২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তানের এত ভয় কেন, প্রশ্ন রমিজ রাজার

স্ট্রাইক রেট বাড়ানোর জন্য ব্যাটসম্যানদের কিছুটা ঝুঁকিমুক্ত ব্যাটিংয়ের পথ বেছে নেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

স্ট্রাইক রেট নিয়ে পাকিস্তানের এত ভয় কেন, প্রশ্ন রমিজ রাজার

রমিজ রাজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 07:38 PM

Updated : 22 Jan 2024, 07:44 PM

পাকিস্তান দলের ‘থিংক ট্যাংক’কে একহাত নিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়ে দলের মধ্যে ভীতি তৈরি হওয়ার কারণ বুঝতে পারছেন না তিনি। স্ট্রাইক রেট বাড়ানোর জন্য খেলোয়াড়দের তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত ব্যাটিংয়ের পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

নিউ জিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৪-১ ব্যবধানে হারার পর এসব মন্তব্য করেন রমিজ। সিরিজের প্রথম চার ম্যাচেই হারের পর রোববার শেষটি জিতে হোয়াইটওয়াশ এড়ায় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, দলের কাছে যেখানে বিকল্পগুলো খুব কম সেখানে স্ট্রাইক রেট নিয়ে ভয়ের কোনো মানেই হয় না।

"স্ট্রাইক রেটের ভয় যেন এই দলের থিংক ট্যাংককে আঁকড়ে ধরেছে, এর কারণ আমি বুঝি না। আমার কাছে পরিষ্কার নয় যে, তারা কিসের ভিত্তিতে স্ট্রাইক রেট নিয়ে এই ভয় তৈরি করেছে, যখন তারা জানেই যে তাদের কাছে বিকল্প সীমিত।”

“এমনকি মনে হচ্ছে নতুন খেলোয়াড়রা বুঝতে পারছে না যে, তাদের নিজেদেরকে উইকেটে সময় দিতে হবে এবং স্ট্রাইক রেট উন্নত করার জন্য কিছুটা ঝুঁকিমুক্ত ব্যাটিং শৈলী গড়ে তুলতে হবে। কারণ, ভালো দলগুলো ব্যাটসম্যানের ওপর চাপ সৃষ্টি করবে এবং আউট করে দেবে।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষিক্ত হাসিবউল্লাহ খান শূন্য রানে আউট হন ম্যাচের তৃতীয় বলেই। প্রথম তিন ওভারে পাকিস্তান করতে পারে কেবল ৪ রান। বাবর আজম ১৩ রান করতে খেলেন ২৪ বল। মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৩৮ রান করেন ৩৮ বলে খেলে। সফরকারীরা ২০ ওভারে মাত্র ১৩৪ রান তুলতে পারে, অবশ্য সেটিই জয়ের জন্য যথেষ্ট হয় স্পিনারদের দারুণ বোলিংয়ে।

সিরিজে পাঁচ ম্যাচে মাত্র তিনটি জুটি পঞ্চাশ ছুঁতে পারে পাকিস্তানের। বড় জুটির গুরুত্ব তুলে ধরে ব্যাটসম্যানদের পরিস্থিতি বিবেচনা করে স্মার্ট ব্যাটিংয়ের পরামর্শ দিলেন রমিজ।

"জুটি একটি মৌলিক বিষয়, যেকোনো সংস্করণই হোক না কেন, তা একই থাকে… ম্যাচ সচেতনতা দরকার। আপনি কী করতে পারবেন বা কী করতে পারবেন না, তা বোঝার জন্য আপনার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”