২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে: তামিম

আফগানিস্তানের বিপক্ষে হারের জন্য আবহাওয়া বা উইকেটের অজুহাত দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।

আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে: তামিম

আউট হয়ে ফিরছেন তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 12:01 AM

Updated : 06 Jul 2023, 11:54 AM

উইকেট বেশ চ্যালেঞ্জিং ছিল। বৃষ্টিও বাগড়া দিয়েছে বারবার। তবে এসববে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক কাঠগড়ায় দাঁড় করালেন নিজেকে ও সতীর্থ ব্যাটসম্যানদের।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে বুধবার আফগানিস্তানের কাছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।

মূলত ব্যাটিং ব্যর্থতাই ডেকে আনে এই পরাজয়। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের রান ১১ ওভার শেষে ছিল ১ উইকেটে ৬৫। কিন্তু এরপর পথ হারিয়ে উইকেট হারাতে থাকে একের পর এক। বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৯ করতে পারে বাংলাদেশ। এই পুঁজি নিয়ে খুব একটা চ্যালেঞ্জ জানানো যায়নি আফগানদের।

চট্টগ্রামের উইকেটে এ দিন রেখে দেওয়া হয় বেশ সবুজ ঘাস। খেলার শুরুর পর দেখা যায়, বাউন্সও বেশ অসমান। রশিদ খান, মুজি উর রহমানদের বল বেশ নিচুও হয়েছে বিপজ্জনকভাবে। এছাড়া বাংলাদেশের ইনিংসে দুই দফায় হানা দেয় বৃষ্টি।

তবে ম্যাচ শেষে তামিম বললেন, ব্যাটিং ব্যর্থতার দায় তাদের নিজেদেরই।

“আবহাওয়া ও উইকেট বা অন্যান্য কিছুকে আমার মনে হয় না দায় দেওয়ার কিছু আছে। ওসব খেলারই অংশ। আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৫০ রানের মতো ছিল। এরপর দুই দফায় পরপর উইকেট হারিয়েছি।”

“আর সত্যি বলতে, কোনো উইকেটই এমন ছিল না যে অসাধারণ কোনো ডেলিভারি বা উইকেট নেওয়ার মতো বলে। বরং আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে। এটাই ছিল ব্যাপার।”

এমনিতে অনেক সময়ই ২০-৩০ রানের ঘাটতি থেকে যায়। একটুর জন্য প্রত্যাতি স্কোর গড়তে না পারার আক্ষেপ থাকে। কিন্তু এই ম্যাচে দল অনেক আগেই থমকে গেছে বলে মনে করেন তামিম।

“১৬০ রানে আটকে গেলে তা যথেষ্ট নয়। উইকেট কিছুটা ট্রিকি ছিল অবশ্যই। বিশেষ করে শুরুতে। তবে আমরা যদি ২৫০-২৬০ রান করতে পারতাম, তাহলে ভালো খেলা হতে পারত।”

বাংলাদেশের প্রথম ৮ ব্যাটসম্যানের মধ্যে কেবল তাওহিদ হৃদয়ই কেবল একটু লড়াই করেছেন। বাকি সবাই উইকেট বিলিয়ে এসেছেন আলগা শটে। সপ্তম ওয়ানডে খেলতে নামা হৃদয় পেয়েছে তৃতীয় ফিফটির দেখা। অধিনায়কের কণ্ঠে ফুটে উঠল তার প্রশংসা।

“আজকে তার মাত্র সপ্তম ম্যাচ ছিল। প্রতিবারই ব্যাট করতে নেমে সে সবাইকে মুগ্ধ করে চলেছে। এই মুহূর্তে ওকে দারুণ মনে হচ্ছে।”