২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য রানে পাকিস্তানের ২ উইকেটের পর শেষের রোমাঞ্চের অপেক্ষা

জয়ের জন্য শেষ দিনে নিউ জিল্যান্ডের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩১৯ রান।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 08:51 PM

Updated : 05 Jan 2023, 08:51 PM

দিনের প্রথম ওভারে পাকিস্তানের উইকেট পতনে শুরু। শেষ ওভারেও একই চিত্র। যা নিশ্চিতভাবে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বাবর আজমের দলকে। তিনশর বেশি রান তাড়ায় শূন্য রানেই যে ২ উইকেট হারিয়েছে তারা! তাই কিছুটা এগিয়ে থেকেই পঞ্চম দিনের লড়াইয়ে নামবে নিউ জিল্যান্ড। 

করাচিতে দ্বিতীয় টেস্টে ৩১৯ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর ২.৫ ওভারে ০/২! 

শেষ দিনে জয়ের জন্য নিউ জিল্যান্ডের চাই ৮ উইকেট, পাকিস্তানের করতে হবে ৩১৯ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে সম্ভাব্য ৯০ ওভার। 

উইকেটের আচরণ এখন বদলে গেছে অনেকটা। স্পিনাররা পাচ্ছেন সহায়তা। পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য তাই কঠিন চ্যালেঞ্জ। 

টম ল্যাথামের পর টম ব্লান্ডেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে নিউ জিল্যান্ড এ দিন দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ২৭৭ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ৪১ রানের। 

৯ উইকেটে ৪০৭ রান নিয়ে বৃহস্পতিবার চতুর্থ দিন শুরু করে পাকিস্তান যোগ করতে পারে স্রেফ ১ রান। প্রথম ওভারে আবরার আহমেদকে এলবিডব্লিউ করে দেন লেগ স্পিনার ইশ সোধি। সৌদ শাকিল অপরাজিত থাকেন ৩৪১ বলে ১২৫ রান করে। 

সোধি ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের প্রাপ্তি ৩টি করে উইকেট। 

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ড ধাক্কা খায় দ্বিতীয় ওভারেই। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে এবার পান গোল্ডেন ডাক এর তেতো স্বাদ। দারুণ এক ডেলিভারিতে বাঁহাতি ব্যাটসম্যানকে বোল্ড করে দেন মির হামজা। 

৩০ বছর বয়সী বাঁহাতি এই পেসার টেস্ট উইকেটের স্বাদ পেলেন ৪ বছরের বেশি সময় পর। ২০১৮ সালের অক্টোবরে অভিষেকে উইকেট একটি পাওয়ার পর আর সুযোগ মিলছিল না তার। ফেরেন এই সিরিজের প্রথম টেস্ট দিয়ে। ওই ম্যাচে দুই ইনিংসের পর চলতি টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন তিনি। 

দ্বিতীয় উইকেটে এরপর কেন উইলিয়ামসনের সঙ্গে ১০৯ রানের বড় জুটিতে দলকে এগিয়ে নেন ল্যাথাম। 

লেগ স্পিনার আবরারের বলে ৩৬ রানে ল্যাথামকে একবার এলবিডব্লিউ দেন আম্পায়ার। বাঁহাতি ব্যাটসম্যান বেঁচে যান রিভিউ নিয়ে। ২৫তম ফিফটি পূর্ণ করেন তিনি ৮৫ বলে, নাসিম শাহকে চার মেরে। 

এরপর দ্রুত ৩ উইকেট হারায় নিউ জিল্যান্ড। 

নাসিমের বলে আবরারের ক্যাচে ল্যাথাম ফেরেন ১০৩ বলে ৬২ রান করে। এক বল পর হেনরি নিকোলসকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার আলিম দার। ব্যাটসম্যান রিভিউ নিয়ে বাঁচেন বল ব্যাটে না লাগায়। 

পরের ওভারে আবরারকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন উইলিয়ামসন। ৪১ রানের ইনিংসের পথে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন নম্বর পজিশনে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাবেক কিউই অধিনায়ক। 

নিকোলস এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান আলিকে পুল করতে গিয়ে ক্যাচ দেন তিনি ৫ রান করে। 

১ উইকেটে ১১৪ রানের শক্ত অবস্থান থেকে সফরকারীদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১২৮। 

সেখান থেকেই পঞ্চম উইকেটে ১২৭ রানের দারুণ এক জুটি উপহার দেন ব্লান্ডেল ও ব্রেসওয়েল। 

ম্যাচে দ্বিতীয় ফিফটিতে কিপার-ব্যাটসম্যান ব্লান্ডেল ৭৪ রান করে ক্যাচ দেন আঘা সালমানের বলে। ১৩৫ বলের ইনিংসটি গড়া ৭ চার ও এক ছক্কায়। 

একটু পরই ইনিংস ঘোষণা করে দেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ব্রেসওয়েল অপরাজিত থাকেন ১১৯ বলে ১১ চারে ৭৪ রান করে। 

রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। সাউদির নিচু হওয়া ডেলিভারিতে বোল্ড হন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। 

আর দিনের শেষ ওভারে ‘নাইটওয়াচম্যান’ হামজাকে বোল্ড করে দেন সোধি। খেলা শেষ সেখানেই। 

সংক্ষিপ্ত স্কোর: 

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৪৯ 

পাকিস্তান ১ম ইনিংস: ১৩৩ ওভারে ৪০৮ (আগের দিন ৪০৭/৯ (শাকিল ১২৫* আবরার ০; সাউদি ২৫-৭-৬২-১, হেনরি ২৮-৯-৫৮-১, এজাজ ১৭-২-৮৮-৩, ব্রেসওয়েল ২৬-৩-৮৭-০, সোধি ২৭-৩-৯৫-৩, মিচেল ১০-৬-১১-১) 

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ৮২ ওভারে ২৭৭/৫ ডিক্লে. (ল্যাথাম ৬২, কনওয়ে ০, উইলিয়ামসন ৪১, নিকোলস ৫, ব্লান্ডেল ৭৪, ব্রেসওয়েল ৭৪*, মিচদল ৬*; নাসিম ১৩-৩-৪৩-১, হামজা ১১-২-৩৮-১, আবরার ৩৩-৬-১০৩-১, হাসান ১১-১-৩৯-১, সালমান ১৪-৩-৪২-১) 

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩১৯) ২.৫ ওভারে ০/২ (শফিক ০, ইমাম ০*, হামজা ০; সাউদি ১-১-০-১, হেনরি ১-১-০-০, সোধি ০.৫-০-০-১)