২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের আউটকে দলের জন্য আশীর্বাদ মনে করছেন ইমরুল

ইমরুল আউট হওয়ার পর ক্রিজে গিয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেন জনসন চার্লস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 11:19 AM

Updated : 01 Feb 2023, 11:19 AM

আউট হতে কখনোই ভালো লাগার কথা নয় কোনো ব্যাটসম্যানের। ইমরুল কায়েসেরও নিশ্চয়ই লাগেনি তখন। তবে ম্যাচ শেষে পেছন ফিরে তাকিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কের মনে হচ্ছে, তিনি ওই সময় আউট হওয়ায় দলের জন্যই ভালো হয়েছে। তার বিদায়ের পর ক্রিজে গিয়েই যে ম্যাচ জেতানো বিধ্বংসী সেঞ্চুরিটি করেছেন জনসন চার্লস।

বিপিএলে মঙ্গলবার সিলেট পর্ব শেষ হয় রান উৎসবের ম্যাচ দিয়ে। খুলনা টাইগার্সের ২১০ রান টপকে বিপিএলে রান তাড়ার রেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবারে ৬১ বলে ৯৫ ও শেই হোপের ৫৫ বলে ৯১ রানের ইনিংস ছাপিয়ে অপরাজিত সেঞ্চুরি ম্যাচের নায়ক হন চার্লস। ৫ চার ও ১১ ছক্কার তাণ্ডবে ক্যারিবিয়ান ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৫৬ বলে ১০৭ রান করে।

রান তাড়ার শুরুটা যদিও ভালো ছিল না কুমিল্লার। প্রথম ওভারেই তাদেরকে বড় ধাক্কা খেতে হয়। বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন ওপেনিংয়ের ভরসা লিটন কুমার দাস। তিনে নেমে অধিনায়ক ইমরুল আউট হয়ে যান ৩ বলে ৫ রান করেই।

এরপরই কুমিল্লার ঘুরে দাঁড়ানোর শুরুর। ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের পথে ফেরান মোহাম্মদ রিজওয়ান। শুরুতে একটু সময় নিয়ে পরে জ্বলে ওঠেন চার্লস। স্রেফ ৬৯ বলে ১২২ রানের জুটি গড়েন দুজন। রিজওয়ান ৩৯ বলে ৭৩ করে আউট হওয়ার পর টর্নেডো ব্যাটিংয়ে চার্লস ম্যাচ শেষ করে দেন ১০ বল আগেই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক ইমরুল বললেন, তার আউট এই ম্যাচে দলের জন্য ইতিবাচক হয়ে আসে।

“লিটন দাস যখন বাইরে চলে গেল, তখন আমরা একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ, ও যদি পাওয়ার প্লে কাজে লাগিয়ে দেয়… অবশ্যই ওর মতো ক্রিকেটার থাকলে যে কোনো দলের (প্রতিপক্ষ) জন্য কঠিন। তার পর আমি গিয়ে চেষ্টা করেছিলাম যেন অন্তত বল নষ্ট না হয়। আমি তা করতে পারিনি।”

“শেষ পর্যন্ত এখন দেখতে পাচ্ছি যে, আমি আউট হয়ে একটি আশীর্বাদের মতো হয়ে গেছে। নাহলে চার্লস গিয়ে যে কাজটা করেছে, সেটা হতো না। তবে সব মিলিয়ে দারুণ দলীয় প্রচেষ্টা।”

চার্লস শুরুতে এতটা বিধ্বংসী ছিলেন না। ১২ ওভার শেষে তার রান ছিল ৩১ বলে ৩৪। এরপর পাকিস্তানি পেসার আমাদ বাটের ওভারে টানা তিনটি ছক্কায় তিনি পৌঁছে যান ফিফটিতে। পরের ওভারে রিজওয়ান আউট হয়ে গেলেও চার্লস হয়ে ওঠেন আরও অপ্রতিরোধ্য। অফ স্পিনার নাহিদুল ইসলামকে বিধ্বস্ত করে দেন ওভারে চার ছক্কায়।

ফিফটি করতে তার বল লাগে ৩৫টি। কিন্তু সেখথান থেকে সেঞ্চুরিতে ছুটে যান আর স্রেফ ১৮ বল খেলেই।

বিপিএলে চার্লসের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি করেছিলেন ২০১৭ সালে ফাইনালে ওঠার লড়াইয়ে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে ৬৩ বলে ১০৫ রান করে ছিটকে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার্লসের তাণ্ডবের সেবার ভুক্তভোগি দলে ছিলেন ইমরুল। এবার উল্টো স্বাদ পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লা অধিনায়ক।

“ওর সঙ্গে ব্যাটিং করতে পারলে আরও ভালো লাগত। কারণ, সঙ্গী যখন এরকম মারতে থাকে, তখন আরও ভালো লাগে। আজকে ওর ব্যাটিং যখন দেখছিলাম, তখন মনে পড়ছিল, ২০১৭ সালে যখন আমাদের বিপক্ষে রংপুরের হয়ে এরকম একটি ইনিংস খেলেছিল, তখন আমরা খুব বাজে অবস্থায় ছিলাম। ওই অনুভূতি নেওয়ার চেষ্টা করছিলাম যে চার্লস এখন আমাদের হয়ে খেলছে এবং ঠিক ওরকম একটা ইনিংস খেলছে। অসাধারণ ইনিংস বলা যায়, এরকম ইনিংস দেখা যায় না। চোখেরও শান্তি বলা যায়।”

বিপিএলের সব আসর মিলিয়ে এত বেশি রান তাড়ার নজির ছিল না আগে। মাঝবিরতিতে তাই খুলনার জয়ই সবচেয়ে সম্ভাব্য ফল বলে মনে হচ্ছিল। কিন্তু ইমরুল বললেন, রান তাড়া শুরুর আগেই তার জয়ের বিশ্বাস ছিল তীব্রভাবে।

“প্রথমত আলহামদুলিল্লাহ যে এরকম একটি ম্যাচ জিততে পেরেছি। আমরা যখন ফিল্ডিং শেষে ড্রেসিং রুমে যাই, কোচকে বলেছিলাম যে, ‘স্যার, আজকে আমার মন বলছে আমরা হারব না, জিতব।’ এরকম রানের লক্ষ্যে সাধারণত কখনও মনে হয় না যে জিতব। অনেক সময় ১৫০-১৬০ রানেও মনে হয়, কোনো ভুল হলে হেরে যাব। কিন্তু আজকে একবারের জন্যও মনে হয়নি যে ম্যাচটা হারব, সত্যি বললাম।”

চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া লিটনের আঘাত খুব গুরুতর নয় বলে জানালেন ইমরুল। স্ক্যানে কোনো চিড় ধরা পড়েনি তার হাতে।

এই জয়ে ফরচুন বরিশালকে নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সও নিশ্চিত করেছে আগেই। লড়াইটা এখন বাকি একটি জায়গার জন্য। যেখানে এগিয়ে আছে রংপুর রাইডার্স।