২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচ দ্রাবিড়েই আস্থা ভারতের

সাবেক এই ব্যাটসম্যানের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

কোচ দ্রাবিড়েই আস্থা ভারতের

রাহুল দ্রাবিড় 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 05:18 PM

Updated : 29 Nov 2023, 05:14 PM

গুঞ্জন ছিল কোচ বদলের। তবে শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের ওপরই ভরসা রাখল ভারত। সাবেক এই ব্যাটসম্যান সহ তার পুরো কোচিং স্টাফের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বিসিসিআই বুধবার দ্রাবিড়ের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি জানায়। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ভারত জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের আগের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর ভারতীয় সংবাদমাধ্যমে খবরে আসে, কোচের দায়িত্ব পালনে আর আগ্রহী নন দ্রাবিড়। বিকল্প হিসেবে উঠে আসে আরেক সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের নাম। কিন্তু শেষ পর্যন্ত ৫০ বছর বয়সীই দ্রাবিড়ের ওপরই আস্থা রাখল বিসিসিআই।

২০২১ সালের নভেম্বরে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেন দ্রাবিড়। তার কোচিংয়ে তিন সংস্করণেই র্যাঙ্কিয়ের শীর্ষে উঠেছিল ভারত। তবে এই সময়ে আইসিসির তিনটি টুর্নামেন্ট খেলে কোনো শিরোপা জিততে পারেনি তার দল। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলা ভারত চলতি বছরের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয়। শিরোপার লড়াইয়ে তাদের হারায় অস্ট্রেলিয়া।

আর সবশেষ ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত। তবে এবারও তাদের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

নতুন চুক্তির প্রতিক্রিয়ায় দ্রাবিড় বলেছেন, ফলাফল ছাপিয়ে সবার আগে দলের মাঝে সুন্দর একটি আবহ তৈরি করার চেষ্টা করেছেন তিনি।

“টিম ইন্ডিয়ার সঙ্গে গত দুই বছর সময়টা স্মরণীয় ছিল। ড্রেসিং রুমে আমরা যে সংস্কৃতি গড়ে তুলেছি, সেই জন্য আমি সত্যিই গর্বিত। ভালো ও খারাপ সময়েও দলের সবাই স্থির ও শান্ত থাকে। আমাদের দলের যে দক্ষতা ও প্রতিভা রয়েছে তা অসাধারণ। আমরা সঠিক প্রক্রিয়া অনুসরণ করার এবং প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, যা আমাদের সামগ্রিক ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।”

বিবৃতিতে বিসিসিআইয়ের অনারারি সেক্রেটারি জয় শাহ বলেছেন, ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করার জন্য দ্রাবিড়ের চেয়ে ভালো পছন্দ আর কেউ নেই।

এই মেয়াদে দ্রাবিড়ের মূল কাজ শুরু হবে ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। সেখানে ভারত তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে যা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অংশ।