২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাশেজে দর্শকদের বাজে আচরণ সীমা ছাড়িয়ে যায়’

কেবল ইংল্যান্ডে নয়, অস্ট্রেলিয়াতেও এমন ঘটনা ঘটে, বললেন উসমান খাওয়াজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 06:36 PM

Updated : 17 Jul 2023, 07:01 PM

কোনো দল বা খেলোয়াড়কে উদ্দেশ্য করে দর্শকদের দুয়ো দেওয়া কিংবা বাজে মন্তব্য করা ক্রীড়াঙ্গনে নতুন কিছু নয়। তবে সবকিছুর একটা সীমা থাকা উচিত বলে মনে করেন উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ান এই টপ অর্ডার ব্যাটসম্যানের মতে, অ্যাশেজে দর্শকদের খারাপ আচরণ মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে।

ইংল্যান্ডে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটে অপ্রীতিকর এক কাণ্ড। লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোকে ‘কিছুটা অস্বাভাবিকভাবে’ স্টাম্পিং করা নিয়ে অস্ট্রেলিয়া দলের কয়েকজন খেলোয়াড়কে পড়তে হয় দর্শকদের তোপের মুখে।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে লাঞ্চ বিরতির সময় লর্ডসের লং রুম দিয়ে ড্রেসিং রুমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দুয়ো দেয় এমসিসির সদস্যদের কয়েকজন। কারো কারো মন্তব্য ছিল বেশ বাজে।

তাদের আচরণ এতটাই খারাপ ছিল যে এক পর্যায়ে একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডেভিড ওয়ার্নার ও খাওয়াজা। নিরাপত্তাকর্মীরা এসে সামাল দেন উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে এমসিসি।

ক্রিকেটারদের উদ্দেশ্য করে দর্শকদের বাজে কথা-বার্তা, আচরণ একদমই পছন্দ নয় খাওয়াজার। অল্প বয়সীদের ওপর এসব বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি।

“ব্যক্তিগতভাবে, আমি যদি ক্রিকেট ম্যাচ দেখতে আসি, তাহলে আমি চাইব না আমার সন্তানরা যেন এমন কিছুর সাক্ষী হয়। কেউ বাজে মন্তব্য করছে, এমন কিছু দেখলে আমি অবশ্যই অভিযোগ করব কিংবা সেখান থেকে চলে যাব। আমার মতে, খুব বাজে কিছু কথা বলা হয়। এজবাস্টনে তারা ট্রাভিস হেডকে গালি দিয়েছিল। আমার বিশ্বাসই হচ্ছে না যে, অনেক মানুষের মধ্যেও এমন সব কথা কেউ বলতে পারে।”

শুধু ইংল্যান্ডেই নয়, অ্যাশেজে খেলোয়াড়দের উদ্দেশ্য করে দর্শকদের বাজে আচরণ সীমা ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়ায়ও। খাওয়াজার মতে, এসব মেনে নেওয়া কঠিন।

“ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে এসব বললে তারা পাল্টা অভিযোগ করবে, (অস্ট্রেলিয়ায় গেলে) তারাও এমন কঠিন পরিস্থিতির মুখে পড়ে। এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় না, এটা করা ঠিক।”

ওল্ড ট্র্যাফোর্ডে আগামী বুধবার শুরু অ্যাশেজের চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজটিতে এখন ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।