২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সমর্থকদের ‘চুপ করিয়ে দিতে পেরে’ খুশি ব্রুক

আইপিএলে প্রথম তিন ম্যাচে ভালো না করায় তুমুল সমালোচনার শিকার হচ্ছিলেন ১৩ কোটি ২৫ লাখ রুপিতে দল পাওয়া এই ইংলিশ ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 12:10 PM

Updated : 15 Apr 2023, 02:13 PM

মাত্রই তিনটি ম্যাচের ব্যর্থতা। কিন্তু এতেই জীবন প্রায় দুর্বিসহ হয়ে উঠছিল হ্যারি ব্রুকের। আইপিএলে বিদেশি ক্রিকেটারদের কাছে প্রত্যাশা এমনিতেই বেশি থাকে। নিলামের টেবিলে ঝড় তোলা কেউ হলে তো কথাই নেই। সেই উত্তাপই টের পাচ্ছিলেন ব্রুক। শেষ পর্যন্ত নিজের সঙ্গে বোঝাপড়া করে অবশেষে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরির পর এই ইংলিশ ব্যাটসম্যান বললেন, তৃপ্তি পাচ্ছেন তিনি ভারতীয় সমর্থকদের জবাব দিতে পেরে।

এই সময়ের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে আলোচিত নামগুলির একটি ব্রুক। বিশেষ করে আলোড়ন তুলেছেন তিনি টেস্ট ক্রিকেটে আবির্ভাবেই। ৬ টেস্ট খেলেই করে ফেলেছেন ৪টি সেঞ্চুরি, সবকটিই দেশের বাইরে। সঙ্গে ফিফটি আছে আরও ৩টি। টেস্টে তার গড় এখন ৮০.৯০। রান করে চলেছেন তিনি সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে আপোস না করেই। টেস্টে তার স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ৯৮.৭৭!

তবে শুধু সাদা পোশাকে নয়, আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টিতেও তার রেকর্ড দারুণ। এবারের আইপিএলের নিলামে তাই তাকে নিয়ে ছিল কাড়াকাড়ি। শেষ পর্যন্ত ১৩ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে পায় সানরাইজার্স হায়দরাবাদ।

তবে আইপিএলে নিজের শুরুটায় ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ব্রুক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আইপিএল অভিষেক। চারে নেমে সেদিন ১৩ রান করেন ২১ বল খেলে। পরের ম্যাচে পাঁচে নেমে ফেরেন ৩ রানে। তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে তুলে আনা হয় তাকে। এবার করেন ১৪ বলে ১৩।

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শুক্রবার ইডেন গার্ডেনসে ওপেন করতে নেমে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ১২ চার ও ৩ ছক্কায়। টি-টোয়েন্টি ক্রিকেটে যা তার দ্বিতীয় সেঞ্চুরি।

দলের ২৩ রানের জয়ে এ দিন ম্যাচ সেরার স্বীকৃতিও পান ব্রুক। পরে তিনি শোনান তার কয়েক দিনের লড়াইয়ের গল্প। সেখান থেকে উত্তরণের পথও তিনি বের করে নিয়েছেন নিজেই।

“প্রথম কয়েক ম্যাচের পর সত্যি বলতে নিজের ওপর একটু চাপই নিয়ে ফেলেছিলাম। সামাজিক মাধ্যমে ঢুকলেই দেখতাম লোকে আমাকে বলছে ‘রাবিশ।’ নিজেকে নিয়েও সংশয় জাগে এসব মুহূর্তে।”

“তবে আজকে আমি মাঠে নেমেছিলাম ‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে। সৌভাগ্যবশত কাজে লেগেছে। এটাই আসলে সবচেয়ে সেরা পথ (জবাব দেওয়ার)। ভারতীয় সমর্থকদের অনেকেই আজকে আমাকে বলবেন ‘ওয়েল ডান।’ তারাই কয়েকদিন আগে আমাকে তুলাধুনা করছিলেন। তাদেরকে চুপ করিয়ে দিতে পেরে সত্যি বলতে আমি খুশি।”

টেস্ট ক্রিকেটে তিনি সাড়া ফেলেছেন ৫ নম্বরে ব্যাট করে। আইপিএলেও শুরু করেছিলেন মিডল অর্ডারেই। তবে এখন তিনি উপভোগ করছেন ওপেনিং।

“অনেকেই বলেন যে, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সেরা সময় ওপেনিং। স্রেফ দুজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকে। আমি অবশ্য যে কোনো জায়গায় ব্যাট করতে পারলেই খুশি। যদিও নিজের নাম করেছি আমি ৫ নম্বরে ব্যাট করেই, টি-টোয়েন্টিতেও এখানে ভালো করেছি। তবে দলের যে কোনো প্রয়োজন মেটাতে পারলেই খুশি আমি।”