২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আশা জাগাতে মিরপুরে প্রয়োজন চট্টগ্রামের পুনরাবৃত্তি

সাকিব-তাইজুলের দারুণ বোলিংয়ের পর দলকে লড়াইয়ে রাখার দায়িত্ব এখন ব্যাটসম্যানদের।

শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 10:01 PM

Updated : 23 Dec 2022, 10:32 PM

পশ্চিম আকাশে তখন ঢলে পড়েছে সূর্য, জ্বলে উঠেছে মাঠের ফ্লাডলাইট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের খেলার বাকি ১০ ওভারের বেশি। ব্যাটিংয়ে থাকা বাংলাদেশ দল উপায় খুঁজতে থাকে সময় নষ্ট করার। ভারতের চেষ্টা দিন শেষ হওয়ার আগে যত বেশি ওভার করে নেওয়া, যদি একটি-দুটি উইকেট মেলে!

শেষ বিকেলের এই ছোট্ট লড়াইয়ে জয়টা স্বাগতিকদের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের। কোনো বিপদ ছাড়া দিন পার করে দিতে পেরেছেন তারা। কৃত্রিম আলোয় দিনের খেলার সময় বাড়ানো হলেও সফরকারীদের ৬ ওভারের বেশি করার সময় রাখেনি বাংলাদেশ। উইকেটও সব অক্ষত।

তবে এই জয়টা একদমই প্রাথমিক। কিংবা সাময়িক। আরও বড় চ্যালেঞ্জ সামনে।

ম্যাচের এখনও বাকি তিন দিন। কোনো উইকেট না হারিয়ে ৭ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ভারতের লিড পেরোতে দরকার আরও ৮০ রান। তৃতীয় সকাল থেকে শুরু হবে লড়াই করার মতো পুঁজি দাঁড় করানোর অভিযান।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে তাইজুল ইসলাম বলেন, ভারতকে ২৫০ রানের লক্ষ্য দিতে পারলেও ভালো হবে বলে বিশ্বাস তাদের। সেই লক্ষ্য পূরণ করতে হলে দ্বিতীয় ইনিংসে তাইজুলদের করতে হবে অন্তত ৩৩৭ রান। কাজটি কঠিন। খুব কঠিন। তবে অসম্ভব নয় মোটেও। 

অনুপ্রেরণার রসদ তো হাতের কাছেই আছে। আগের টেস্টে চট্টগ্রামে প্রথম ইনিংসের ব্যর্থতা ঢেকে দ্বিতীয় ইনিংসে ৩২৪ রান তোলে বাংলাদেশ। ফল বিচারে ওই ম্যাচের শেষটা ভালো না হলেও, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই এখন হতে পারে বাংলাদেশের বড় উদাহরণ।  

ভারতের দেওয়া ৫১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষ দিকে নির্বিঘ্নে ১২ ওভার কাটিয়ে দেন জাকির ও শান্ত। সেখান থেকে দুজন মিলে গড়েন ১২৪ রানের জুটি। জাকিরের সেঞ্চুরি ও শান্তর ফিফটির পর সাকিব আল হাসানের ৮৪ রানের ইনিংসে তিনশ ছাড়িয়ে যায় বাংলাদেশ। 

মিরপুরে প্রেক্ষাপট ভিন্ন, চলছে ম্যাচের তৃতীয় ইনিংস। উইকেটের আচরণও ভিন্ন। চট্টগ্রামের তুলনায় উইকেটে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ অনেক বেশি। তবে মিলে গেছে শেষ বিকেলে জাকির-শান্তর লড়াই।  

এ দিন আলো-আঁধারিতে ব্যাটিংয়ে নেমে উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও রবিচন্দ্রন অশ্বিনের ৬ ওভার কাটানোর চ্যালেঞ্জ খবি সহজ কিছু ছিল না। কিন্তু দৃঢ়তার ছাপ রেখে এখানে সফল বাংলাদেশের দুই ওপেনার।  

তৃতীয় দিন এই দুজনকে শুরু করতে হবে নতুন করে। পৌষের কুয়াশাভেজা সকালে ব্যাটসম্যানদের কাজ কতটা কঠিন, তার প্রমাণ পাওয়া গেছে ভারতের প্রথম ইনিংসে। দ্বিতীয় দিন প্রথম সেশনে স্রেফ ৬৭ রান তুলতে ৩ উইকেট হারায় সফরকারীরা।  

তাই আরও একবার দায়িত্ব নিয়ে দলকে নিরাপদ জায়গায় রাখার কাজটি করতে হবে জাকির-শান্তকে। ম্যাচের প্রথম ইনিংসে তাদের দুজনেরই শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু উইকেটে থিতু হয়েও অল্পে থামেন তারা। প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেওয়ার পর স্রেফ চার বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান জাকির ও শান্ত। 

সেই হতাশার অধ্যায় পেছনে ফেলে দ্বিতীয় সুযোগ দুই হাতে লুফে নেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। শুধু জাকির বা শান্ত নন, প্রথম ইনিংসে একই ভুল করেছেন ব্যাটিং অর্ডারের ওপরের দিকের সবাই। প্রত্যেকেই খেলেছেন ২৫ বল বা তার বেশি,  ক্রিজে অনেকটা সময় কাটিয়েছেন সবাই। কিন্তু বড় স্কোর করতে পারেননি কেউই।  

ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ভারতের ইনিংসে ফিল্ডাররাও ছেড়েছেন একের পর এক সুযোগ। তবু তাইজুল ও সাকিব আল হাসানের স্পিনে ভারতকে ৩১৪ রানে আটকে রেখেছে বাংলাদেশ। যা স্বাগতিকদের টিকিয়ে রেখেছে ম্যাচে।  

বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করে আসছেন নিয়মিতভাবেই। যেখানে ব্যাটসম্যানরা ব্যর্থ বেশির ভাগ সময়ই। আরও একবার চ্যালেঞ্জ তাদের সামনে। তারা যতটা পারবেন, ম্যাচে ততটাই জিইয়ে থাকবে বাংলাদেশের সম্ভাবনা।