‘ফাইনাল’ মাথায় রেখে চট্টগ্রামে আগ্রাসী ক্রিকেট খেলবে ভারত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেও ফাইনাল খেলার জন্য মরিয়া ভারত
পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। কোহলির ছন্দময় ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই থাকে আক্রমণাত্মক শটের পসরা। পুজারা সাধারণত থাকেন খোলসবন্দী, খেলেন রয়েসয়ে। চট্টগ্রামের নেটে তাকেও দেখা গেল হাত খুলে মারতে। পরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল শোনালেন আগ্রাসনের বার্তা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার ভারতীয় দলের অনুশীলনে রাহুল নিজেও ছিলেন বেশ আক্রমণাত্মক। বিশেষ করে, স্পিনারদের বলে চড়াও হতে দেখা যায় তাকে। কোহলি-রাহুলদের পরে নেটে আসা রিশাভ পান্ত তো বলা যায় টি-টোয়েন্টির ব্যাটিং অনুশীলন করে গেলেন। নিজের সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরোটাই নেট সেশনে ঝালিয়ে নিলেন এই কিপার-ব্যাটসম্যান।
ভারতের ব্যাটসম্যানদের অনুশীলনে ফুটে ওঠা এই আগ্রাসী মনোভাব মাঠেও চিত্রায়িত করার উপযুক্ত জায়গা বলা যায় চট্টগ্রামের মাঠকে। রানপ্রসবা ভেন্যু হিসেবে এর পরিচিতি রয়েছে। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ সোমবার সংবাদ সস্মেলনে বলে গেলেন, বাংলাদেশে কেবল এই মাঠই ব্যাটিং স্বর্গ।
গত মে মাসে সাগরিকায় সবশেষ টেস্ট ম্যাচটি চতুর্থ ইনিংসে গড়ানোর আগেই অমীমাংসিত অবস্থায় সমাপ্তি ঘটে। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। পরে দ্বিতীয়বারে বাংলাদেশ ৬ উইকেটে ২৬০ রান করলে ড্র মেনে নেয় দুই দল। এছাড়া নিয়মিতই বড় বড় স্কোরের দেখা মেলে চট্টগ্রামে। সবমিলিয়ে বাংলাদেশে ৫০০’র বেশি দলীয় সংগ্রহ দেখা গেছে ২৮ বার। এর মধ্যে ৯ বারই এটি হয়েছে চট্টগ্রামের মাঠে।
অবশ্য অতীত ইতিহাস বা পরিসংখ্যান মাথায় রেখে নামতে চায় না ভারত। বাংলাদেশের খেলার ধরন ও পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনা করে নিজেদের পরিকল্পনা সাজানোর কথা বলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। পাশাপাশি সংবাদ সম্মেলনে রাহুল নিশ্চয়তা দিয়ে যান, চট্টগ্রামের মাঠে আগ্রাসী ক্রিকেট খেলবে তার দল।
“(চট্টগ্রাম) আমরা আগে থেকেই নির্দিষ্ট কোনো মানসিকতা নিয়ে নামব না। হ্যাঁ অতীত পরিসংখ্যান ও রেকর্ড থেকে কিছু তথ্য তো নেওয়া হবেই। তবে দুই দলই কীভাবে খেলছে, সেটি গুরুত্বপূর্ণ। আমরা সাহসী ও আগ্রাসী মনোভাবে ধরে রেখে ফল আনার চেষ্টা করব।”
“তবে খেলা তো পাঁচদিনের। সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্যে ভাগ করে সেগুলো অর্জনের চেষ্টা করতে হবে। প্রতিটি সেশনে দলের চাহিদা ভিন্ন থাকবে, সেগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তবে এটা নিশ্চিত থাকতে পারেন, আপনারা আমাদের দলের কাছ থেকে অনেক আগ্রাসী ক্রিকেট দেখবেন।”
টেস্ট ক্রিকেট ও আগ্রাসন নিয়ে যখন আলোচনা, অবধারিতভাবেই তখন চলে আসবে ইংল্যান্ড। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটের ধারা পাল্টে দেওয়া দল এখন বিপ্লব এনেছে টেস্ট ব্যাটিংয়েও। ব্রেন্ডন ম্যাককালামের কোচিং আর বেন স্টোকসের অধিনায়কত্বে মারকুটে ব্যাটিংয়ের চোখধাঁধানো প্রদর্শনীতে তারা বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের চিরায়ত চরিত্র।
ইংলিশদের এমন ক্রিকেটের রোমাঞ্চ ছুঁয়ে গেছে রাহুলকেও। তবে সেই রোমাঞ্চে নিজেরা পুরোপুরি ডুব দিতে চান না।
“এটা (ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট) দেখার জন্য দারুণ রোমাঞ্চকর। পাকিস্তানের সঙ্গে দুটি ম্যাচ... আমি খেলা দেখেছি। এভাবে টেস্ট খেলতে দেখে খুবই উপভোগ করছি। ভয়ডরহীন, আগ্রাসী ক্রিকেট। ওদের জন্য এটা খুবই কার্যকর হচ্ছে।
"তবে প্রতিটি দলেরই নিজস্ব পথ আছে। যেসব দল ভালো করছে, তাদের কাছ থেকে আমরা সবাই শিখতে পারি। তারা কীভাবে পারফর্ম করছে, তাদের জন্য কী কাজে দিচ্ছে।"
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত আছে এখন চারে। সেখান থেকে ফাইনাল খেলাটা সহজ হবে না তাদের জন্য। তবে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টেই জয় পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।
"সবসময় একই মানসিকতায় এগোনো যায় না। কোথায় আছি, কন্ডিশন কেমন (এগুলো মাথায় রাখতে হবে হবে)…। টেস্ট চ্যাম্পিয়নশিপের (ফাইনালে যাওয়ার) ব্যাপার আছে। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি আমাদের অবস্থান কোথায়, ফাইনালে যেতে কী করতে হবে।"
"নির্দিষ্ট দিনে সবকিছু বিবেচনা করব। এটা টেস্ট ক্রিকেট- প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাওয়া বিবেচনা করতে হবে। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে উপভোগ করতে হবে।"
