২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি টাকা

পুরো আসরে প্রায় ৪ কোটি টাকা প্রাইজমানি রেখেছেন আয়োজকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 09:57 PM

Updated : 31 Dec 2022, 09:57 PM

বিপিএলের নবম আসরে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট আয়োজক কমিটির। গত আসরের চেয়ে এবার দ্বিগুণ অর্থ পাবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। এছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কার বাড়ছে ৫ গুণেরও বেশি।

বিসিবি কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

“এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।”

টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হলো।

এছাড়া ব্যক্তিগত সেরার পুরস্কারেও অর্থের পরিমাণ বাড়াচ্ছে বিপিএল আয়োজক কমিটি। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। তখন বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছিল ১ লাখ ৭০ হাজার টাকার কাছাকাছি।

“ম্যান অব দা সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া... এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।”

আগামী শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। সে লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনই অনুশীলনে নেমে পড়বে অংশগ্রহণকারী দলগুলো।