২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ইনিংস পর ফের তাইজুলের ৫ উইকেট

টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১১ বার পাঁচ উইকেট নিলেন তাইজুল ইসলাম। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 05:11 PM

Updated : 04 Apr 2023, 05:11 PM

তাইজুল ইসলামের আর্ম ডেলিভারি বুঝতেই পারলেন না মার্ক অ্যাডায়ার। পেছনের পায়ে খেলার চেষ্টায় হলেন পরাস্ত। প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। দারুণ অর্জনের আনন্দে মাতলেন তাইজুল। 

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবুজাভ উইকেটে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে আইরিশ ব্যাটারদের ওপর ছড়ি ঘোরালেন বাঁহাতি স্পিনার তাইজুল। সাকিব আল হাসানের স্রেফ ৩ ওভার বোলিংয়ের দিনে ৫ উইকেট নিয়ে নিজের দায়িত্বটা দারুণভাবেই পালন করলেন তিনি।  

টেস্ট ক্রিকেটে তার ১১তম পাঁচ উইকেট এটি। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টে ১৩৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।  

এরপর ৯ ইনিংসে আরও তিন বার ৪ উইকেটসহ মোট ১৬ শিকার ধরেন তিনি। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই নেন ৪ উইকেট। কিন্তু পাননি পঞ্চম উইকেটের দেখা।  

অবশেষে এবার ৫ উইকেট পেলেন তিনি। ২৮ ওভারে ১০ মেডেনসহ ৫৮ রান খরচ করেছেন তিনি। এ নিয়ে ছয়টি দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল।  

টেস্টে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি বার ৫ উইকেট আছে স্রেফ সাকিব আল হাসানের, ১৯ বার। এ দুজনের পরের নামটি মেহেদী হাসান মিরাজ, ৯ বার। 

দিনের প্রথম সেশনে অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তাইজুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি আয়ারল্যান্ডের অধিনায়ক।  

প্রথম সেশনে আর সাফল্য পাননি তাইজুল। দ্বিতীয় সেশনে তার শিকার পিটার মুর ও কার্টিস ক্যাম্পার। আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন মুর। আর্ম বলে এলবিডব্লিউ ক্যাম্পার।  

শেষ সেশনে তাইজুলের বলে লর্কান টাকারকে স্টাম্পিং করেন লিটন দাস। পরে অ্যাডায়ারকে এলবিডব্লিউ করে তাইজুল পূরণ করেন নিজের ৫ উইকেট।