পাল্টা আক্রমণে রাহুলের ক্যারিয়ার সেরা ইনিংস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ বলে ১২৯ রানের ইনিংস খেলেছেন ভারতের এই কিপার-ব্যাটসম্যান।
ইনিংসের মাঝপথে ক্রিজে গিয়ে পাল্টা আক্রমণ শুরু করলেন লোকেশ রাহুল। এক প্রান্ত আগলে রাখার পাশাপাশি দ্রুত রান তুললেন এই কিপার-ব্যাটসম্যান। তিন অঙ্ক ছোঁয়ার পর হলেন আরও আগ্রাসী। তার ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল ভারত।
নিউ চান্ডিগাড়ে শনিবার তৃতীয় ওয়ানডেতে ৮৭ বলে ছয়টি ছক্কা ও ১০টি চারে অপরাজিত ১২৯ রানের দারুণ ইনিংস খেলেছেন রাহুল। এটি তার দশম সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়।
গত জানুয়ারিতে রাজকোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১২ রান করেন রাহুল। সেটাই ছিল ওয়ানডেতে তার সর্বোচ্চ। পাঁচ ইনিংস পরেই সেটি ছাড়িয়ে গেলেন তিনি।
রোহিত শার্মার বিদায়ের পর ক্রিজে গিয়ে বোলারদের উল্টো চাপে ফেলে দেন রাহুল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪১ বলে স্পর্শ করেন পঞ্চাশ।
অনেকটা একই তালে এগিয়ে ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন ৮০ বলে। এরপর আর সাতটি বল খেলে মারেন তিন ছক্কা ও একটি চার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় ইনিংসের তিনটিতেই খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই দলের বিপক্ষে তার গড় সবচেয়ে বেশি।
রাহুলের ক্যারিয়ার সেরা ইনিংসে ৭ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত।
