০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৯ মাস পর মাঠে ফিরছে বাংলাদেশের যুবারা

অগাস্ট-সেপ্টেম্বরের জিডি ট্রফিতে পারফর্ম করা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন দলে, ব্যতিক্রম কেবল তামিম।

৯ মাস পর মাঠে ফিরছে বাংলাদেশের যুবারা

ঘরোপা প্রতিযোগিতা জিডি ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 08:53 PM

Updated : 08 Oct 2026, 08:53 PM

লম্বা সময় পর মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৯ মাসের অপেক্ষার অবসান ঘটছে তাদের।

ওমানে আগামী মঙ্গলবার শুরু হবে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। সম্প্রতি গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে আলো ছড়ানো ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এই স্কোয়াড।

জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গত জানুয়ারিতে অনুষ্ঠিত যুব ওয়ানডে বিশ্বকাপের পর, কোনো সংস্করণেই আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই বিশ্বকাপে খেলা উইকেটকিপার-ব্যাটার ফরিদ হাসান ফয়সালের নেতৃত্বে বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

মিরপুরে গত অগাস্ট-সেপ্টেম্বরে হওয়া জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৭ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই টুর্নামেন্টে পারফর্ম করা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন আফগানদের বিপক্ষে সিরিজে।

ব্যতিক্রম শুধু তাইফুল আলম তামিম। অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ফাইনালে ৬টিসহ তিন ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ উইকেট নিলেও আসছে সিরিজের দলে জায়গা হয়নি এই পেসারের।

এমনিতে আফগানিস্তানের হোম সিরিজ হলেও, সবগুলো খেলা হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। আগামী মঙ্গলবার সিরিজ শুরুর পর, বাকি চার ম্যাচ যথাক্রমে ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসেন রনি, আল রাফি, ফারহান সদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহারাব হাসান সিজান, রাকিবুল হোসেন, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ, এসকে জারিফ সিয়াম