২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোলাররা খুব খারাপ করেনি, ফিলিপস ভালো ব্যাটিং করেছে’

ব্যাটিংয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 08:16 PM

Updated : 09 Dec 2023, 08:16 PM

মিরপুর টেস্টে জয় ও বাংলাদেশের মাঝে দেয়াল হলেন গ্লেন ফিলিপস। দুই ইনিংসেই দারুণ ব্যাটিংয়ে স্বাগতিকদের হাত থেকে লাগাম নিয়ে নেন তিনি। তাকে থামানোর কোনো পথ খুঁজে নিতে পারেনি বাংলাদেশ। এটিকে অবশ্য নিজেদের ঘাটতি মানতে নারাজ নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বরং কৃতিত্ব দিলেন ফিলিপসকে।

স্পিনারদের আধিপত্যের ম্যাচে স্বাগতিক বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ফিলিপস। প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রানের পর দ্বিতীয়বারে তিনি খেলেছেন ৪০ রানের ম্যাচ জেতানো ইনিংস। দুই ইনিংসেই বাংলাদেশের স্পিনারদের বেশ ভালোভাবে সামাল দেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। 

প্রথম ইনিংসে স্রেফ ৯৭ রানে ৭ উইকেট পড়ার পর পাল্টা আক্রমণের পথে হেঁটে দলকে লিড এনে দেন ফিলিপস। প্রায় নিখুঁত ব্যাটিংয়ে ৯ চারের সঙ্গে তিনি মারেন ৪টি ছক্কা। দ্বিতীয় ইনিংস অবশ্য শুরুতেই ফিরতে পারতেন ফিলিপস। তবে শূন্য রানে জীবন পাওয়ার পর বাংলাদেশকে হতাশায় ডোবান তিনি। 

প্রথম ইনিংসে শরিফুল ইসলাম দারুণ এক ডেলিভারিতে থামান ফিলিপসকে। দ্বিতীয় ইনিংসে তার বিপক্ষে স্পিনাররা তেমন কিছু করতে না পারার পরও বাঁহাতি পেসারকে আক্রমণে আনেননি শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এর পেছনের ভাবনা জানান তিনি।

“পরিকল্পনা ছিল যে, উইকেটটা যেমন ছিল, স্পিনাররা ভালো বল করছিল। আমার মনে হয়, ও (ফিলিপস) খুব ভালো ব্যাট করেছে। এটা মানতে হবে। হতাশা না। তবে সুযোগ ছিল ভালো কিছু করার। আমার মনে হয় না, আমাদের বোলাররা খুব খারাপ বোলিং করেছে। তবে ও খুব ভালো ব্যাটিং করেছে।”

ফিলিপসের দাপট দেখানো ম্যাচে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুই ইনিংস মিলিয়ে ফিফটি স্রেফ একটি। ত্রিশ ছোঁয়া ইনিংস আর দুটি। বাকিরা সবাই যোগ দেন হতাশার মিছিলে। দুই ইনিংসেই অতি আক্রমণাত্মক হওয়ার মাশুল দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংসে জাকির হাসান, শান্ত, নুরুল হাসান সোহানরা আউট হন বড় শটের চেষ্টায়। দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শটের বলি হন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজরা। 

ব্যাটিংয়ের এই ধরন নিয়ে আপত্তি নেই শান্তর। তবে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ তরুণ অধিনায়কের।

“আমাদের যার যেমন পরিকল্পনা ছিল, তা অনুযায়ী খেলতে চেয়েছি। এখানে সবাই অনেক বেশি আক্রমণ করতে গিয়েছে, বিষয়টা এমন নয়। যার যে পরিকল্পনা ছিল, ওই পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে। বাস্তবায়ন হয়নি। আমার মনে হয়, দায়িত্বটা যদি আমরা সবাই মিলে নিতাম, তাহলে আরও ভালো কিছু হতে পারত।”