রেকর্ড গড়েও তৃপ্তি নেই, রাজার ভাবনাজুড়ে ‘দেশ ও মানুষের প্রতি প্রতিজ্ঞা’
ব্যক্তিগত পারফরম্যান্স যতই উজ্জ্বল হোক, জিম্বাবুয়ে ক্রিকেটের ভাগ্য বদলানোর আগ পর্যন্ত ক্রিকেটে কোনো কিছু উপভোগ করবেন না সিকান্দার রাজা।
‘ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স, অনেক দিন ধরেই ফর্ম দারুণ, নিজের ক্রিকেট নিশ্চয়ই উপভোগ করছেন?’-ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জিজ্ঞেস করলেন সঞ্চালক। প্রশ্ন শুনে এক মুহূর্ত চুপ করে থাকলেন সিকান্দার রাজা। একটুও হাসি নেই তার মুখে। একটু থমকে থেকে পাথুরে মুখেই শোনালেন, দল না জিতলে নিজের পারফরম্যান্সের কোনো মূল্য তার কাছে নেই। এই অলরাউন্ডার দৃঢ় কণ্ঠে বললেন, জিম্বাবুয়ের ক্রিকেটের ভাগ্য বদলানোর আগ পর্যন্ত কোনো ক্রিকেটানন্দ নেই তার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন রাজা। মন্থর উইকেটেও ৪২ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। তাতে দারুণ এক রেকর্ডও ধরা দেয় তার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ৫ ইনিংসে ফিফটি করা প্রথম ব্যাটসম্যান তিনিই। পেছনে পড়ে যায় টানা ৪ ইনিংসে ফিফটি করা অন্য ৬ ব্যাটসম্যান।
এরপর বল হাতেও রাজা ছিলেন ম্যাচের সেরা পারফর্মার। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভেঙে দেন শ্রীলঙ্কার মিডল অর্ডার। ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লঙ্কানরা। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি জিম্বাবুয়ে।
শেষ ৪ ওভারে ৪৬ রানের সমীকরণ মিলিয়ে শেষ বলের ফয়সালায় জিতে যায় শ্রীলঙ্কা। সম্ভাবনা জাগিয়েও জিততে না পেরে আরও একবার হৃদয় ভাঙার যন্ত্রণায় মাঠ ছাড়েন রাজারা।
এটা অবশ্য নতুন কিছু নয়। গত প্রায় দুই বছর ধরেই সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ পারফর্ম করছেন রাজা। কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য এই সময়টা ছিল দুঃস্বপ্নের মতো। দেশের মাঠে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব দুর্দান্ত শুরু করেও শেষ সময়ে পথ হারিয়ে বিশ্বকাপ খেলতে পারেনি তারা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আফ্রিকান অঞ্চলে নামিবিয়া ও উগান্ডার কাছে হেরে ছিটকে পড়ে তারা।
এরপর জিম্বাবুয়ের ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এসেছে। কিন্তু শেষ সময়ে খেই হারানোর সেই ধারা বদলায়নি। শ্রীলঙ্কার কাছে হারের পর সেই আক্ষেপই ফুটে উঠল রাজার কণ্ঠে। এই দলের ওপর অবশ্য ভরসা হারাচ্ছেন না জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক।
“বেশ অনেক দিন ধরে এটিই জিম্বাবুয়ের ক্রিকেটের গল্প (কাছে গিয়েও হার)। তবে ভালো ব্যাপার হলো যে, দলের সবাই উপলব্ধি করতে পারে, নিজেদের ভাগ্য পরিবর্তনের দায় আমাদেরই। দল আজকে যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। তবে দুর্ভাগ্যজনকভাবে এটা সেরকম ম্যাচগুলিরই একটি, যেটা শেষ বল পর্যন্ত গড়িয়েছে এবং আমরা শেষ পর্যন্ত সেরা হতে পারিনি।”
“আমার মনে হয়, কখনও কখনও আগের পরাজয়গুলির ভূত আমাদের তাড়া করে। তবে তার পরও আমি আত্মবিশ্বাসী যে, এই ছেলেরাই জিম্বাবুয়ে ক্রিকেটের ভাগ্য বদলে দেবে।”
ম্যাচের নানা অংশের কথা হয়ে এক পর্যায়ে তার ব্যক্তিগত পারফরম্যান্সের প্রসঙ্গ আসে। ম্যাচের একমাত্র ফিফটি তার ব্যাট থেকে এসেছে। একমাত্র তিন উইকেট শিকারি বোলার তিনি। ম্যাচের সবচেয়ে মিতব্যয়ী বোলারও তিনিই। সঞ্চালক জানতে চান, নিজের ফর্ম তিনি কতটা উপভোগ করছেন। তখনই রাজা তুলে ধরলেন তাদের প্রতিজ্ঞা কথা।
“দেখুন স্যার, ম্যাচ যদি জিততে পারতাম, তাহলে আরও অনেক বেশি উপভোগ করতে পারতাম। আমার ব্যক্তিগত আনন্দ তখনই আসে, যখন দল জেতে। আমার ব্যক্তিগত উপভোগের ব্যাপার আসবে যদি আমরা জিম্বাবুয়ের ক্রিকেটকে ঘুরে দাঁড় করাতে পারি। এই প্রতিজ্ঞা আমরা দেশের প্রতি করেছি, এই প্রতিজ্ঞা আমরা দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি করেছি। ঘুরে দাঁড়ানোর আগ পর্যন্ত উপভোগের ব্যাপার বলে কিছু নেই।”
ঘুরে দাঁড়ানোর সেই লড়াইয়ে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে রাজার দল।
