২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি যখন তাইজুলকে দলে নিয়েছি, একটা দল হাসাহাসি করছিল’

প্লেয়ার্স ড্রাফটে তাইজুলকে বেছে নেওয়ায় একটা দল হাসাহাসি করছিল বলে দাবি করলেন তামিম ইকবাল, বিপিএলে এই বাঁহাতি স্পিনারের পারফরম্যান্সে তাই দারুণ খুশি বরিশাল অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 11:00 AM

Updated : 02 Mar 2024, 11:00 AM

ফাইনাল শেষে পুরস্কার বিতরণীসহ যাবতীয় আনু্ষ্ঠানিকতা তখন শেষে। ড্রেসিং রুমে উদযাপন শেষে সংবাদ সম্মেলনের দিকে হাঁটা দিলেন তামিম ইকবাল। সঙ্গী করে নিলেন তিনি তাইজুল ইসলামকেও। একটু বিস্ময়ই জাগাল তা। তাইজুল কোনো পুরস্কার বা স্বীকৃতি পাননি, উল্লেখযোগ্য কোনো ঘটনাও ছিল না এ দিন তাকে ঘিরে। 

শেষ পর্যন্ত অবশ্য সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার আগেই অধিনায়ককে বলেকয়ে আবার ড্রেসিং রুমে ফিরে গেলেন এই বাঁহাতি স্পিনার। তবে কেন তাকে নিয়েই সংবাদ সম্মেলনে আসতে চেয়েছিলেন তামিম, তা পরিস্কার হলো একটু পরই। 

এবারের বিপিএলে ফরচুন বরিশালের সাফল্যের পেছনে যাদের ভূমিকা বেশি, তাদের কথা বলতে গিয়ে তাইজুলের অবদানের কথা বললেন তামিম। সেখানেই তিনি শোনালেন সাড়ে ৫ মাস আগের একটি ঘটনা। 

“আমাকে এটা বলতেই হবে… তাইজুল… হয়তো আমার বলা উচিত নয়, তবে মনে হচ্ছে, এটা বলার উপযুক্ত সময় এখনই। আমি যখন ড্রাফটে ওকে দলে নিয়েছি, একটা নির্দিষ্ট দল ছিল, যারা হাসাহাসি করছিল। আমার এত খারাপ লাগছিল, এত খারাপ… একজন আন্তর্জাতিক ক্রিকেটরকে আমি দলে নিয়েছি, অথচ একটা দল হাসছিল যে তাকে নিয়েছি।”

“এখন ওর জন্য আমি খুবই খুশি যে এত বড় অবদান রাখতে পেরেছে। ওর এই পারফরম্যান্সের কারণে বিসিবি ও নির্বাচকরা ওকে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়েছে।” 

তামিম সেই দলটির নাম খোলাসা করেননি। তবে বরিশাল দলের কয়েকজনের কাছ থেকে জানা গেলে, রংপুর রাইডার্সের টেবিলে বসে থাকা কয়েকজন ছিলেন হাসাহাসির সেই পালায়। 

বিপিএলের শুরুর দিকে এবার বরিশালের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। পরে তারা এনেছিল দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজকে। তাইজুল তাই টানা খেলার সুযোগ পাননি। তবে যে ৮ ম্যাচ তিনি খেলেছেন, একটি ছাড়া ভালো বোলিং করেছেন বাকি সব ম্যাচেই। এমনকি ফাইনালেও তিনি ছিলেন উজ্জ্বল। উইকেট যদিও পাননি। তবে যেভাবে তিনি উইকেটে আটকে রেখেছিলেন লিটন কুমার দাস, জনসন চার্লসের মতো ব্যাটসম্যানদের, এটিই পরে তাদের আউটে বড় ভূমিকা রেখেছে। 

সব মিলিয়ে বিপিএলে এবার ৯টি উইকেট নিয়েছেন ৩২ বছর বয়সী স্পিনার। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৬৫। টুর্নামেন্টে অন্তত ৫ উইকেট শিকারি বোলারদের মধ্যে তার চেয়ে কৃপণ বোলিং করেছেন কেবল সিলেট স্ট্রাইকার্সের সামিত প্যাটেল (ওভারপ্রতি ৪.৬৮ রান দিয়ে ১০ উইকেট)।

বাংলাদেশের ক্রিকেটে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তাইজুল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জাতীয় দলে ফিরেছেন বিপিএলের পারফরম্যান্স দিয়েই। 

নিয়মিত সুযোগ না পেয়েও তাইজুল যেভাবে বারবার নিজের কাজটা করে গেছেন, সেটি মুগ্ধ করেছে তামিমকে। 

“আমরা একটা সময় কেশাভ মহারাজকে আনি। তাইজুল ভালো করেছে, তার পরও ওকে না খেলিয়ে কেশাভকে খেলিয়ে, সেও ভালো করেছে। তার পর তাইজুল আবার ফিরে অসাধারণ করেছে।”