৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপ টাউন টেস্টের শেষ দিনে এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার।

৩৫০ উইকেটে দ্রুততম রাবাদা

কাগিসো রাবাদা। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 05:58 PM

Updated : 31 Oct 2026, 05:58 PM

কেপ টাউন টেস্টে লক্ষ্য তাড়ায় নামা অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ওভারে জোড়া আঘাত হানলেন কাগিসো রাবাদা। পরে আরেকটি শিকার ধরে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার।

নামের পাশে ৩৪৬ টেস্ট উইকেট নিয়ে ম্যাচটি খেলতে নামেন রাবাদা। প্রথম ইনিংসে একটি উইকেট পান তিনি। আর শনিবার ম্যাচের শেষ দিনের শুরুতে আরও তিন শিকার ধরে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই পেসার।

এই উইকেটগুলো নিতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। ১৪ হাজার ৭১৯ বলে ৩৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি ছিল রাবাদার স্বদেশি ডেল স্টেইনের।

৩৫০ টেস্ট উইকেট নিতে পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াকার ইউনিসের লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল। ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ম্যালকম মার্শালের ১৬ হাজার ২৮৫ এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের ১৬ হাজার ৯০৮।

দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট নিলেন রাবাদা। অন্য তিন জন হলেন স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনি (৩৯০)।

৭৫তম টেস্টে এসে এই মাইলফলকে পা রাখলেন রাবাদা। সবচেয়ে কম টেস্টে ৩৫০ উইকেট নেওয়া বোলার দুজন, রিচার্ড হ্যাডলি ও স্টেইন, ৬৯ ম্যাচে। ডেনিস লিলির লেগেছিল ৭০ ম্যাচ, গ্লেন ম্যাকগ্রার ৭৫ ম্যাচ। রাবাদার সমান টেস্ট লেগেছিল মার্শালের।

প্রথম ইনিংসে প্যাট কামিন্সকে এলবিডব্লিউ করেন রাবাদা। এবার ম্যাচের চতুর্থ ইনিংসের প্রথম ওভারে ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান তিনি। লেগ সাইডের বল খেলে কট বিহাইন্ড হন রেনশ। আর ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন লাবুশেন।

কয়েক ওভার পর ছন্দে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে বিদায় করে ৩৫০ উইকেটে পা রাখেন রাবাদা। গালিতে ক্যাচ দেন হেড।