২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আবহ নয়, সমালোচনার ঝড়ে শুরু হচ্ছে বিপিএল

বরাবরের মতোই অনেক প্রশ্ন, সংশয় আর শঙ্কাকে সঙ্গী করে শুরু হতে যাচ্ছে দেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 10:02 PM

Updated : 05 Jan 2023, 10:22 PM

টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা দুপুর ১২টায়। কিন্তু মঞ্চের ব্যানার লাগানোর কাজই শুরু হলো দুপুর সাড়ে ১২টার পর। ট্রফি উন্মোচন হওয়ার কথা দুপুর তিনটায়। তা শুরু হতে হতে পেরিয়ে গেল বিকেল চারটা। বাংলাদেশের বাস্তবতায় অবশ্য এসব অনুষ্ঠান ঘড়ির কাটা ধরে চলার সুনাম কোথাও খুব একটা নেই। তবে এসব ছাড়াও আয়োজনের নানা অব্যবস্থাপনার ছাপ চারপাশেই। মিরপুর একাডেমি মাঠের ছোট আঙিনায় গাদাগাদি করে ক্রিকেটারদের অনুশীলন আর সংবাদকর্মীদের ভিড় ছাড়া বোঝার উপায় নেই যে, বিপিএল শুরুর ঘণ্টা বেজে গেছে! 

মাঠের পাশে টিকিট বুথে লোকের লাইন তো দূরের কথা, জটলাও নেই। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বলে যে দাবি বোর্ড থেকে করা হয়, সেটির কোনো নমুনা শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে নেই। বিপিএলের সাজে মাঠ সাজানো কিংবা মানুষকে জানানোর চেষ্টার তেমন কোনো নজির ‘হোম অব ক্রিকেট’-এ নেই। টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহীর দিকে একের পর এক প্রশ্ন ছুটে গেল আয়োজনের নানা ঘাটতি নিয়ে। সেসবের যথোপযুক্ত উত্তরও মিলল না। 

এরকমই অনেক প্রশ্ন ও অসঙ্গতিকে সঙ্গী করে শুরু হচ্ছে আরও একটি বিপিএল। টুর্নামেন্ট শুরুর পর ১১ বছরে এটি নবম আসর। শুক্রবার দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও নতুন দল সিলেট স্ট্রাইকার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে খেলবে রংপুর রাইডার্স। 

ম্যাচ শুরুর এই সময় অবশ্য শুধুই শুক্রবারের জন্য। অন্যান্য দিন প্রথম ম্যাচটি দুপুর দুইটায়, পরেরটি সন্ধ্যা সাতটায়। 

গত আসরের চেয়ে এবার দল একটি বেড়ে হয়েছে সাতটি। এই বছর থেকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে তিন বছরের জন্য। এই এক বছরে ‘উন্নতি’ বলতে এতটুকুই। যে প্রশ্নগুলো ছিল গত আসরে, সেসব সবকটি আছে এবারও। কিছু প্রশ্ন বিপিএলের সঙ্গে জড়িয়ে সেই শুরুর আসর থেকেই। তা সরানো যায়নি এখনও। ২০১২ সালে শুরুর পর থেকেই নানা বিতর্কের জন্ম দেওয়া টুর্নামেন্ট পথচলায় আরও অনেক বিতর্ক গায়ে মাখিয়েই এগিয়ে চলেছে। 

এবারের সবচেয়ে বড় বিতর্কের শুরু ডিসিশান রিভিউ সিস্টেম বা ডিআরএস না থাকায়। টুর্নামেন্টের শেষভাগের আগে ডিআরএস পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বলে জানানো হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের দাবি, অনেক চেষ্টা করেও তারা এই প্রযুক্তি আনতে পারছেন না ওই কোম্পানির লোকবলের স্বল্পতার কারণে। 

গতবারও ডিআরএস না থাকার পেছনে ঠিক এই কারণই দেখানো হয়েছিল। তখন বলা হয়েছিল, তাড়াহুড়ো করে আসর শুরু করায় ব্যবস্থা করা যায়নি, পরের বার থেকে নিশ্চিতভাবেই থাকবে। কিন্তু এই পরেরবারও মিশে গেছে আগেরবারে। বিপিএলের পরে তোড়জোর শুরু করেও সংযুক্ত আরব আমিরাতের লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগ ডিআরএস পাচ্ছে নিশ্চিতভাবেই। ব্যবস্থা করতে পারেনি শুধু বিপিএল! 

বরাবরের মতোই মিরপুরের একাডেমি মাঠের এক চিলতে আঙিনায় একসঙ্গে অনুশীলন করতে হয়েছে চার-পাঁচটি দলকে। চার-পাঁচদিনের বেশি অনুশীলন করে টুর্নামেন্ট শুরু করতে পারছে না কোনো দলই। নিজস্ব পোশাকে অনুশীলন শুরু করতে পেরেছে স্রেফ দু-একটি দল। 

বিগ ব্যাশ, আরব আমিরাতের লিগ ও দক্ষিণ আফ্রিকার লিগের গোছানো ও পরিকল্পিত আয়োজনে চুক্তিবদ্ধ হয়ে গেছেন দেশের বাইরের তারকা ক্রিকেটারদের বেশির ভাগই। ক্রিকেটার সংগ্রহের বেহাল অবস্থা বুঝে বাধ্য হয়ে এবারই প্রথম বিপিএলে বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যে দলের যখন যাকে ইচ্ছে, এনে খেলাতে পারবে। 

এতে বিপিএলের তারকা ক্রিকেটার দু-একজন বেড়েছে স্বল্প সময়ের জন্য। কিন্তু সঙ্গে বেড়েছে জটিলতাও। কোন ক্রিকেটার কখন আসছে বা যাচ্ছে, হিসাব রাখা কঠিন হয়ে যাচ্ছে দলগুলির জন্যই। তাদেরকে ভাবনায় রেখে প্রতিপক্ষ দলগুলির রণপরিকল্পনা সাজানোর ব্যাপার তো আলোচনাতেই নেই। 

টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা গেছে দুই দলের অধিনায়কের নাম। চূড়ান্ত স্কোয়াডের চেহারা কী দাড়াচ্ছে, সংশয়ে থাকার কথা বেশির ভাগ দলের অধিনায়ক ও কোচের। 

টাইটেল স্পন্সর ও টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠানের মতো মহাগুরুত্বপূর্ণ দুটি ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুরুর আগের দিন। 

মিরপুরের মন্থর ও ব্যাটিং প্রতিকূল উইকেটে টুর্নামেন্ট আয়োজন নিয়ে প্রবল সমালোচনা হয়ে আসছে বরাবরই। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সার্বিক দুর্বলতার একটি বড় কারণও মনে করা হয় এটিকে। কিন্তু এবারও বেশির ভাগ ম্যাচই রাখা হয়েছে মিরপুরে। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের দাবি বহুদিনের। কিন্তু যথারীতি ভেন্যু তিনটি থেকে বাড়েনি এবারও। বাংলাদেশের বাস্তবতায় হয়তো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ করা কঠিন। কিন্তু ভেন্যু একটি-দুটি বাড়ানোর কোনো উদ্যোগও নেই বছরের পর বছর ধরে। 

বিতর্কের আগুন আরও উসকে দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে বিপিএলের নানা অব্যবস্থাপনা নিয়ে তিনি সমালোচনার তীরে বিদ্ধ করেছেন বিসিবিকে। দায়িত্ব পেলে দুই-এক মাসের মধ্যে সব ঠিক করে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি অবশ্য দেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সমালোচনাকে গায়ে মাখতে চাননি। কিন্তু বাস্তবতাকে উপেক্ষাও করতে পারেননি একের পর এক প্রশ্নের বাণে। 

সব মিলিয়ে পেশাদারিত্বের ঘাটতি বরাবরের মতোই প্রবল এবারও। আছে অনেক শঙ্কাও। কোনো বিতর্ক ছাড়া বিপিএল শেষ হওয়ার নজির নেই বললেই চলে। এবারও প্রভাতের আলোতেই যতটা আঁধার মিশে আছে, তাতে আসরের অস্তাচলের সময়টা কতটা নিকষ হয়, নেই দুর্ভাবনাও থাকছে।