২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৯ ছক্কা ও ১২ চারে মিলারের ক্যারিয়ার সেরা ইনিংস

অস্ট্রেলিয়ার বিপক্ষেই দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যান খেলেন তার আগের সেরা ওয়ানডে ইনিংসটি।

৯ ছক্কা ও ১২ চারে মিলারের ক্যারিয়ার সেরা ইনিংস

সেঞ্চুরির পর ডেভিড মিলার (বাঁয়ে)। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 07:03 PM

Updated : 27 Sep 2026, 07:03 PM

মন্থর শুরুর পর ছন্দ খুঁজে পেলেন ডেভিড মিলার। সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর ঘোরালেন ছড়ি। টেম্বা বাভুমার সঙ্গে চমৎকার জুটি গড়ে দলকে পথে ফেরানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকান মিডল অর্ডার ব্যাটসম্যান খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস।

জোহানেসবার্গে রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাঁচে নেমে ১৪২ রান করেন মিলার। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানের ৯৩ বলের ইনিংসটি সাজানো ৯টি ছক্কা ও ১২টি।

ওয়ানডেতে মিলারের আগের সেরা ইনিংসটিও ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৮ সালে হোবার্টে ১৩৯ রান করেন তিনি।

এক বছরের বেশি সময় পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরেন মিলার। ২০২৫ সালের মে মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর, গত বৃহস্পতিবার ফেরার ম্যাচে কেবল ৯ রান করেন তিনি। ঘুরে দাঁড়িয়ে এবার নিজের সেরাটা ছাড়িয়ে যান এই ক্রিকেটার।

১৮০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবার সেঞ্চুরির দেখা পেলেন মিলার। এই সংস্করণে ২৪টি ফিফটিও আছে তার নামের পাশে।

ষোড়শ ওভারে ম্যাথু ব্রিটস্কি বিদায় নিলে ক্রিজে যান মিলার। প্রথম পাঁচ বলে রানের খাতা খুলতে পারেননি তিনি। ১০ বলে একটি চারে করেন পাঁচ রান। অ্যাডাম জ্যাম্পাকে ছক্কার পর চার মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বিধ্বংসী ব্যাটসম্যান। ৪৫ বলে স্পর্শ করেন ফিফটি।

পঞ্চাশের পর মিলারের ব্যাটে আরও দ্রুত আসতে থাকে রান। ৭৩ বলে সেঞ্চুরিতে পা রাখেন তিনি। পরের পঞ্চাশ রান করতে তার লাগে ২৮ বল।

চার মেরে শতক ছোঁয়ার এক বল পর জাভিয়ের বার্টলেটকে ছক্কায় ওড়ান মিলার। পরের ওভারে জশ হেইজেলউডকে মারেন দুটি চার। বার্টলেটের পরের ওভারে দুটি ছক্কার পর জ্যাক এডওয়ার্ডসকে মারেন আরেকটি।

এর পরের বলেই বাজে মিলারের বিদায় ঘণ্টা। পয়েন্ট থেকে পেছনের দিকে দৌড়ে তার ক্যাচ মুঠোয় জমান ক্যামেরন গ্রিন। মিলারকে ফিরিয়ে পাঁচ উইকেটের কীর্তি গড়েন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা অস্ট্রেলিয়ান পেসার এডওয়ার্ডস।

এদিন সেঞ্চুরি করেন টেম্বা বাভুমাও। দুটি ছক্কা ও ১০টি চারে ১০৩ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। মিলারের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ১৫৬ রানের জুটি গড়েন তিনি।

তাদের নৈপুণ্যে ৯ উইকেটে ৩৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা।