আঙুলের চোটে হাসপাতালে রোহিত
অধিনায়কের অনুপস্থিতিতে মাঠ সামলাচ্ছেন লোকেশ রাহুল।
ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে হাসপাতালে ছুটতে হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। তার জায়গায় ফিল্ডিং করছেন রজত পাতিদার। মাঠের দায়িত্ব সামলাচ্ছেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে ভারত। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে আঙুলের চোটে মাঠ ছেড়েছেন রোহিত।
আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আঙুলের অবস্থা বোঝার জন্য স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, রোহিত এই ম্যাচে আর অংশ নিতে পারবেন কি না।
মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি মারেন এনামুল হক। পরের বলে আসে ২ রান। ঘুরে দাঁড়াতে সময় নেননি সিরাজ। অফ স্টাম্পের বাইরে থেকে দারুণভাবে ভেতরে ঢোকান এই পেসার।
পায়ের নড়াচড়া ছাড়াই অফ সাইডের দিকে খেলার চেষ্টা করেন এনামুল। বল তার ব্যাটের হাতলে লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি ভারতের অধিনায়ক। উল্টো চোট পান বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে।
বল আঙুলে লাগার পর আর অপেক্ষা করেননি রোহিত। চলে যান মাঠের বাইরে।
প্রথমে ড্রেসিংরুমে রোহিতের অবস্থা পর্যবেক্ষণ করে ভারতের মেডিকেল টিম। আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য এক্স-রে করাতে নেওয়া হয়েছে হাসপাতালে।
অন্য দিকে জীবন পেয়েও কোনো লাভ হয়নি এনামুলের। ঠিক পরের বলেই তীক্ষ্ণ সুইংয়ে তাকে এলবিডব্লিউ করেন সিরাজ।
