২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

ব্যক্তিগত কারণে এবারের আসর থেকে নাম সরিয়ে নিয়েছেন ইংলিশ এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2024, 08:12 PM

Updated : 13 Mar 2024, 08:12 PM

ভারত সিরিজের পর এবার দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক। ব্যক্তিগত কারণে প্রতিযোগিতাটির আসছে আসরে খেলবেন না ইংলিশ ব্যাটসম্যান।

আগামী ২২ মার্চ শুরু হবে এবারের আইপিএল। আসন্ন টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লির ফ্র্যাঞ্চাইজটি। এবার ব্রুকের বদলি ক্রিকেটার খুঁজতে হবে দলটিকে।

ভারতের মাটিতে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে খেলার কথা ছিল ব্রুকের। কিন্তু শেষ মুহূর্তে এই সফর থেকে নিজেকে সরিয়ে নেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। পাঁচ টেস্টের সিরিজটি ৪-১ ব্যবধানে হারে ইংলিশরা।

সোয়া ১৩ কোটি রুপিতে গত আইপিএলের আগে নিলামে ব্রুককে দলে টানে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। ২১ গড়ে করেন স্রেফ ১৯০ রান। পরে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর নিলাম থেকে ডানহাতি এই ব্যাটসম্যানকে দলে নেয় দিল্লি।

আগামী ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে দিল্লি।