২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হয় আমরা জিতব, নয় ওরা জিতবে’

বাংলাদেশের পরাজয়টাই সবচেয়ে সম্ভাব্য ফল, তবে জয়ের আশাও আছে মেহেদী হাসান মিরাজের।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 07:10 PM

Updated : 16 Dec 2022, 07:10 PM

তৃতীয় দিনেই শুরু হয়ে গেছে চতুর্থ ইনিংসের খেলা। এখনও বাকি পুরো দুই দিন। জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশকে। ভারতের নিতে হবে ১০ উইকেট। এমন ম্যাচ আর যাই হোক, ড্র হওয়া সম্ভব নয় বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৫১৩। তৃতীয় দিনের শেষ সেশনে ৪২ রান করে অবিচ্ছিন্ন রয়েছে স্বাগতিকদের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।

প্রথম তিন ইনিংসে ব্যাটসম্যান-বোলারদের সমন্বিত ব্যর্থতায় এখন শেষ দুই দিনে ম্যাচ বাঁচাতে খেলতে হবে আরও ১৮০ ওভার অথবা করতে হবে আরও ৪৭১ রান। বাস্তবিক বিচারে দুটিই অসম্ভবের কাছাকাছি। তবু আশায় বুক বাঁধছে বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের স্পিন অলরাউন্ডার মিরাজ বললেন, লক্ষ্য নিয়ে না ভেবে বাংলাদেশের ব্যাটসম্যানদের এখন কেবল ব্যাট করে যেতে হবে।

“পরিকল্পনা ঠিক করা যাবে না, কারণ এখনও দুই দিন বাকি। রানও অনেক বাকি। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের খেলতে থাকতে হবে। অবশ্যই এই ম্যাচে ফল আসবে। হয় আমরা জিতব, না হয় ওরা জিতবে। মূল বিষয় হলো, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।”

ঘরের মাঠে এখন পর্যন্ত স্রেফ একটি ম্যাচ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ১০১ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়েছিল তারা। 

এবার ৫১৩ রান তাড়া করে জিততে হলে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে হবে সাকিব আল হাসান, লিটন দাসদের। এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দেশ। চারশর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে ১৪৫ বছরের ইতিহাসে স্রেফ ৪টি।

অবশ্য বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে তাদের হেরে যাওয়া একটি ম্যাচ। গত বছর ফেব্রুয়ারিতে চট্টগ্রামেই বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেবার অপরাজিত ডাবল সেঞ্চুরি করেন অভিষিক্ত কাইল মায়ার্স। 

সেই ম্যাচে যেমন, তেমনি আরও অনেক ম্যাচেই দেখা গেছে, চতুর্থ-পঞ্চম দিনে এই মাঠের উইকেটে ক্ষত তৈরি হওয়ার বদলে আরও ভালো হয়ে ওঠে। এবারও তেমন কিছুর আশায় মিরাজ।

“এখানে আমরা দেখেছি শেষ দিকে উইকেট ভালো হয়। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট ম্যাচ হেরেছি (শেষ দিনে)। টেস্ট ক্রিকেটে সবকিছু হতে পারে। এক দিনে নির্ধারণ করা যায় না, কখন কী হয়। তবে খেলতে থাকতে হবে।” 

“আমাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি ব্যাটসম্যান যারা আছে তাদের জন্য ভালো সুযোগও। এখনও দুই দিন আছে। লম্বা ইনিংস খেলতে পারবে। এমন একটা ম্যাচ যদি ভালো খেলতে পারে তাহলে নিজেদের আত্মবিশ্বাসও অনেক ভালো থাকবে।”

প্রথম ইনিংসের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ব্যাটসম্যানদের দ্বিতীয়বারে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী মিরাজ। 

“উইকেট তো ভালো ছিল, এখনও ভালো আছে। (পরিকল্পনা) বাস্তবায়ন করাটা জরুরি। ভালো সিদ্ধান্ত নেওয়া, স্বচ্ছ মানসিকতা নিয়ে খেলা খুব জরুরি। ব্যাটসম্যানরা আমরা বুঝতে পেরেছি কোথায় ঘাটতি রয়েছে, প্রথম ইনিংসে কীভাবে আউট হয়েছি। আশা করি ভালো একটা খেলা হবে। হার-জিত তো অনেক পরের ব্যাপার। এখনও দুই দিন বাকি আছে। আমি আশা করি আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলবে।”