গুরুত্বপূর্ণ ম্যাচে যে কারণে ব্যাটিং করেননি সাকিব
দুর্দান্ত ফর্মে থাকার পরও এলিমিনেটর ম্যাচে ব্যাটিংয়ে নামেননি বরিশাল অধিনায়ক, পর্যাপ্ত রান করতে না পেরে বিদায় নিয়েছে তার দল।
তিন নম্বরে দেখা গেল না সাকিব আল হাসানকে। নামলেন না তিনি চারেও। এমনকি পাঁচ নম্বরেও নয়। বরিশাল অধিনায়ককে শেষ পর্যন্ত ব্যাটিংয়েই দেখা গেল না! দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে না নামা জন্ম দেয় অনেক প্রশ্ন আর বিস্ময়ের। ম্যাচের পর দলের কোচ নাজমুল আবেদীন জানালেন, সিদ্ধান্ত ছিল স্বয়ং সাকিবেরই। সিদ্ধান্তের পেছনের ভাবনাও ব্যাখ্যা করলেন কোচ।
এবারের বিপিএলে সাকিব যেভাবে ব্যাট করেছেন, তার ক্যারিয়ারে খুব কম সময়ই এই সংস্করণে এতটা আগ্রাসী দেখা গেছে তাকে। ৪১.৬৬ গড় ও ১৭৪.৪১ স্ট্রাইক রেটে ৩৭৫ রান তার, তখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। কিন্তু ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে রোববার তিনি ব্যাটিংয়েই নামেননি।
রংপুর রাইডার্সের সঙ্গে ‘এলিমিনেটর’ ম্যাচে বরিশালের ইনিংস শুরু করেন মেহেদী হাসান মিরাজ ও দলে নতুন যোগ দেওয়া আন্দ্রে ফ্লেচার। ষষ্ঠ ওভারে ফ্লেচার আউট হওয়ার পর ক্রিজে যান মাহমুদউল্লাহ। ৪৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৬৯ রানের জুটি গড়েন মিরাজ ও মাহমুদউল্লাহ।
এই জুটি থামে চতুর্দশ ওভারে। বরিশাল তখন বড় রানের পথে। নতুন ব্যাটসম্যানের জন্য ঝড় তোলার মঞ্চ ছিল প্রস্তুত। ফর্মে থাকা সাকিব তখন উইকেটে না গিয়ে পাঠিয়ে দেন করিম জানাতকে। তিনিও যথেষ্ট আগ্রাসী ব্যাটসম্যান, তবে সাধারণত ব্যাট করেন লোয়ার মিডল অর্ডারে।
৪৮ বলে ৬৯ রান করে মিরাজ ষোড়শ ওভারে আউট হওয়ার পরও সাকিব নামেননি। তখন ক্রিজে পাঠানো হয় একদিন আগে দলে যোগ দেওয়া ভানুকা রাজাপাকসাকে। জানাত কিংবা রাজাপাকসা, কেউ প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি। একসময় ১৯০, এমনকি দুইশ রানের সম্ভাবনাও ছিল বরিশালের। ১৩ ওভার শেষে দলের রান ছিল ১ উইকেটে ১১৪। কিন্তু শেষ ৭ ওভারে তারা করতে পারে স্রেফ ৫৬ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বরিশাল কোচ নাজমুল আবেদীন জানালেন, রানের গতি বাড়ানোর ভাবনা থেকেই জানাত ও রাজাপাকসাকে আগে নামানো হয়েছিল।
“এত ভালো একটি প্ল্যাটফর্ম পাওয়ার পর ওর (সাকিব) মাথায় বোধহয় এটি কাজ করেছিল যে, রাজাপাকসা বা করিমকে আগে পাঠিয়ে ফ্রি করে দিলে, ওরা যদি মুক্তভাবে খেলে, যত রানই করুক না কেন, সেটা যদি ভালো গতিতে করতে পারে, দলের কাজে আসবে তা। ও শেষে গিয়ে ওর কাজটি করবে। তবে আমার মনে হয় না, সেই পরিকল্পনা কাজে দিয়েছে।”
“করিমকে বা রাজাপাকসাকে আগে পাঠিয়ে আমরা যেটি প্রত্যাশা করেছিলাম, ওরা তা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক বা প্রতিপক্ষের ভালো বোলিংয়ের কারণে হোক কিংবা ওদের নিজস্ব ইন্টেন্টের অভাবে, ওরা করতে পারেনি। সে কারণেই আমরা পিছিয়ে গেছি। উদ্বোধনী জুটি বা তার পরে যে ভিত্তি আমাদের গড়া হয়েছিল, আমাদের সুযোগ ছিল প্রায় ১৯০ বা তা ছাড়িয়ে যাওয়ার। সেই ব্যাটিং শক্তি আমাদের ড্রেসিং রুমে ছিল। কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।”
বরিশালের কোচ নিশ্চিত করলেন, সিদ্ধান্তটি সাকিবের নিজেরই ছিল।
“অধিনায়কেরই সিদ্ধান্ত থাকে সাধারণত। এমন হতে পারে যে আমাদের সঙ্গে আলাপ করে নেয়। কিন্তু ও কমফরটেবল ফিল করছিল যে ওরা ভালো খেলোয়াড়, ওরা গিয়ে যদি দু-এক ওভারে রান বাড়িয়ে দিয়ে আসতে পারে… আমাদের সেরকম অবস্থা ছিল যে দু-এক উইকেট হারালে অসুবিধা হতো না। কিন্তু সেই সুযোগ আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি।”
তবে অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে কোচ যে একমত ছিলেন না, সেটিও ফুটে উঠল তার পরের কথায়।
“আমার মনে হয়, সাকিব এখন যেভাবে ব্যাটিং করছে, বিশেষ করে এই উইকেটে এবং এমন পরিস্থিতিতে, যেখানে এত ভালো প্ল্যাটফর্ম, সাকিবের চেয়ে ভালো কোনো অপশন আমার মনে হয় না আছে। খুব ভালো হতো, ও যদি নিজে খেলত এবং নিজের মতো করে খেলত, সেটা আমাদের জন্য বোধহয় ভালো হতো। একটা হয়তো সাকিবেরও এখন উপলব্ধি হচ্ছে। যেটা হয়ে গেছে, এখন আর আমরা ফেরত আনতে পারব না। তবে এটা একটা শিক্ষা।”
শুধু ব্যাটিং নয়, সাকিবে বোলিংয়ের একটি সিদ্ধান্তও এ দিন ছিল প্রশ্নবিদ্ধ। বল হাতে এ দিন তিনি দুর্দান্ত ছিলেন। প্রথম ওভারেই মেইডেন উইকেট দিয়ে শুরু করেন। প্রথম দুই ওভারে ৬ রান দেওয়ার পর পাওয়ার প্লেতে আরও একটি ওভার বোলিংয়ে আসেন। সেই ওভারে রনি তালুকদারের ব্যাটে চার-ছক্কাসহ হজম করেন তিনি ১৫ রান।
পরে নিজের চতুর্থ ওভারটি শেষ করে দেন তিনি ১১ ওভারের মধ্যে। শেষ দিকে চাপের সময়টায় তার অভিজ্ঞতা ও নির্ভরতার ছায়া পায়নি দল। বরিশালের কোচ ব্যাখ্যা করলেন সেই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপটও।
“এটা বোধহয় ভাবনায় ছিল যে, পাওয়ার প্লেতে আমরা বেশি রান দেব না। ২ ওভারে সাকিব খুব কম রান দিয়েছিল। এটাই হয়তো ওকে অনুপ্রাণিত করেছিল যে, পাওয়ার প্লেতে আমরা খুব কম রান দিয়ে ফেলি। তবে যেটা হয় যে, একই বোলার বারবার বল করতে থাকলে, ব্যাটসম্যানের জন্য সহজ হয়ে যায়। প্রথমে ব্যাটসম্যানরা একটু ধুঁকল, মানিয়ে নিতে সমস্যা হলো, তবে পরে শেষ ওভারে কিন্তু যথেষ্ট রান দিয়েছে।”
“তবে আজকে যেহেতু আমাদের আরেকজন বাঁহাতি স্পিনার ছিল আজকে, এটাও একটা কারণ হতে পারে যে আগেই বল করে নিতে সাকিব দ্বিধাবোধ করেনি, কারণ সানজামুল ছিল, পরে ওকে ব্যবহার করার সুযোগটা আজকে আমাদের ছিল।”
