২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পারফরম্যান্স দেখে নয়, রাহুলকে দলে নেওয়া হয় পক্ষপাতিত্ব করে’

লোকেশ রাহুলকে বারবার সুযোগ দেওয়ার চরম সমালোচনা করলেন সাবেক ভারতীয় পেসার ও কোচ ভেঙ্কাটেশ প্রসাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 01:14 PM

Updated : 12 Feb 2023, 02:16 PM

৪৬ টেস্ট শেষে ব্যাটিং গড় ৩৪.০৭। ধারাবাহিকতা নেই মোটেও। প্রশ্নও উঠছে বারবার। তার পরও লোকেশ রাহুলকে ভারতের টেস্ট দলে বারবার সুযোগ দেওয়ার তীব্র সমালোচনা করলেন ভেঙ্কাটেশ প্রসাদ। ভারতের এই কোচ ও সাবেক পেসারের মতে, রাহুলকে দলে নেওয়া হচ্ছে প্রিয়পোষণ করে। 

টেস্ট দলে রাহুলকে খেলিয়ে যাওয়া নিয়ে ভারতে আলোচনা হচ্ছে নিয়মিতই। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেও যখন অনেকের সুযোগ মিলছে না, তখন অধারাবাহিকতা নিয়েও তার খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

সেই প্রশ্নগুলো সঙ্গী করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে খেলতে নামেন তিনি। কিন্তু এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি। একমাত্র ইনিংসে আউট হন ২০ রান করে। এই নিয়ে সবশেষ ১০ ইনিংসে তিনি পঞ্চাশ ছাড়াতে ব্যর্থ হলেন। 

প্রসাদের মতে, ভারতীয় ক্রিকেটে আরও অনেকেই আছেন, যারা রাহুলের আগে টেস্ট দলে সুযোগ পাওয়ার যোগ্য। 

“কেএল রাহুলের প্রতিভা ও সামর্থ্যকে আমি সম্মান করি। কিন্তু দুঃখজনকভাবে, তার পারফরম্যান্স গড়পড়তারও বেশ নিচে। ৪৬ টেস্ট শেষে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮ বছর কাটিয়ে দেওয়ার পর ৩৪ গড় মানে বেশ সাধারণ। এত সুযোগ খুব বেশিজনকে দেওয়া হয়েছে বলে মনে করতে পারি না, বিশেষ করে আরও অনেকে যখন অপেক্ষায় আছে এবং ভালো ফর্মে আছে।”

“শুবমান গিল ভালো ফর্মে আছে, সরফরাজ খান প্রথম শ্রেণির ক্রিকেটে শতরানের পর শতরান করছে। আরও অনেকে আছে, রাহুলের আগে যাদের সুযোগ প্রাপ্য। কেউ কেউ খুব সৌভাগ্যবান, সফল না হওয়া পর্যন্ত যাদেরকে সুযোগ দেওয়া হয়, কিন্তু কেউ কেউ তা পায় না।”

রাহুল শুধু যে বারবার সুযোগ পাচ্ছেন না, তা-ই নয়। দলের সহ-অধিনায়কও তিনি। গত ডিসেম্বরে অধিনায়ক রোহিত শর্মার চোটে বাংলাদেশে টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেন রাহুলই।

প্রসাদ এখানে সরাসরিই অভিযোগ তুললেন পক্ষপাতিত্বের। 

“আরও বাজে ব্যাপার, রাহুল দলের দায়িত্বপ্রাপ্ত সহ-অধিনায়ক। অশ্বিনের ক্রিকেট মস্তিষ্ক দারুণ, তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত। তাকে দেওয়া না হলে, পুজারা বা জাদেজাকে দেওয়া উচিত। টেস্টে রাহুলের চেয়ে অনেক বেশি প্রভাববিস্তারী পারফরম্যান্স ছিল মায়াঙ্ক আগারওয়ালের, এমনকি (হনুমা) বিহারিরও বেশ ছিল।” 

“রাহুলের দল নির্বাচন পারফরম্যান্সের ভিত্তিতে হয় না, বরং পক্ষপাতিত্ব থেকে হয়। সে ধারাবাহিকভাবে অধারাবাহিক এবং এমন একজন, ৮ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েও যে সম্ভাবনাকে পারফরম্যান্সে রূপ দিতে পারেনি।”