‘স্বাধীনতার ডানায়’ ভেসে হৃদয়ের হ্যাটট্রিক ফিফটি
দল থেকে স্বাধীনতা পেয়ে বিপিএলের এবারের আসরে প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটসম্যান।
আরিফুল হকের বাউন্সারে পুল করলেন তৌহিদ হৃদয়। ব্যাটে-বলে সংযোগ হলো যথার্থ। বলের ঠিকানা ডিপ ফাইন লেগ দিয়ে গ্যালারির দোতলায়। আল-আমিন হোসেনের পরের ওভারে স্লগ করলেন ডিপ স্কয়ার লেগ দিয়ে। এবার অল্পের জন্য গ্যালারির দোতলায় আশ্রয় নিল না বল। হৃদয়ের আত্মবিশ্বাস এখন কোন উচ্চতায়, তা ফুটে উঠল যেন পুরোপুরি।
এই দুটি শট আসলে উদাহরণ মাত্র। তার আত্মবিশ্বাস আর নিজেকে মেলে ধরার তাড়না ফুটে উঠছে শটের পর শটে। ম্যাচের পর ম্যাচে। এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আলো তিনি। গোটা বিপিএলই আসলে আলোচিত তার ব্যাটের বিদ্যুচ্চমকে।
এই দলে আছেন মুশফিকের রহিমের মতো অভিজ্ঞ তারকা। পরের দিকে রানের গতি বাড়ানোর দায়িত্ব থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিমদের কাঁধে। অভিজ্ঞ মিডল অর্ডারে ভরসা রেখে তারুণ্য নির্ভর টপঅর্ডারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। নির্ভার হয়ে ব্যাটিংয়ে নেমে প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন হৃদয়।
সিলেটের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি হৃদয়কে। পরের তিন ম্যাচে তিন নম্বরে নামার সুযোগ পেয়ে তিনি উদ্ভাসিত। টানা দুই ম্যাচে রান তাড়ায় পঞ্চাশ পেরোনোর পর তৃতীয়টি করলেন আগে ব্যাট করতে নেমে। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মঙ্গলবার তিনি খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৫টি করে চার ও ছক্কায় স্রেফ ৪৬ বলে ৮৪!
হৃদয়ের এই ইনিংসের সৌজন্যে মঙ্গলবার এবারের আসরের প্রথম দুইশ রান করেছে সিলেট। ২০ ওভারে মাশরাফি বিন মুর্তজার দলের সংগ্রহ ৮ উইকেটে ২০১ রান।
এই আসরের আগে বিপিএলে কোনো ফিফটি ছিল না হৃদয়ের। এবার তিন ম্যাচে টানা তিন ফিফটিতে নতুন রুপে আবির্ভূত ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। ফরচুন বরিশালের বিপক্ষে ৩৪ বলে ৫৫ রান করে পান প্রথম ফিফটির দেখা। পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে করেন ৩৭ বলে ৫৬ রান।
দ্বিতীয় ফিফটির ম্যাচে ইনিংস বড় করতে না পারার আক্ষেপের কথা জানিয়েছিলেন সিলেটের এই তরুণ। সেটি অনেকটাই মিটিয়ে দিলেন ঢাকার বিপক্ষে। ইনিংসের তৃতীয় ওভারে উইকেটে গিয়ে খেললেন শেষ ওভার পর্যন্ত। পরিস্থিতির দাবি মিটিয়ে ১৮২.৬০ স্ট্রাইক রেটের ইনিংসে দলকে পৌঁছে দিলেন বড় সংগ্রহে।
আল-আমিনের বলে ক্যাচ আউট হওয়ার আগে অভিজ্ঞ এই পেসারকেই তিন ছক্কা মারেন তৌহিদ। তার বাকি দুই ছক্কা হজম করেন দুই মিডিয়াম পেসার আরিফুল ও সৌম্য সরকার।
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই রানের খাতা খোলেন হৃদয়। মুখোমুখি চতুর্থ বলে দারুণ কাট শটে মারেন প্রথম বাউন্ডারি। এরপর আর থামাথামি নেই। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৮ রানের জুটি।
ফিফটি ছুঁয়ে দ্বাদশ ওভারে শান্ত ফেরার পর ইনিংসের বাকি পথের দায়িত্ব নিজের কাঁধে নেন ফর্মে থাকা হৃদয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পূরণ করেন তিনি ১৪তম ওভারে। ৩২ বলে ফিফটির হ্যাটট্রিক ছোঁয়ার পথে ৫ চারের সঙ্গে ছয় মারেন ১টি।
পরিস্থিতির দাবি মিটিয়ে এরপর তার ব্যাট উত্তাল হয়ে ওঠে আরও। পরের ১৪ বল থেকে করে ফেলেন ৩৪ রান। যেখানে ছিল ৪টি বিশাল ছয়।
শেষ ওভার শুরুর সময় সেঞ্চুরি থেকে ২২ রান দূরে ছিলেন তিনি। সেই ওভারের প্রথম বলে ছক্কা মেরে কিছুটা হলেও জাগিয়ে তোলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে পরের বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে ধরা পড়েন ডিপ পয়েন্টে দিলশান মুনাবিরার হাতে। শেষ হয় দুর্দান্ত এক ইনিংস। রয়ে যায় রেশ।
