শান্ত-মুশফিক-বার্লের ব্যাটে দারুণ জয়ে শীর্ষে ফিরল সিলেট
ঘরের দর্শকদের আনন্দে মাতিয়ে চট্টগ্রামকে উড়িয়ে দিল সিলেট স্ট্রাইকার্স।
আরও একবার টইটম্বুর গ্যালারি। আবার জার্সি গায়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে গ্যালারির বদলে যাওয়া রঙ। আগের দিনের হতাশা পেছনে ফেলে আবারও মাঠে ফিরল উৎসবের আবহ। এবার আর এই দর্শকদের হতাশ করল না ঘরের দল। নাজমুল হোসেন শান্ত থেকে মুশফিকুর রহিম, আর রায়ান বার্লের বিনোদনদায়ী ব্যাটিংয়ের প্রদর্শনী ২২ গজ থেকে ছড়িয়ে পড়ল মাঠময়। ঘরের দর্শকদের উল্লাস-আনন্দে মাতিয়ে দারুণ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার মেহেদি মারুফের ফিফটির সঙ্গে শুভাগত হোমের ঝড়ো ফিফটিতে চট্টগ্রাম তোলে ২০ ওভারে ১৭৪ রান। লক্ষ্য বেশ চ্যালেঞ্জিং হলেও পেরিয়ে যেতে খুব বেগ পেতে হয়নি সিলেটকে।
নাজমুল হোসেন শান্ত দলকে এনে দেন উড়ন্ত সূচনা। বাজে সময় কাটিয়ে রানে ফেরেন মুশফিকুর রহিম। আসরে প্রথম খেলতে নেমেই দুর্দান্ত এক ম্যাচ জেতানো ক্যামিও খেলেন রায়ান বার্ল। সিলেট জিতে যায় ১২ বল বাকি রেখেই।
সিলেটের রান তাড়া শুরু হয় শান্তর ঝড় দিয়ে। প্রথম ওভারে বাউন্ডারি, দ্বিতীয় ওভারে ছক্কার পর তৃতীয় ওভারে তিনি পেয়ে বসেন মেহেদি হাসান রানাকে। বাঁহাতি পেসারের ওভারে চারটি চার মারেন তিনি, দুটি নান্দনিক ড্রাইভে, দুটি কাট শটে।
বাউন্ডারির স্রোতে ভেসে ২১ বলে তার রান হয়ে যায় ৪১। নতুন উদ্বোধনী জুটিতে তার সঙ্গী তৌহিদ হৃদয় তখনও পর্যন্ত কেবল পর্যবেক্ষলের ভূমিকায়। ৬ বল খেলে তার রান তখন ৩। পরে তিনিও দুটি বাউন্ডারি পেয়ে গেছে পাওয়ার প্লেতে সিলেট তোলে ৫৫ রান।
তবে পাওয়ার প্লে শেষে একটি কমে আসে রানের গতি। রান বাড়াতে গিয়েই লঙ্কান লেগ স্পিনার বিজয়াকান্থ ভিয়াসকান্তকে উইকেট উপহার দিয়ে ফেরেন হৃদয় (১৮ বলে ১৫)। উদ্বোধনী জুটি থামে ৬৩ রানে।
উইকেট হারালেও সিলেটকে বিপাকে পড়তে দেননি মুশফিকুর রহিম। তার সামনে শঙ্কা ছিল টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরার। আগের দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ পাওয়া ব্যাটসম্যানকে ব্যাটি অর্ডারে প্রমোশন দিয়ে তিনে নামায় দল। চাপের কোনো ছাপ দেখা যায়নি তার ব্যাটিংয়ে। দারুণ ব্যাটিংয়ে দলের আস্থার প্রতিদান দেন তিনি।
শান্ত ফিফটিতে পা রাখেন ৩৬ বলে। পরে নিহাদউজ্জামানকে টানা দুই বলে মারেন ছক্কা ও চার। পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারায় চেষ্টায় হয়ে যান স্টাম্পড।
৪৪ বলে ৬০ রানে আউট হয়ে মাঠ ছাড়ার পর নিজের ওপর হতাশায় ব্যাট-হেলমেট ছুড়ে মারেন তিনি। এই ইনিংসটি অবশ্য তাকে পৌঁছে দিয়েছে এবারের বিপিএলে রানের তালিকায় শীর্ষে। ৯ ইনিংসে তার রান এখন ৩৫০। ৭ ইনিংস খেলে সাকিব আল হাসানের রান ৩০৬।
মুশফিক দারুণ কিছু শট খেলে মনে করিয়ে দেন তার সেরা সময়কে। বার্ল ক্রিজে গিয়ে নিজের মতোই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। ৫ রানে জীবন পান তিনি সীমানায়, নিহাদের বলে ক্যাচ নিতে গিয়ে ছক্কা বানিয়ে দেন মৃত্যুঞ্জয়। এরপর বার্ল রীতিমতো তাণ্ডব চালান। নিহাদের এক ওভারেই মারেন তিন ছক্কা ও দুই চার। ওয়াইড-নো মিলিয়ে ওভার থেকে আসে ২৯ রান।
দলকে জয়ের কাছে নিয়ে গিয়ে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ফেরেন ১৬ বলে ৪১ রান করে। ২৬ বলে অপরাজিত ৪১ করে দলের জয় সঙ্গে নিয়েই ফেরেন মুশফিক।
হ্যাটট্রিক শূন্যের সামনে থাকা জাকির হাসানও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে ম্যাচ শেষ করে টানা দুই বলে ছক্কা ও চার দিয়ে।
ম্যাচের শুরুটাই ছিল সিলেটের সাফল্য দিয়ে। বিপিএলে নিজের শততম ম্যাচে মাশরাফি বিন মুর্তজা উইকেটের দেখা পান প্রথম বলেই। পয়েন্টে দুর্দান্ত ডাইভিং ক্যাচে উসমান খানকে ফেরান জাকির হাসান।
তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটেই দারুণ জুটি গড়েন মেহেদি মারুফ ও আফিফ হোসেন। মারুফ অবশ্য শুরুতে সময় নেন কিছুটা। চতুর্থ ওভারে ইমাদ ওয়াসিমকে স্লগ করে ছক্কা মারলেও বাকি সময়টায় তার ব্যাটিংয়ে ছিল জড়তা। তবে তিনে নেমে আফিফ শুরু থেকেই ছিলেন সাবলিল। রান বাড়ানোর কাজটি করছিলেন মূলত তিনিই।
১৭ বলে ১২ রান থেকে মারুফ একটু একটা গা ঝাড়া দিয়ে তানজিম হাসান সাকিবকে চার মারেন টানা তিনটি। এরপর ছন্দ পেয়ে যান তিনিও। তানজিমকেই পরে টানা দুই বলে মারেন চার ও ছক্কা। ১০ ওভারে রান উঠে যায় ৮৫।
মারুফ ফিফটি স্পর্শ করেন ৩৬ বলে। বিপিএলে পঞ্চাশের স্বাদ পেলেন তিনি ২৫ ম্যাচ পর। সবশেষ ফিফটি করেছিলেন ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
৮৮ রানের এই জুটি ভাঙে আফিফের দুর্ভাগ্যজনক বিদায়ে। মোহাম্মদ আমিরের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করার পজিশনে চলে যান আফিফ, কিন্তু বল আচমকাই অনেকটা নিচু হয়ে লাগে তার পায়ে। ২৭ বলে ৩৪ রানের ইনিংস থামে এলবিডব্লিউ হয়ে।
সেই উইকেটের হাত ধরে দ্রুত ধরা দেয় আরও তিনটি উইকেট। ইমাদ এক ওভারে ফেরান মারুফ (৪০ বলে ৫২) ও ম্যাক্স ও’ডাউডকে (১)। পায়ের কাছে বল রেখে রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান কার্টিস ক্যাম্পার।
১ উইকেটে ৮৮ থেকে চট্টগ্রামের রান হয়ে যায় ৫ উইকেটে ৯৭!
তবে চাপে ভড়কে না গিয়ে দুর্দান্ত পাল্টা আক্রমণ চালান শুভাগত। থিসারা পেরেরার বলে বাউন্ডারির পর টানা দুটি ছক্কায় শুরু হয় তার ঝড়। ইরফান শুক্কুর খুব বেশিক্ষণ না টিকলেও অধিনায়ককে সঙ্গ দেন মৃত্যুঞ্জয় চৌধুরি। ২৯ বলে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন।
মাশরাফির এক ওভারে দুজন মিলে মারেন তিনটি চার। শেষ ওভারে তানজিমের বলে বাউন্ডারি আদায় করেন মৃত্যুঞ্জয়, ‘নো’ বলে ছক্কায় ২৬ বলে ফিফটিতে পা রাখেন শুভাগত। এই দুই ওভার থেকে আসে ৩৬ রান।
ওই স্কোরকে তখন বেশ বড় বলেই মনে হচ্ছিল। কিন্তু সিলেটের ব্যাটসম্যানরা এটিকেই বানিয়ে তুললেন মামুলি।
৯ ম্যাচে সিলেটের এটি সপ্তম জয়, চট্টগ্রামের ৯ ম্যাচে সপ্তম হার।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাস চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৬৮/৫ ( উসমান ০, মারুফ ৫২, আফিফ ৩৪, ও’ডাউড ১, শুভাগত ৫৪, ক্যাম্পার ৪, ইরফান ৯, মৃত্যুঞ্জয় ১৫*; মাশরাফি ৪-০-৩৬-১, ইমাদ ৪-০-২৩-২, আমির ৪-০-১৭-১, তানজিম ৩-০-৫২-০, পেরেরা ৩-০-৩৩-০, বার্ল ২-০-১২-০)।
সিলেট স্ট্রাইকার্স: ১৮ ওভারে ১৭৭/৩ (শান্ত ৬০, হৃদয় ১৫, মুশফিক ৪১*, বার্ল ৪১, জাকির ১২*; মৃত্যুঞ্জয় ৪-০-৩৯-০, শুভাগত ১-০-৭-০ , মেহেদি রানা ৩-০-৩৩-০, ক্যাম্পার ৪-০-২৯-০, ভিয়াসকান্থ ৪-০-২৭-২, নিহাদ ২-০-৩৮-১)।
ফল: সিলেট স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।
