২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসন্তোষজনক’ পিচ, ডিমেরিট পয়েন্ট পেল মিরপুর

বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের উইকেট অপ্রস্তুত মনে হয়েছে ম্যাচ রেফারির কাছে, শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

‘অসন্তোষজনক’ পিচ, ডিমেরিট পয়েন্ট পেল মিরপুর

টেস্ট শুরুর আগে উইকেট পর্যবেক্ষণ করছিলেন কিউরেটর গামিনি সিলভা, বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চান্দিকা হাথুরুসিংহে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 06:21 PM

Updated : 12 Dec 2023, 07:02 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সদ্য সমাপ্ত বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্টের উইকেট ‘অসন্তোষজনক’ বলে রায় দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারির প্রতিবেদনের ভিত্তিতে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এই ভেন্যুকে।

দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিসিয়ালদের উদ্বেগের ব্যাপারটি আইসিসির কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেছেন ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন। সেই প্রতিবেদন পর্যালোচনা করে 'আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেস'-এর আওতায় এই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

এই সাজার বিরুদ্ধে চাইলে আপিল করতে পারে বিসিবি। ১৪ দিনের মধ্যে এই আপিল করতে হবে।

ম্যাচ রেফারির প্রতিবেদনে ডেভিড বুন লিখেছেন, এই ম্যাচের উইকেট তার কাছে অপ্রস্তুত বলে মনে হয়েছে।

"মাঠের আউটফিল্ড খুবই ভালো ছিল এবং বৃষ্টিতেও দারুণভাবে অটুট ছিল। তবে উইকেট দেখে মনে হয়েছে, এটা হয়তো 'আন্ডার-প্রিপেয়ার্ড' ছিল। যথেষ্ট শক্ত ছিল না এটা এবং প্রথম দিনেও ঘাসের আচ্ছাদন ছিল না।"

"প্রথম সেশন থেকে ম্যাচের পরের সময়টায় বাউন্স ছিল অধারাবাহিক। অনেক ডেলিভারিতেই বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। ব্যাটাররা ফরোয়ার্ড খেলার সময় স্পিনারদের ডেলিভারিও প্রায়ই ব্যাটারদের কাঁধের ওপর দিয়ে লাফিয়ে উঠেছে এবং কখনও কখনও খুব নিচু হয়ে গেছে।"

মিরপুরে এই টেস্টের প্রথম দিন প্রথম সেশন থেকেই বল বাঁক নিয়েছে প্রবলভাবে। ম্যাচজুড়ে বাউন্স ছিল অসমান। টেস্টের প্রথম দিনেই উইকেট পড়েছিল ১৫টি। মিরপুরে প্রথম দিনে এত উইকেটের পতন হয়নি আগে কখনোই।

বৃষ্টির কারণে ম্যাচ শেষ পর্যন্ত চতুর্থ দিনে গড়িয়েছে বটে। তবে সব মিলিয়ে এই টেস্ট শেষ হয়ে গেছে ১০৬৯ ডেলিভারিতে। চার ইনিংস খেলা হয়েছে, এই ম্যাচগুলির মধ্যে বাংলাদেশে এটিই ছিল সবচেয়ে স্বল্পস্থায়ী টেস্ট।

দুই দল মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৫৯৮। চার ইনিংস খেলা হওয়া টেস্টগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম রানের টেস্ট এটিই। উইকেটপ্রতি রান এবারের (১৬.৬১) চেয়ে কম ছিল কেবল একটি টেস্টে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টও (১৬.৫২) হয়েছিল মিরপুরেই।

ওই টেস্টের পরও শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। সেবার বিসিবি আপিল করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। ডিমেরিট পয়েন্ট বহাল রেখেছিল আইসিসি। সেই ৫ বছর শেষ হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে। সেবারও ম্যাচ রেফারি ছিলেন ডেভিড বুন।

এছাড়াও ২০১৭ সালে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টের পর এই মাঠের আউটফিল্ডকে 'পুওর' হিসেবে উল্লেখ করা হয়েছিল ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রতিবেদনে।

কোনো ভেন্যুর মাঠ ও উইকেটকে 'আনস্যাটিসফ্যাক্টোরি' বা "অসন্তোষজনক' রায় দেওয়া হলে সেই ভেন্যু একটি ডিমেরিট পয়েন্ট পায়, 'আনফিট' বা 'অনুপযোগী' বলে রায় দেওয়া হয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে ৫ বছর ধরে। এই সময়ের মধ্যে কোনো ভেন্যু ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে সেই ভেন্যু এক বছরের জন্য নিষিদ্ধ হয়। ১২ ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষেধাজ্ঞা থাকে দুই বছরের।