২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট

জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৭৪ রান, ইংল্যান্ডের চাই ৭ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 12:29 AM

Updated : 20 Jun 2023, 12:51 AM

ব্যাট-বলের লড়াই দারুণ জমে উঠেছে এজবাস্টনে। আড়াইশর বেশি রান তাড়ায় অস্ট্রেলিয়ার ভালো শুরুর পর স্টুয়ার্ট ব্রডের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। তাতে রোমাঞ্চের মোড়ে দাঁড়িয়ে অ্যাশেজের প্রথম টেস্ট। শেষ দিনে হতে পারে যে কোনো ফল।

পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৭৪ রান, ইংল্যান্ডের চাই ৭ উইকেট। ২৮১ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষ করেছে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে।

১৮ বছর আগে এই মাঠেই অস্ট্রেলিয়াকে ২৮২ রানের লক্ষ্য দিয়ে ২ রানে জিতেছিল ইংল্যান্ড।

এবার লক্ষ্যটা ১ রান কম। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় এ দিন ২৭৩ রানে। প্রথম ইনিংসে ছিল ৭ রানের লিড।

জ্যাক ক্রলি ছাড়া বাকি সবাই এবার স্পর্শ করেন দুই অঙ্ক। তবে ফিফটি নেই একটিও। জো রুট ও হ্যারি ব্রুক করেন সমান ৪৬, বেন স্টোকস ৪৩।

বার্মিংহামে ইংল্যান্ড সোমবার চতুর্থ দিন শুরু করে ২ উইকেটে ২৮ রান নিয়ে। দিনের শুরুতেই স্কট বোল্যান্ডের টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকান রুট। যার দুটি রিভার্স-র‌্যাম্প শটে।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অলি পোপ অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি (১৬ বলে ১৪)। দুর্দান্ত এক ইয়র্কারে তাকে বোল্ড করে দেন প্যাট কামিন্স। ভাঙে ৫০ রানের জুটি।

রুট আরেকটি পঞ্চাশোর্ধ (৫২) জুটি গড়েন ব্রুকের সঙ্গে। ফিফটির কাছে গিয়ে অফ স্পিনার ন্যাথান লায়নের বলে স্টাম্পড হয়ে ফেরেন সাবেক ইংলিশ অধিনায়ক। লাঞ্চ বিরতির আগে লায়নের দ্বিতীয় শিকার হয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্রুক।

দলকে এরপর এগিয়ে নেন স্টোকস ও জনি বেয়ারস্টো। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৬ রান। লায়নকে রিভার্স সুইপ করার চেষ্টায় বেয়ারস্টো এলবিডব্লিউ হন ৩৯ বলে ২০ রান করে।

দ্রুত স্টোকসকে থামিয়ে দেন কামিন্স। মইন আলি ২ চার ও এক ছক্কায় ৩১ বলে করেন ১৯ রান। এরপর ইংল্যান্ডের লিড আড়াইশ ছাড়ায় অলি রবিনসনের ২৭ রানের সৌজন্যে। দুই বছর পর দুই অঙ্ক স্পর্শ করে জেমস অ্যান্ডারসন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ১২ রানে।

কামিন্স ও লায়নের শিকার ৪টি করে উইকেট।

রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা হয় ভালো। ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা গড়েন পঞ্চাশোর্ধ জুটি। দারুণ এক ডেলিভারিতে ওয়ার্নারকে কট বিহাইন্ড করে ৬১ রানের জুটি ভাঙেন রবিনসন।

প্রথম ইনিংসে গোল্ডেন ডাক-এর তেতো স্বাদ পাওয়া মার্নাস লাবুশেন এবার বিদায় নেন তিনটি চার মেরেই। আগের ইনিংসের মতোই ব্রডের অফ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসে ক্যাচ দেন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান।

ব্রড খানিক পর বিদায় করে দেন স্টিভেন স্মিথকেও। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কও অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে ধরা পড়েন কিপারের গ্লাভসে।

দিনের ১৬ মিনিট বাকি থাকতে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামেন বোল্যান্ড। দিন শেষ তিনি অপরাজিত ১৩ রানে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান খাওয়াজা খেলছেন ৮১ বলে ৩৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৯৩/৮ ডিক্লে.

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮৬

ইংল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২৮/২) ৬৬.২ ওভারে ২৭৩ (পোপ ১৪, রুট ৪৬, ব্রুক্ল ৪৬, স্টোকস ৪৩, বেয়ারস্টো ২০, মইন ১৯, রবিনসন ২৭, ব্রড ১০*, অ্যান্ডারসন ১২*; কামিন্স ১৮.২-১-৬৩-৪, হেইজেলউড ১০-১-৪৮-১, লায়ন ২৪-২-৮০-৪, বোল্যান্ড ১২-২-৬১-১, গ্রিন ২-০-১২-০)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২৮১) ৩০ ওভারে ১০৭/৩ (খাওয়াজা ৩৪, ওয়ার্নার ৩৬, লাবুশেন ১৩, স্মিথ ৬, বোল্যান্ড ১৩*; অ্যান্ডারসন ৭-০-৩২-০, ব্রড ৯-০-২৮-২, রবিনসন ৬-২-২২-১, মইন ৭-২-২৪-০, রুট ১-০-১-০)