30 Oct 2026, 09:18 AM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
30 Oct 2026, 09:18 AM
লিড নেওয়ার লক্ষ্যে নামছে বাংলাদেশ
প্রায় সমতা অবস্থা থেকে এগিয়ে যেতে লিড নিতে চায় বাংলাদেশ। লক্ষ্য পূরণ করতে তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস যত দ্রুত সম্ভব গুটিয়ে দিতে চায় তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৩৪ রানে তৃতীয় দিন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
১৪৫ বলে ছয় চারে ৪৩ রানে ব্যাট করছেন তেজনারাইন চান্দারপল। ২২ বলে ১৫ রানে খেলছেন জাস্টিন গ্রেভস।
তাদের জুটিতে ৭৩ বলে এসেছে ৩৭ রান।
দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি করে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৪ ওভারে ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৪, কিং ১৫, চান্দারপল ৪৩*, হজ ৭, জাঙ্গু ০, গ্রেভস ১৫*; হাসান ৬-১-২৫-১, শরিফুল ৫-১-১৭-০, মিরাজ ১৯-৪-৪৪-১, তাইজুল ১৫-৩-৪৪-২, নাঈম ৩-০-৪-০)
30 Oct 2026, 09:39 AM
কিপিংয়ে ফিরলেন লিটন
ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি লিটন কুমার দাস। তার অনুপস্থিতিতে দ্বিতীয় দিনের ৪৭ ওভার কিপিং করেন জাকের আলি। তবে নতুন দিনে ফিরেছেন লিটন। তার হাতেই এখন কিপিং গ্লাভস।
30 Oct 2026, 09:53 AM
চান্দারপল-গ্রেভসের জুটিতে পঞ্চাশ
পঞ্চম উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে টানছেন তেজনারাইন চান্দারপল ও জাস্টিন গ্রেভস। ৯৫ বলে তাদের জুটিতে এসেছে পঞ্চাশ।
তৃতীয় দিন সকালে স্লগ সুইপ করে তাইজুল ইসলামকে ছক্কা হাঁকান চান্দারপল। তাতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
দিনের শুরুতে হাসান মাহমুদ ও তাইজুলকে বোলিংয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।
৫২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৫১।
30 Oct 2026, 10:01 AM
১৬৪ বলে চান্দারপলের পঞ্চাশ
তাইজুল ইসলামের বলে সিঙ্গেল নিলেন তেজনারাইন চান্দারপল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬৪ বলে তিনি স্পর্শ করলেন পঞ্চাশ। তার ক্যারিয়ারের তৃতীয়।
কোনো ঝুঁকি নিচ্ছেন না চান্দারপল। বল অনুযায়ী খেলে যাচ্ছেন তিনি। টানা ডট খেলে গেলেও অস্থির হচ্ছেন না। ঝুঁকিপূর্ণ শট খেলে চাপ সরিয়ে নেওয়ার চেষ্টায় যাচ্ছেন না।
জাস্টিন গ্রেভসের সঙ্গে চমৎকার জুটি গড়ে তুলেছেন চান্দারপল। এখনও ব্যাটিংয়ে আসতে বাকি রস্টন চেইস। লিড নিতে মূলত এই তিন ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
৫৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৫৫।
১৬৬ বলে এক ছয় ও ছয় চারে ৫০ রানে খেলছেন চান্দারপল। ৩৮ বলে ২৪ রানে ব্যাট করছেন গ্রেভস।
30 Oct 2026, 10:24 AM
চান্দারপলের প্রতিরোধ ভাঙলেন শরিফুল
নিজের তৃতীয় ওভারে সাফল্য পেলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের চমৎকার ডেলিভারিতে ফিরলেন তেজনারাইন চান্দারপল।
অফ স্টাম্পের একটু বাইরের ফুল লেংথ ডেলিভারিতে কাভার ড্রাইভ খেলেন চান্দারপল। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। ব্যাটের কানায় লেগে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে ১৩৬ বল স্থায়ী ৬৫ রানের জুটি।
১৮৪ বলে এক ছয় ও ছয় চারে ৫৬ রান করেন চান্দারপল।
ক্রিজে গিয়েই চার মেরে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। আরেক প্রান্তে খেলছেন জাস্টিন গ্রেভস।
৫৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৬৭।
30 Oct 2026, 10:39 AM
প্রথম ঘণ্টায় চান্দারপলের উইকেট
তেজনারাইন চান্দারপলকে ফেরালেন শরিফুল ইসলাম। ছবি: বিসিবি
তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ১৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। পঞ্চাশ ছুঁয়ে ফিরেছেন তেজনারাইন চান্দারপল।
পানি পানের বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৭৬।
৪৮ বলে ২৫ রানে খেলছেন জাস্টিন গ্রেভস। ৮ বলে ৯ রানে ব্যাট করছেন রস্টন চেইস। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি এটাই।
একমাত্র সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতেই নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন চান্দারপল।
30 Oct 2026, 11:27 AM
আবার উঠে গেলেন লিটন
তৃতীয় দিন সকালে কিপিংয়ে ফিরলেও বেশিক্ষণ থাকতে পারলেন না লিটন কুমার দাস। ৭২তম ওভারের মাঝপথেই উঠে গেলেন আগের দিন ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পাওয়া কিপার-ব্যাটসম্যান। ফলে আবারও উইকেটের পেছনে দাঁড়ালেন জাকের আলি।
৭২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২০৮ রান। আর ৬৪ রানে পিছিয়ে তারা।
30 Oct 2026, 11:28 AM
চেইসের ক্যাচ ছাড়লেন মুমিনুল
জমে যাওয়া জুটি ভাঙার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল মুমিনুল হকের ব্যর্থতায়। শর্ট লেগে রস্টন চেইসের ক্যাচ নিতে পারলেন না তিনি।
নাঈম হাসানের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাকে পা বাড়াতে দেখে একটু বামে সরে যান মুমিনুল। ব্যাটের কানায় লেগে বল আসে ডানে। হাত ছোঁয়ালেও বল মুঠোয় রাখতে পারেননি তিনি।
সে সময় ২৭ রানে ছিলেন চেইস।
৭৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২১১।
30 Oct 2026, 11:33 AM
চেইস-গ্রেভসের জুটিতে পঞ্চাশ
বিশেষজ্ঞ ব্যাটসম্যানের শেষ জুটিতে পঞ্চাশ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৯২ বলে।
জাস্টিন গ্রেভস ও রস্টন চেইসের জুটিতে ব্যবধান কমিয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই এই জুটি ভাঙতে মরিয়া বাংলাদেশ।
সুযোগ আসছেও কিছু কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছে না স্বাগতিকরা।
30 Oct 2026, 11:40 AM
জমে যাওয়া জুটি ভাঙলেন নাঈম
উইকেট উদযাপন করছে বাংলাদেশ দল। ছবি: শামছুল হক রিপন
নাঈম হাসানই ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি। জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করে দিলেন তরুণ অফ স্পিনার।
খুব বেশি বোলিংয়ের সুযোগ পাননি নাঈম। আগের দিন করতে পারেন কেবল ৩ ওভার। তৃতীয় দিন নিজের তৃতীয় ওভারে সুযোগ তৈরি করেন তিনি। রস্টন চেইসের ক্যাচ নিতে পারেননি মুমিনুল হক।
পরের ওভারে দারুণ ডেলিভারিতে গ্রেভসকে বিদায় করেন নাঈম। একটু নিচু হওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি ক্যারিবিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান। তীক্ষ্ন বাঁক নিয়ে ছোবল দেয় প্যাডে।
আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেননি গ্রেভস। ভাঙে ৯৯ বল স্থায়ী ৫১ রানের জুটি।
১০৩ বলে দুই চারে ৪৬ রান করেন গ্রেভস। তার বিদায় দিয়েই লাঞ্চ বিরতিতে যায় দুই দল।
৭৪.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ২১৩।
প্রথম সেশনে দুটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় তারা বিদায় করে তেজনারাইন চান্দারপলকে। পরের ঘণ্টায় নেয় গ্রেভসের উইকেট। লিড নিতে এখন মূল বাধা অভিজ্ঞ চেইস।
30 Oct 2026, 12:28 PM
ক্যাচ ছেড়ে চোট পেয়ে মাঠের বাইরে মুমিনুল
আরও একটি সুযোগ হাতছাড়া করলেন মুমিনুল হক। শর্ট লেগে জশুয়া বিশপের ক্যাচ ছাড়লেন তিনি। ওই ক্যাচ ধরার চেষ্টায় কোনোভাবে মাথায় আঘাতও পান তিনি।
মেহেদী হাসান মিরাজের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন বিশপ। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে ক্যাচ যায় শর্ট লেগে। হাত বাড়িয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি তিনি।
ওই সময়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান মুমিনুল। মাথা থেকে খুলে যান হেলমেট। কনকাশন পরীক্ষার জন্য মাঠে আসেন ফিজিও। তার সঙ্গেই বেরিয়ে যান মুমিনুল।
সে সময় ১১ রানে ছিলেন বিশপ।
৭৭.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ২৩০।
30 Oct 2026, 12:28 PM
মিরাজই ফেরালেন বিশপকে
জীবন পেয়ে পরের বলেই বাউন্ডারি মেরে মেহেদী হাসান মিরাজের হতাশা বাড়িয়ে দিলেন জশুয়া বিশপ। তবে এরপর আর টিকতে পারলেন না। ঠিক পরের বলেই স্টাম্পড হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত বাঁহাতি স্পিনার।
মিরাজের অফ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি অনেকটা নিচু হয়ে চলে যায় সোজা। টার্নের জন্য খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান বিশপ। বল ধরে বেলস ফেলতে সময় নেননি কিপিংয়ে ফেরা লিটন দাস। বিদায়ঘণ্টা বাজে ১১ বলে ১৫ রান করা বিশপের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান শামার জোসেফ। ৩৬ রানে অপরাজিত রস্টন চেইস। ৭৭.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৩৪ রান। এখনও ৩৮ রানে পিছিয়ে তারা।
30 Oct 2026, 12:39 PM
জোসেফকে ফিরিয়ে নাঈমের আরেকটি
শামার জোসেফকে বেশিক্ষ টিকতে দিলেন না নাঈম হাসান। ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট নিলেন এই অফ স্পিনার।
দ্বিতীয় নতুন বল না নিয়ে পুরনো বলেই খেলা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই বলেই এলো জোসেফের উইকেট।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট চালিয়ে দেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে দ্রুত যাওয়া বল গ্লাভসে জমান লিটন।
১০ বলে ৪ রান করেন জোসেফ। তিনি টেস্টে নাঈমের ৫০তম শিকার।
৮০.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ২৪৫। ক্রিজে রস্টন চেইসের সঙ্গী জোমেল ওয়ারিক্যান।
30 Oct 2026, 12:43 PM
ওয়ারিক্যানকেও ফেরালেন নাঈম
জাস্টিন গ্রেভসকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙলেন নাঈম হাসান। ছবি: বিসিবি
৮০ ওভার হয়ে গেলেও দ্বিতীয় নতুন বল নেয়নি বাংলাদেশ। সুফলও পেল দারুণভাবে। একই ওভারে দুই উইকেট নিয়ে নিলেন নাঈম হাসান।
শেষ বলে শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে পারেননি রানের খাতা খোলার অপেক্ষায় থাকা জোমেল ওয়ারিক্যান। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কোনো ফায়দা হয়নি ওয়ারিক্যানের।
৮১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান। এখনও ২৭ রানে পিছিয়ে তারা। এক প্রান্ত আগলে রেখে ৪৩ রানে অপরাজিত রস্টন চেইস। ক্রিজে তার সঙ্গী শেষ ব্যাটসম্যান জেডেন সিলস।
30 Oct 2026, 12:51 PM
নাঈমের ৪ উইকেটে বাংলাদেশের লিড
শূন্য রানে শেষ ৩ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। আগের ওভারে রস্টন চেইসকে সিঙ্গেল নিতে না দিয়ে সুযোগ এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে সেটা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ইতি টানেন নাঈম হাসান।
ওভারের প্রথম চার বল ডট খেলেন জেডেন সিলস। পঞ্চম বলে বড় শটের চেষ্টায় ক্যাচ দেন তিনি। মিড অফে মুঠোয় নেন মেহেদী হাসান মিরাজ।
২৪৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশ নেয় ২৭ রানের লিড।
আরেক প্রান্তে ৬০ বলে পাঁচ চারে ৪৩ রানে অপরাজিত থাকেন রস্টন চেইস।
৩৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার নাঈম। তার স্পিনেই ১১ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ১৩৪/৪) ৮২.৫ ওভারে ২৪৫ (চান্দারপল ৫৬, গ্রেভস ৪৬, চেইস ৪৩*, বিশপ ১৫, জোসেফ ৪, ওয়ারিক্যান ০, সিলস ০; হাসান ১১-১-৩৮-১, শরিফুল ১০-২-২৯-১, মিরাজ ২৫-৫-৬৫-২, তাইজুল ২৬-৩-৭৬-২, নাঈম ১০.৫-১-৩৩-৪)
30 Oct 2026, 01:12 PM
মাত্র ২ বল টিকলেন তানজিদ
প্রথম ইনিংসে ব্যর্থ তানজিদ হাসান এবারও ফিরলেন দ্রুত। স্রেফ দুই বল টিকলেন বাঁহাতি এই ওপেনার।
শামার জোসেফের লেগ-মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন তানজিদ। ব্যাটের মুখ আগেভাগেই ক্লোজ করে ফেলেন তিনি। তাই কানায় লেগে যায় গালিতে, রস্টন চেইসের হাতে।
কোনো রান করতে পারেননি তানজিদ।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এমনিতে তিনে খেলেন মুমিনুল হক। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় মাঠের বাইরে চলে যান তিনি। তার অনুপস্থিতিতে তিনে খেলছেন শান্ত।
30 Oct 2026, 01:59 PM
চেইসের জোড়া আঘাত
একাদশ ওভারে তিন বলের মধ্যে দুটি উইকেট নিলেন রস্টন চেইস। সাদমান ইসলামের পর ব্যাখ্যাতীত শটে ফিরে গেলেন তাওহিদ হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ডেলিভারির লাইনে যেতে পারেননি সাদমান। ব্যাট নামাতেও দেরি করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। বল আঘাত হানে স্টাম্পে।
৩০ বলে দুই চারে ১৩ রান করেন সাদমান।
ক্রিজে গিয়ে প্রথম বল ডট খেলেন তাওহিদ হৃদয়। পরের বলে বড় শটের চেষ্টায় ধরা পড়েন মিড অনে জেডেন সিলসের হাতে।
হৃদয় অহেতুক উইকেট ছুঁড়ে আসায় চাপে পড়ে গেল বাংলাদেশ। কনকাশনের জন্য পর্যবেক্ষণে থাকায় পাঁচেও নামেননি মুমিনুল হক।
১১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।
30 Oct 2026, 02:09 PM
মুমিনুলের কনকাশন বদলি জাকের
ফিল্ডিংয়ের সময় পাওয়া মাথার আঘাতে ম্যাচ থেকে ছিটকে গেলেন মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন জাকের আলি।
কনকাশন হওয়ায় পরের ম্যাচেও খেলতে পারবেন না মুমিনুল। কারণ আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন বদলি নেওয়া হলে পরবর্তী সাত দিন খেলতে পারবেন না মাথায় আঘাত পাওয়া ক্রিকেটার।
30 Oct 2026, 02:09 PM
শান্তকেও ফেরালেন চেইস
রস্টন চেইসের অফ স্পিনের জবাব খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। আগের ওভারে জোড়া শিকার ধরা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এবার নিলেন নাজমুল হোসেন শান্তর উইকেট।
টার্নের জন খেলে বলের লাইনে যেতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তিনি। কাজ হয়নি, বল আঘাত হানতো লেগ স্টাম্পে।
৩৭ বলে এক চারে ১০ রান করেন শান্ত।
১৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৪। ক্রিজে লিটন দাসের সঙ্গী মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে সুযোগ পাওয়া জাকের আলি।
বাংলাদেশের লিড এখন ৬১।
ওভার শেষে বৃষ্টি নামলে আগাম চা-বিরতি নিলেন আম্পায়াররা।
30 Oct 2026, 02:45 PM
টিকলেন না লিটনও
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করতে পারলেন না লিটন দাস। জোমেল ওয়ারিক্যানের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
বাঁহাতি স্পিনারের লেগ স্টাম্পে পিচ করে স্পিন করে বেরিয়ে যাওয়া ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি লিটন। বল পেছনের পায়ে লাগলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
সঙ্গে সঙ্গেই রিভিউ নেন লিটন। তবে বিগ স্ক্রিনে রিপ্লে দেখানো শুরু করার পরপরই হাঁটা শুরু করেন তিনি্। বল লাগতো অফ স্টাম্পে।
১০ বলে লিটন করেন ৪ রান।
১৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৫। ক্রিজে জাকের আলির সঙ্গী মেহদী হাসান মিরাজ। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের শেষ জুটি এটাই।
30 Oct 2026, 03:11 PM
মিরাজের প্রতিরোধ ভাঙলেন ওয়ারিক্যান
লাইন কাভার না করার মাশুল দিলেন মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ে ভাঙল বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।
জোমেল ওয়ারিক্যানের বল অফ স্টাম্পের বাইরে যাবে ভেবেছিলেন মিরাজ। ব্যাট তুলে ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু জোরের উপরে করা ডেলিভারি তাকে চমকে দিয়ে ছোবল দেয় স্টাম্পে। তড়িঘড়ি করে ব্যাট নামিয়েও রক্ষা পাননি মিরাজ। প্রথম ইনিংসেও একই ধরনের বলে আউট হয়েছিলেন তিনি।
৩২ বলে নয় রান করেন মিরাজ।
২২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৫৩। ক্রিজে জাকের আলির সঙ্গী নাঈম হাসান।
30 Oct 2026, 03:30 PM
রিভিউ নিয়ে বাঁচলেন নাঈম
আম্পায়ার আউট দিতে না দিতেই রিভিউ নিলেন নাঈম হাসান। জাকের আলিকে দেখাচ্ছিলেন যে ব্যাটেই খেলেছেন। কয়েকবার রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার নিশ্চিত করলেন, আগে ব্যাটে লেগেছিল বল। তাতে বেঁচে গেলেরন নাঈম।
জশুয়া বিশপের আগের বল ছিল অফ স্টাম্পের বাইরে। সেটা বেশ নিচু হয়ে গেলেও ব্যাটেই খেলেন নাঈম।
পরের বল স্টাম্পে রাখেন। কোনোমতে ব্যাটে খেলেন নাঈম। সেটা বুঝতে পারেননি আম্পায়ার। জোরাল আবেদনে সাড়া দেন তিনি। দলের শেষ রিভিউ কাজে লাগিয়ে বেঁচে যান নাঈম। সে সময় ৭ রানে ছিলেন তিনি।
২৭ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬৮। ১১ রানে খেলছেন নাঈম। ১৪ রানে ব্যাট করছেন জাকের।
30 Oct 2026, 03:34 PM
একশ ছাড়াল লিড
জাকের আলি ও নাঈম হাসানের ব্যাটে একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।
জোমেল ওয়ারিক্যানের বলে সুইপ করে চার মারেন জাকের। তাতে দলের লিড যায় তিন অঙ্কে।
প্রবল চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন মুমিনুল হকের কানকাশন সাব হিসেবে খেলা জাকের। নাঈম হাসানকে নিয়ে গড়েছেন মহাগুরুত্বপূর্ণ জুটি।
২৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৫। লিড এখন ১০২ রান।
30 Oct 2026, 03:38 PM
আলোকস্বল্পতায় খেলা বন্ধ
দ্রুত ৬ উইকেট হারানো বাংলাদেশকে টানছেন জাকের আলি ও নাঈম হাসান। তাদের জুটিতে লিড একশ ছাড়ানোর পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা।
২৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৯।
৩২ বলে এক চারে ১৮ রানে খেলছেন জাকের। ৩০ বলে দুই চারে ১৮ রানে ব্যাট করছেন নাঈম। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৪৪ বলে তাড়া করেছেন ২৬ রানের জুটি।
30 Oct 2026, 04:36 PM
দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও নাঈমের লড়াই
দারুণ বোলিংয়ে চার উইকেট নিয়ে বাংলাদেশকে ২৭ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ লিড এনে দেওয়ার পর ব্যাটিংয়েও লড়াই করছেন নাঈম হাসান। সেখানে সঙ্গে পেয়েছেন ঘটনাচক্রে এই ম্যাচে খেলা জাকের আলিকে।
লিটন দাসের অনুপস্থিতিতে বদলি ফিল্ডার হিসেবে কিপিং করেছেন জাকের। পরে মুমিনুল হকের কনকাশন বদলি হিসেবে ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিতে মূলত তার দিকেই তাকিয়ে বাংলাদেশ।
আলোকস্কল্পতায় আগেভাগেই খেলা শেষ হওয়ার আগে ৬ উইকেটে ৭৯ রান করেছে বাংলাদেশ। ৩২ বলে এক চারে ১৮ রানে খেলছেন জাকের। ৩০ বলে দুই চারে ১৮ রানে ব্যাট করছেন নাঈম।
বাংলাদেশের লিড এখন ১০৬ রান।
২৫ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রস্টন চেইস। ১৯ রানে ২ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।
30 Oct 2026, 03:38 PM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯ ওভারে ৭৯/৬
30 Oct 2026, 04:37 PM
লাইভ ব্লগের সমাপ্তি
মিরপুর শের-ই-বাং জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।