২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগের চেয়ে এখন আমি অনেক অভিজ্ঞ’

দ্বিতীয় দফায় বাংলাদেশে ফিরে নিজের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2023, 07:18 PM

Updated : 22 Feb 2023, 08:39 PM

‘এখন আমি আগের চেয়ে একটু বুড়ো হয়েছি’- চান্দিকা হাথুরুসিংহের উত্তরে হাসির রোল উঠল সংবাদ সম্মেলন কক্ষে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরার পর কি তাকে নতুন রূপে দেখা যাবে? জবাবে রসবোধের ছাপ রেখে আগের তুলনায় এবার নিজের অভিজ্ঞতা বৃদ্ধির কথাও বললেন লঙ্কান কোচ।

প্রায় ৫ বছর পর প্রধান কোচের দায়িত্বে বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে। তার দ্বিতীয় দফায় নিয়োগ চূড়ান্ত হওয়ার পর দেশের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের কাছ থেকেই পাওয়া গেছে ইতিবাচক আশাবাদী বক্তব্য।

বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জোর দিয়ে বলেছেন, আগের চেয়ে অনেক পরিপক্ব হয়েই বাংলাদেশে আসছেন হাথুরুসিংহে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে একাধিকবার এই কথা বলেছেন মাহমুদ।

“হাথুরুসিংহে এখানে আগে কাজ করে গেছে, ওর কোচিংয়ে বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্সও ছিল। আমার বিশ্বাস, হাথুরু এখন হয়তো আরও বেশি পরিণত, অবশ্যই আমাদের সেটা কাজে লাগবে।”

নিজের ব্যাপারে শ্রীলঙ্কান কোচের ভাবনাও প্রায় কাছাকাছি। ২০১৭ সালে যখন প্রথম দফায় বাংলাদেশে এসেছিলেন হাথুরুসিংহে, সেটিই ছিল তার প্রথম আন্তর্জাতিক কাজ। এরপর শ্রীলঙ্কা জাতীয় দল ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি।

বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা পাওয়ার পর বাংলাদেশে দুই দফার দায়িত্বের মাঝে পার্থক্যটা ধরতে পারছেন হাথুরুসিংহে। নতুন মেয়াদে কাজ শুরুর পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে সে কথাই জানান তিনি।

“এবার দায়িত্ব নেওয়ার সময় আমি বৃহৎ পরিসরে চিন্তা করেছি। এর আগে যখন এখানে এসেছি, নিজের পাশাপাশি অনেক মানুষের কাছেও নিজেকে প্রমাণ করতে হয়েছে যে আমি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারি। এছাড়া আমি জানতাম না, আমার সামনে কী আসতে পারে।”

“এখন আমি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানি যে, এখানে ক্রিকেট কীভাবে চলে। পাশাপাশি এখন আমি নিজের ব্যাপারেও অনেক কিছু জানি। আগের চেয়ে এখন অনেক অভিজ্ঞ আমি।”

দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে শুধু বাংলাদেশ দলকে সাফল্য এনে দেওয়ার কথাই ভাবছেন না হাথুরুসিংহে। বরং স্থানীয় কোচদের মান বৃদ্ধি করার মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন তিনি। এক্ষেত্রে বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের সঙ্গে মিলে কাজ করার কথা বললেন লঙ্কান কোচ।

“স্থানীয় কোচদের মান বাড়ানোর মাঝে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক সম্ভাবনা দেখতে পাই। আমি এই বিষয়টা দাঁড় করাতে সাহায্য করতে চাই। ডেভিড মুর আমার আগে এসেছেন। তার থেকে সাহায্য নিয়ে ও তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বোর্ডকে পরবর্তী প্রজন্মের উন্নতির জন্য কিছু পরামর্শ দিতে চাই। পাশাপাশি স্থানীয় কোচদেরও উন্নতি করতে চাই।”

“বিষয়টা এমন নয় যে আমি শুধু বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে চাই। অবশ্যই এটি আমার প্রধান লক্ষ্য। এর পাশাপাশি আমি কিছু দিতে চাই এবং নিজের ছাপ রাখতে চাই।”