২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, সাকিবকে নিয়ে অপেক্ষা

ওয়ানডে সিরিজে উমরান মালিকের বলে পাওয়া আঘাতে অস্বস্তিতে ভুগছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

চট্টগ্রাম টেস্টে নেই তাসকিন, সাকিবকে নিয়ে অপেক্ষা

চট্টগ্রামে মঙ্গলবার অনুশীলনে সাকিব আল হাসান ও রাসেল ডমিঙ্গো। 

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 01:53 PM

Updated : 13 Dec 2022, 06:24 PM

সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটিই হলো সাকিব আল হাসানকে নিয়ে। রাসেল ডমিঙ্গো যেন এই প্রশ্নের অপেক্ষায়ই ছিলেন, “এটি আসতে সময় লাগল না…!”  তিনি জানতেন, এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে তাকে। বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন টেস্ট অধিনায়কের চোটের অবস্থা। পাশাপাশি নিশ্চিত করে দিলেন, প্রথম টেস্টের একাদশে নেই তাসকিন আহমেদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বুধবার শুরু প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে তাসকিনকে। মঙ্গলবার সকালে স্ক্যান করাতে হাসপাতাল থেকে ঘুরে আসা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে বিকেলে।

শনিবার ওয়ানডে সিরিজ শেষে একদিন বিশ্রাম ছিল বাংলাদেশ দলের। সোমবার দলের সঙ্গে এলেও ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি সাকিবকে। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতার পর বাংলাদেশ অধিনায়ক চলে যান ড্রেসিংরুমে। দলের অনুশীলনের প্রায় পুরোটা সময় ভেতরেই ছিলেন তিনি।

লাল বলের সংস্করণে নামার আগে মঙ্গলবার সকালে সবার আগে মাঠে আসেন সাকিব। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে দেখে নেন প্রথম টেস্টের উইকেট। এরপর দলীয় বৃত্তে আলোচনা শেষে বাকিরা গা গরমের যখন ফুটবল খেলা শুরু করেন, তখন বাইরে ছাতার নিচে বসে থাকেন অধিনায়ক।

কিছুক্ষণ পর মাঠের বাইরে অ্যাম্বুলেন্স আসতেই বের হয়ে যান সাকিব। তার সঙ্গে যেতে দেখা যায় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে। মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ফাস্ট বোলার উমরান মালিকের বলে পাঁজর ও পিঠে আঘাত পেয়েছিলেন তিনি। ঢাকায় এক দফা স্ক্যান করানো হয়েছিল তার। সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতেও তিনি খেলেন। তবে অস্বস্তি থেকে যাওয়ায় মঙ্গলবার আবার স্ক্যান করাতে স্থানীয় একটি হাসপাতালে যান তিনি।

ঘণ্টাখানেকের মধ্যে মাঠে ফিরেও আসেন টেস্ট অধিনায়ক। ব্যাট-বল হাতে না নিয়ে লম্বা সময় ছাতার নিচে বসে নির্বাচক ও সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পরে দুপুর ১২টার দিকে ব্যাট হাতে নেটে যান তিনি। প্রায় আধ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন।

নেট সেশন থেকে ধারণা করা যেতে পারে, হয়তো তার চোট গুরুতর নয়। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো জানালেন, অধিনায়ককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরেকটু অপেক্ষা করবেন তারা।

 "আমরা এখনো তাকে পর্যবেক্ষণ করছি। আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চিত করতে চাই যেন সে ঠিকঠাক আছে। পাঁজর ও কাঁধ নিয়ে এখনও একটু ভুগছে। তবে আশা করি সে (নেটে) কিছু বল খেলে ভালো অনুভব করবে। দেখা যাক, বিকেলে কেমন হয়।"

তাসকিনকে সিদ্ধান্ত অবশ্য নেওয়া হয়েই গেছে। আগের দিন সংবাদ সম্মেলনে এই পেসার বলেছিলেন, দল থেকে ওয়ার্কলোডের কিছু পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে। সেসব পূরণ করতে পারলেই কেবল প্রথম টেস্টে তাকে দেখা যাবে। এবার কোচ নিশ্চিত করে দিলেন, দেশের মাঠে প্রথম টেস্ট খেলতে এই পেসারের অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হবে।

“তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। কিছুটা বিরতির পর ফিরেছে সে, ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে।”