আইপিএল শেষ ওয়াশিংটনের
হ্যামস্ট্রিংয়ে চোটে পেয়ে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের এই স্পিনিং অলরাউন্ডার।
মাঠের খেলায় ধুঁকতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে এবার চোটের আঘাত। হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার এই অফ স্পিনিং অলরাউন্ডারের চোটের খবরটি জানায় তার দল।
চলতি আসরে হায়দরাবাদের এখন পর্যন্ত সাত ম্যাচের সবগুলোয় খেলেছেন ওয়াশিংটন। প্রথম ছয় ম্যাচে উইকেটের দেখা পাননি তিনি। সেই খরা কাটিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সবশেষ ম্যাচে তিনি ৩ উইকেট নেন ২৪ রানে।
ব্যাট হাতেও ওই ম্যাচে রানের দেখা পান ওয়াশিংটন; রান তাড়ায় ১৫ বলে করেন অপরাজিত ২৪, যা এবারের আসরে তার সর্বোচ্চ। তবে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্স দলের কাজে আসেনি। টানা তৃতীয় হারের স্বাদ পায় হায়দরাবাদ।
২০১৬ আসরের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এই আসরে মাত্র দুটি জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তারা আছে নবম স্থানে। দলটির পরবর্তী ম্যাচ আগামী ২৯ এপ্রিল, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
