২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দর্শকদের দুয়োকে স্বাভাবিকই মনে করছেন ইতালি কোচ

টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া ইতালি রবের্তো মানচিনির কোচিংয়ে নতুন শুরুতেও মুখ থুবড়ে পড়েছে আবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 01:22 PM

Updated : 26 Sep 2026, 01:22 PM

৭০ হাজার আসনের স্টেডিয়ামে দর্শক ছিলেন ৪৭ হাজার ১৫৫ জন। অল্পসংখ্যক কিছু ছাড়া সবাই ইতালি সমর্থক। কিন্তু ম্যাচজুড়ে হতাশ হতে হলো তাদের। ম্যাচের শেষ বাঁশি বাজতেই গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর সুর। রবের্তো মানচিনি অবশ্য দর্শকদের এই প্রতিক্রিয়াকে আলিঙ্গন করেই নিচ্ছেন। ইতালির কোচের মতে, দল হারলে দুয়ো পেতেই হবে!

টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া ইতালির দুঃসময় কাটছেই না। মানচিনিতে দায়িত্বে ফিরিয়ে সুদিন ফেরানোর আশায় আছে তার। কিন্তু নতুন শুরুতেই দল সেই পুরোনো চেহারাতেই। নেশন্স লিগের ম্যাচে শুক্রবার বেলজিয়ামের কাছে হেরেছে তারা ২-০ গোলে।

ম্যাচজুড়েই টাচলাইনে বারবার হতাশা প্রকাশ করতে দেখা গেছে মানচিনিকে। কখনও তার চেহারায় ছিল অসহায়ত্বের ছাপ।

ম্যাচ শুরুর মিনিট বিশেক পর বেলজিয়াম এগিয়ে যেতেই ইতালির সমর্থকেরা শিস দিতে শুরু করেন। প্রথমার্ধে বারবার ভেসে আসে সেই সুর। দ্বিতীয়ার্ধের অবশ্য গুছিয়ে নিয়ে দারুণ কিছু আক্রমণ করে ইতালি। কিন্তু গোল আদায় করতে পারেনি মানচিনির দল। উল্টো হজম করে আরেকটি গোল। ম্যাচ শেষে হতেই তীব্র হয় দুয়োধ্বনি।

ম্যাচের পর সেই প্রসঙ্গে মানচিনি বললেন, “হারলে তো কেউই আসলে খুশি হয় না। হারের পর দুয়োধ্বনি শুনতে হয়। এটাই স্বাভাবিক।”

এই ম্যাচের স্কোয়াডে তরুণ বেশ কজন ফুটবলারকে জায়গা দিয়েছিলেন মানচিনি। তবে শেষ পর্যন্ত শুরু একাদশে আটজনই ছিলেন এমন ফুটবলার, ব্যর্থ বিশ্বকাপ বাছাইপর্বে যারা নিয়মিত খেলেছেন।

গোলের সুযোগ হাতছাড়া করার পাশাপাশি নিজেদের ভুলে গোল খাওয়াকেই দায় দিলেন কোচ।

“প্রথমার্ধে বেলজিয়াম আমাদের চেয়ে ভালো খেলেছে কিন্তু দ্বিতীয়ার্ধে তারা হিমশিম খেয়েছে। আমরা সমতা ফেরাতে পারতাম, সুযোগ ছিল। দ্বিতীয় গোলের আগ পর্যন্ত আমাদেরই দাপট ছিল। কিন্তু নিজেদের ভুলের কারণেই গোল খেয়েছি। বেলজিয়াম দুর্দান্ত দল এবং তারা ভালো খেলেছে।”

মানচিনির কোচিংয়েই ২০২১ ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২৩ সালে আচমকা তিনি এই দায়িত্ব ছেড়ে সৌদি আরবের কোচের দায়িত্ব নেন। সেখানে অবশ্য এক বছরের একটু বেশি সময় পরই বিদায় নিতে হয়। গত জুলাইয়ে তাকে আবার দায়িত্বে ফেরায় ইতালি।

নেশন্স লিগে পরের ম্যাচে সোমবার ইতালি লড়বে তুরস্কের বিপক্ষে।