন্ডিজের ভালো শুরু

জন ক‍্যাম্পবেল ও ব্র‍্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

৯ ওভারে সফরকারীদের রান বিনা উইকেটে ৩৯।

২৩ বলে একটি করে ছয় ও চারে ১৯ রানে খেলছেন ক‍্যাম্পবেল। ৩২ বলে দুই চারে ১৬ রানে ব‍্যাট করছেন তাইজুল।

৫ ওভারে ২৬ রান দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের ৪ ওভারে এসেছে ১০ রান।

31 Oct 2026, 12:45 PM

শুরুর জুটিতে উইন্ডিজের পঞ্চাশ

উইকেটে থাকা সুবিধা কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের স্পিনাররা। লাইন ও লেংথেও ধারাবাহিক নন তারা। তাদের এলোমেলো বোলিংয়ের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

তাইজুল ইসলামের বলে বাই চারে ব্র‍্যান্ডন কিং ও জন ক‍্যাম্পবেলের জুটি স্পর্শ করেছে পঞ্চাশ।

১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫৪।

31 Oct 2026, 12:49 PM

কিংও বাঁচলেন আম্পায়ার্স কলে

জন ক‍্যাম্পবেলের পর ব্র‍্যান্ডন কিংও বাঁচলেন আম্পায়ার্স কলে। নাঈম হাসানের বলে শট খেলেননি ক‍্যারিবিয়ান ওপেনার। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। আম্পায়ার্স কলে বেঁচে যান কিং।

এর আগে প্রথম ওভারে আম্পায়ার্স কলে বাঁচেন ক‍্যাম্পবেল।

১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬১।

31 Oct 2026, 01:01 PM

আলোকস্বল্পতায় খেলা বন্ধ

সাবলীল গতিতে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে বাধা হয়ে দাঁড়াল আলোকস্বল্পতা। বন্ধ হয়ে গেল খেলা।

খেলা বন্ধ করতে না করতেই নেমেছে বৃষ্টি। তাতে বিরতির সময় প্রলম্বিত হওয়ার শঙ্কা বেড়েছে।

১৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬৪। জিততে কেবল ১০৬ রান চাই তাদের।

31 Oct 2026, 01:29 PM

মাঠ শুকানোর কাজ শুরু

ঝুম বৃষ্টির পর আবার প্রখর রোদ মিরপুরে। তাই তড়িঘড়ি করে মাঠ শুকানোর কাজ শুরু করে দিয়েছেন মাঠকর্মীরা। এরই মধ্যে মাঠে প্রবেশ করেছে সুপার সপার।

উইকেট ও এর চারপাশ ঢাকা ছিল কাভারে। সেই কাভারের ওপর জমেছে পানি। ধীরে ধীরে সেই কাভার তুলে নেওয়া হচ্ছে। চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ কাছেই দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছেন।

31 Oct 2026, 01:58 PM

ফের আম্পায়ার্স কলে বাঁচলেন কিং

বৃষ্টির লম্বা বিরতির খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারেই মিলতে পারত উইকেট। কিন্তু তৃতীয়বারের মতো আম্পায়ার্স কল গেল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে।

তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সতীর্থদের সঙ্গে কথা বলে রিভিউ নেন নাজমুলো হোসেন শান্ত। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। আম্পায়ার্স কলে দ্বিতীয়বার বাঁচলেন কিং।

১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৬৭।

31 Oct 2026, 02:08 PM

ফের খেলা বন্ধ

বেশ রোদ আছে তবে আকাশে মেঘও যথেষ্ট। বজ্রপাতও হচ্ছে আশেপাশে। সতর্কতার অংশ হিসেবে খেলা বন্ধ করে দিয়েছেন দুই আম্পায়ার।

১৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৮৭। জয় থেকে সফরকারীরা স্রেফ ৮৩ রান দূরে।

এখন পর্যন্ত তিনটি আম্পায়ার্স কল পক্ষে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

31 Oct 2026, 02:44 PM

কিংয়ের ক‍্যাচ ছাড়লেন শান্ত

১৯তম ওভারে আক্রমণে এলেন শরিফুল ইসলাম। তার প্রথম ওভারেই এলো সুযোগ। স্লিপে ব্র‍্যান্ডন কিংয়ের ক‍্যাচ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।

আঙুলে চোট পেলেন শান্ত। ব‍্যাটসম‍্যান পেলেন বাউন্ডারি। জয়ের পথে আরেকটু এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

শরিফুলের ওভারে টানা তিন চারে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করলেন কিং। একই সঙ্গে জুটির রান স্পর্শ করল একশ।

১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১০৩।

31 Oct 2026, 02:56 PM

জুটি ভাঙলেন শরিফুল

আগের ওভারে সুযোগ তৈরি করেছিলেন শরিফুল ইসলাম। ক‍্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এবার জন ক‍্যাম্পবেলকে বোল্ড করে দিলেন শরিফুল।

বাঁহাতি স্পিনারের ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে পুরেপুরি যেতে পারেননি ক‍্যাম্পবেল। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে মিডল স্টাম্পে। ভাঙে ১২৬ বল স্থায়ী ১১২ রানের জুটি।

৫৫ বলে ছয় চার ও এক ছয়ে ৪৯ রান করেন ক‍্যাম্পবেল।

২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১১২। ক্রিজে ব্র‍্যান্ডন কিংয়ের সঙ্গী তেজনারাইন চান্দারপল।

31 Oct 2026, 03:21 PM

তৃতীয়বার আম্পায়ার্স কলে বাঁচলেন কিং

নিজের প্রথম ওভারেই সুযোগ তৈরি করলেন হাসান মাহমুদ। তবে আম্পায়ার্স কলে বেঁচে গেলেন ব্র‍্যান্ডন কিং।

চারটি সিদ্ধান্ত গেল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। তিনবার আম্পায়ার্স কলে বাঁচলেন কিং। একবার বাঁচেন জন ক‍্যাম্পবেল!

স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি কিং। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প! তাই বেঁচে যান তিনি।

২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১১৯।

31 Oct 2026, 03:25 PM

তেজনারাইনকে দ্রুত ফেরালেন

আম্পায়ার্স কল বিপক্ষে যাওয়ায় দ্বিতীয় বলে মেলেনি উইকেট। তবে চতুর্থ বলে ঠিকই সাফল‍্য পেলেন তিনি। তাকে হুক করার চেষ্টায় ক‍্যাচ দিলেন তেজনারাইন চান্দারপল।

শর্ট বল টেনে হুক করেন চান্দারপল। সীমানায় চমৎকার ক‍্যাচ নেন তাইজুল ইসলাম।

১৫ বলে ১ রান করেন চান্দারপল।

২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১২১। ক্রিজে ব্র‍্যান্ডন কিংয়ের সঙ্গী কাভেম হজ।

31 Oct 2026, 03:36 PM

কিংয়ের ক‍্যাচ ছাড়লেন ইবাদত

কোনো কিছুই যেন বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। আম্পায়ার্স কলে তিনবার বেঁচে যাওয়া ব্র‍্যান্ডন কিং দ্বিতীয়বার জীবন পেলেন ফিল্ডার ক‍্যাচ ছাড়ায়।

শরিফুল ইসলামের বলে স্লিপে কিংয়ের ক‍্যাচ ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার তাইজুল ইসলামের বলে লং অনে ক‍্যাচ ছাড়লেন বদলি ফিল্ডার ইবাদত।

বলের ফ্লাইট বুঝতে পারেননি তিনি। পিছিয়ে গিয়ে পরে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি ইবাদত। সে সময় ৭০ রানে ছিলেন কিং।

৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৩১।

31 Oct 2026, 03:59 PM

৮ উইকেটে হারল বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব‍্যাটিং ব‍্যর্থতার চড়া মাশুল দিতে হলো বাংলাদেশকে। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল ৮ উইকেটে।

নাঈম হাসানের প্রথম ফিফটিতে ১৭০ রানের লক্ষ‍্য দেয় বাংলাদেশ। ব্র‍্যান্ডন কিংয়ের অপরাজিত ফিফটিতে ওভারে সেই লক্ষ‍্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

এই হারে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমে গেল অনেকটা।

চার মেরে ম‍্যাচ শেষ করে দেওয়া কিং অপরাজিত থাকেন ৮১ রানে। তার ১১৫ বলের ইনিংস গড়া ১০ চার ও এক ছয়ে। টেস্টে এটাই তার সর্বোচ্চ।

২৭ বলে এক ছয় ও চার চারে ৩১ রানে অপরাজিত থাকেন কাভেম হজ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তারা ৫১ বলে গড়েন ৫০ রানের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ১৭০) ৩৫.১ ওভারে ১৭০/২ (কিং ৭২*, ক‍্যাম্পবেল ৪৯, চান্দারপল ১, হজ ৩১*; মিরাজ ৫-০-২৬-০, তাইজুল ১২.১-৩-৫৪-০, নাঈম ১১-০-৪৯-০, শরিফুল ৪-০-২০-১, হাসান ৩-০-১৪-১)

31 Oct 2026, 03:59 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ১৭০) ৩৫.১ ওভারে ১৭০/২

31 Oct 2026, 04:00 PM

লাইভ ব্লগের সমাপ্তি

মিরপুর শের-ই-বাং জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।