২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাপথে খোয়া গেল ওয়ার্নার-মার্শদের ব্যাট-প্যাড

বিদেশি তারকাদের খোয়া যাওয়া ব্যাটগুলোর দাম একেকটি প্রায় ১ লাখ রুপি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 03:52 PM

Updated : 19 Apr 2023, 03:52 PM

আইপিএলে অদ্ভুত অভিজ্ঞতা হলো ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের। যাত্রাপথে ব্যাট-প্যাডসহ বেশ কিছু ক্রিকেটীয় সরঞ্জাম খুইয়েছেন দিল্লি ক্যাপিট্যালসের ক্রিকেটাররা।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ২৩ রানে হেরে যায় দিল্লি। পরদিন দিল্লিতে ফেরার পর ১৬টি ব্যাট, প্যাড, জুতা, থাই প্যাড ও গ্লাভস খোয়া যাওয়ার ব্যাপারে টের পান দলটির ক্রিকেটাররা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী খোয়া যাওয়া ব্যাটগুলোর মধ্যে ওয়ার্নারের ৩টি, ফিল সল্টের ৩টি, মিচেল মার্শের ২টি ও সবচেয়ে বেশি ৫টি তরুণ ব্যাটসম্যান ইয়াশ ঢুলের।

এর বাইরে অন্যান্য ক্রিকেটারদের জুতা, গ্লাভসসহ আরও ক্রিকেটীয় সরঞ্জাম না পাওয়ার কথা জানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকাদের খোয়া যাওয়া ব্যাটগুলোর দাম একেকটি প্রায় ১ লাখ রুপি।

হোটেলে নিজ নিজ রুমে কিট ব্যাগ পাওয়ার পর এসব জিনিস খোয়া যাওয়ার কথা জানতে পারেন ক্রিকেটাররা। সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের জানান তারা। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়।

এই অবস্থার মাঝেই মঙ্গলবার কোনোরকম অনুশীলন চালিয়ে নিয়েছেন দিল্লির ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার তাদের এজেন্টকে সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে কিছু ব্যাট পাঠাতে অনুরোধ করেছেন।