২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ইংল্যান্ডের জন্য কঠিনতম চ্যালেঞ্জ হবে ভারত সফর’

ভারত ও ইংল্যান্ডের সিরিজটি বেশ বিনোদনদায়ক হতে যাচ্ছে বলে বিশ্বাস ইংলিশ সাবেক পেসার স্টিভেন ফিনের।

‘ইংল্যান্ডের জন্য কঠিনতম চ্যালেঞ্জ হবে ভারত সফর’

ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন ফিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 09:13 PM

Updated : 18 Jan 2024, 09:34 PM

ভারতকে তাদের ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজ হারানো দল ইংল্যান্ড। প্রায় এক যুগ পর তেমন কিছুর পুনরাবৃত্তি করতে আত্মবিশ্বাসী দারুণ ছন্দে থাকা দলটি। তবে সাবেক ইংলিশ পেসার স্টিভেন ফিন মনে করছেন, এবারের সফরটি তার উত্তরসূরিদের জন্য হবে ভীষণ চ্যালেঞ্জিং। 

অ্যালেস্টার কুকের নেতৃত্বে ২০১২-১৩ মৌসুমে ভারতের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড, ২-১ ব্যবধানে। পরের দুই দফায় এশিয়ার দেশটিতে সফর করে বেশ বাজেভাবেই হারে তারা; ২০১৬-১৭ মৌসুমে ৫ ম্যাচের সিরিজ ৪-০তে এবং ২০২০-২১ মৌসুমে ৪ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে। 

তবে এবারের ইংল্যান্ড দলটিকে আলাদাভাবেই দেখা হচ্ছে। নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ২০২২ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর এবং অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে নতুন ঘরানায় টেস্ট খেলছে তারা। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’ সঙ্গে মিলিয়ে যার নাম দেওয়া হয়েছে ‘বাজবল।’ 

টেস্ট ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই কৌশলে গত কয়েক বছরে দারুণ সব সাফল্য পেয়েছে ইংল্যান্ড। পাশাপাশি কিছু ব্যর্থতাও সঙ্গী হয়েছে তাদের। তবে নিজেদের ধরন থেকে নড়েনি দলটি। 

সবশেষ অ্যাশেজেই যেমন, প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজটি ইংল্যান্ড ২-২ সমতায় শেষ করেছে। জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়া বিপক্ষে সেই লড়াইয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে আবার টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদে শুরু হবে ভারতের বিপক্ষে তাদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। 

ভারতে এক যুগ আগে সিরিজজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ফিন। দেশের হয়ে ৩৬ টেস্ট খেলা এই পেসার স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপাকালে বলেন, দল হিসেবে কোথায় আছে ইংল্যান্ড, সেটার প্রমাণ মিলবে ভারত সিরিজে। 

“কোনো সন্দেহ নেই যে, এটা (ভারত সফর) ইংল্যান্ড দলের জন্য কঠিনতম চ্যালেঞ্জ হবে। যখন ভারতে যাবে এবং বিরুদ্ধ কন্ডিশনের মুখোমুখি হবে, আমার মনে হয় তখন বোঝা যায় সত্যিকার অর্থে দল কোথায় আছে।” 

“ইংল্যান্ড দল যেভাবে খেলছে, তারা এই সিরিজটি অন্যভাবে মোকাবেলা করার চেষ্টা করবে, যা এর আগে কেউ করেনি। আর দেখার জন্য এটা হতে যাচ্ছে বিনোদনদায়ক। শেষ পর্যন্ত এটা ভিন্ন ফল বয়ে আনবে কি না, জানি না।” 

ঘরের মাঠে টানা ১৬ টেস্ট সিরিজ অপরাজেয় ভারত। এখানে তাদেরকে হারানো যেকোনো দলের জন্যই বেশ কঠিন কাজ।