পাকিস্তানকে ২২৪ রানে গুটিয়ে দিল যুবারা
আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের অনেক আগে বন্ধ হয়ে যায় প্রথম দিনের খেলা।
পাকিস্তান সফরে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিনটা ভালো কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগেই স্বাগতিক যুবাদের অলআউট করে দিয়েছে আহরার আমিনের দল।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২২৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শেষ সেশনে পর্যাপ্ত আলো না থাকায় ২০ ওভার আগেই দিনের খেলা শেষ করে দেওয়া হয়।
দিনের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশের যুবারা। ইনিংসের চতুর্থ ওভারে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান পাকিস্তানের অধিনায়ক সাদ বেইগ। দলীয় ৫০ রানের মধ্যে সাজঘরে ফেরেন চার ব্যাটসম্যান।
পঞ্চম উইকেটে ৭১ রান যোগ করেন হাসিব নাজিম ও মোহাম্মদ জুলফিকাল। দুজনই ফিফটির সম্ভাবনা জাগান। জুলফিকাল ৪৩ ও হাসিব আউট হন ৩৩ রান করে।
সপ্তম উইকেট জুটিতে আবারও প্রতিরোধ গড়েন মোহাম্মদ ইবতিসাম ও আলি আসফান্দ। এ দুজন মিলে যোগ করেন ৬৪ রান। ইবতিসাম ৩৯ রান করে ফিরলে ভাঙে এই জুটি। শেষ পর্যন্ত ৪১ রানে অপরাজিত থেকে যান আসফান্দ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোহানাত দৌল্লাহ বর্ষণ। এছাড়া মারুফ মৃধা ও জিসান আলম পেয়েছেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৬৮ ওভারে ২২৪ (বাসিত আলি ১০, সাদ ০, হাবিবুল্লাহ ১৭, ওয়াহাজ ১৯, হাসিব ৩৩, জুলফিকাল ৪৩, ইবতিসাম ৩৯, আসফান্দ ৪১*, আফতাব ১২, ইসমাইল ২, আব্দুল বাসিত ১; বর্ষণ ১৬-৭-৪২-৩, মারুফ ১৩-৩-২৯-২, ইমন ১৩-২-৫০-১, রিজওয়ান ৪-০-১৮-১, রাব্বি ১৬-১-৬৪-১, আহরার ৩-০-১২-০, জিসান ৩-১-৩-২)
