২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিটোরিয়াকে হারিয়ে এসএটোয়েন্টি চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসরের ফাইনালে ৪ উইকেটে জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 10:36 PM

Updated : 12 Feb 2023, 10:44 PM

শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না প্রিটোরিয়া ক্যাপিটালসের কেউ। রুলফ ফন ডার মেরওয়ার দুর্দান্ত বোলিংয়ে দেড়শর আগে গুটিয়ে গেল তারা। রান তাড়ায় ঝড়ো ফিফটি উপহার দিলেন অ্যাডাম রোসিংটন। অনায়াস জয়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী আসরের শিরোপা ঘরে তুলল সানরাইজার্স ইস্টার্ন কেপ। 

জোহানেসবার্গে এসএটোয়েন্টি-এর ফাইনালে রোববার ৪ উইকেটে জিতেছে ইস্টার্ন কেপ। প্রিটোরিয়ার ১৩৫ রান তারা পেরিয়ে যায় ২২ বল বাকি থাকতে। 

ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল শনিবার। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে রিজার্ভ ডে-তে হলো খেলা।

লিগ পর্বে প্রিটোরিয়ার বিপক্ষে দুইবারের দেখায় প্রতিবারই হেরেছে ইস্টার্ন কেপ। শিরোপা লড়াইয়ের মঞ্চে এবার প্রিটোরিয়াকে হারিয়েই উল্লাসে মাতল দলটি।

চমৎকার বোলিংয়ে ৩১ রান ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ডাচ অলরাউন্ডার ফন মেরওয়া। ফাইনালের সেরা হয়েছেন তিনিই। 

অবদান কম নয় রোসিংটনের। ইনিংস শুরু করতে নেমে ৫৭ রান করেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান। তার ৩০ বলের ইনিংসটি গড়া ৫ ছক্কা ও ৪টি চারে। 

ওয়ানডেরার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে প্রিটোরিয়া। কুসল মেন্ডিসের সৌজন্যে ৩ ওভারে তারা তুলে ফেলে ২৭ রান। কিছুক্ষণ পর টানা দুই বলে মেন্ডিস ও ফিল সল্টকে হারায় দলটি। 

চতুর্থ ওভারের শেষ বলে ওটিনিয়েল বার্টমান ফিরিয়ে দেন ইনিংসে সর্বোচ্চ ২১ রান করা মেন্ডিসকে। পরের বলে সল্টকে বোল্ড করে দেন ফন মেরওয়া। 

জোড়া ধাক্কার চাপ সরিয়ে দিতে পাল্টা আক্রমণ চালান রাইলি রুশো। ফন মেরওয়াকে পরের তিন বলে তিনটি চার মারেন তিনি। ওভারের শেষ বলে আরেকটি চার হাঁকান টিয়ারনিস ডি ব্রেইন। 

পরপর দুই ওভারে ফিরে যান এই দুইজন। তাদের মতো দুই অঙ্কের ঘরে যান কলিন ইনগ্রাম, জেমস নিশাম, ইথান বশও। কিন্তু কেউই খেলতে পারেননি বড় ইনিংস। 

১২৭ রানে থেকে তিন বলে তিন উইকেট হারায় প্রিটোরিয়া। ৮ রানে শেষ ৪ উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেলতে পারেনি তারা। 

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে টেম্বা বাভুমাকে হারিয়ে চাপে পড়ে যায় ইস্টার্ন কেপ। এরপর রোসিংটন ও জর্ডান হেরমান মিলে গড়েন ৩২ বলে ৬৭ রানের জুটি।

বিধ্বংসী ব্যাটিংয়ে রোসিংটন ফিফটি স্পর্শ করেন স্রেফ ২০ বলে। তার ঝড়ের বড় ঝাপ্টাটা যায় মিগেল প্রিটোরিয়াসের ওপর দিয়ে। ষষ্ঠ ওভারে এই পেসারকে তিন ছক্কা ও দুটি চার মারেন তিনি। পাওয়ার প্লেতে আসে ৭৬ রান। 

আদিল রশিদের বলে স্টাম্পড হন হেরমান। কয়েক ওভার পর আনরিখ নরকিয়া কট বিহাইন্ড করে দেন রোসিংটনকে। ততক্ষণে একশ পেরিয়ে গেছে দলটির রান। 

এরপর হুট করে ১৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ইস্টার্ন কেপ। জেমস নিশামকে পরপর দুই বলে চার ও ছক্কায় উড়িয়ে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন মার্কো ইয়ানসেন। 

১২ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৩৬৬ রান করেন ইস্টার্ন কেপ অধিনায়ক এইডেন মারক্রাম। সঙ্গে অফ স্পিনে নেন ১১ উইকেট। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরা তিনি ছাড়া আর কে!

সংক্ষিপ্ত স্কোর: 

প্রিটোরিয়া ক্যাপিটালস: ১৯.৩ ওভারে ১৩৫ (সল্ট ৮, মেন্ডিস ২১, ডি ব্রেইন ১১, রুশো ১৯, ইনগ্রাম ১৭, নিশাম ১৯, বশ ১৫, পার্নেল ৮, প্রিটোরিয়াস ০, রশিদ ৩, নরকিয়া ৫*; মাগালা ৩-০-৩০-২, ইয়ানসেন ৩.৩-০-২২-১, ফন মেরওয়া ৪-০-৩১-৪, বার্টমান ৩-০-২২-২, মারক্রাম ৪-০-১৭-১, কার্স ২-০-১০-০) 

সানরাইজার্স ইস্টার্ন কেপ: ১৬.২ ওভারে ১৩৭/৬ (রোসিংটন ৫৭, বাভুমা ২, হেরমান ২২, মারক্রাম ২৬, স্টাবস ৫, কক্স ৭, ইয়ানসেন ১৩*, কার্স ০*; পার্নেল ১-০-৯-০, বশ ২-০-৩০-১, প্রিটোরিয়াস ২-০-৩৩-০, নরকিয়া ৪-০-২১-২, রশিদ ৪-০-১৩-১, ইনগ্রাম ২-০-১৬-১, নিশাম ১.২-০-১৪-১) 

ফল: সানরাইজার্স ইস্টার্ন কেপ ৪ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: রুলফ ফন ডার মেরওয়া 

ম্যান অব দা টুর্নামেন্ট: এইডেন মারক্রাম