২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমেটে বলের আঘাতে ছিটকে গেলেন অভিষিক্ত গুনাসেকারা

লঙ্কান পেসারের কনকাশন বদলি হিসেবে নামানো হয়েছে কাসুন রাজিথাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2024, 03:24 PM

Updated : 04 Feb 2024, 03:24 PM

টেস্ট অভিষেকে বাজে এক অভিজ্ঞতা হয়েছে চামিকা গুনাসেকারার। ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছে তাকে। লঙ্কান এই পেসারের কনকাশন বদলি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের বাকি অংশে খেলছেন কাসুন রাজিথা।

কলম্বোতে দুই দলের একমাত্র টেস্টের তৃতীয় দিন রোববার সকালে এই ঘটনা ঘটে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজার নিশ্চিত করেছেন, মাঠ ছাড়ার পর পর্যবেক্ষণের জন্য ২৪ বছর বয়সী গুনাসেকারাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭তম ওভারের ঘটনা এটি। অভিষিক্ত আফগান পেসার নাভিদ জাদরানের বাউন্সার মাথা নিচু করে ছেড়ে দিতে চেয়েছিলেন গুনাসেকারা। কিন্তু বল তার প্রত্যাশা মতো ওঠেনি।

হেলমেটের ওপরের অংশে আঘাত করে বল যায় সীমানার বাইরে। বাই থেকে চার রান পায় শ্রীলঙ্কা। তখনই তার কনকাশন পরীক্ষা করেন চিকিৎসকরা। সেই পরীক্ষায় উতরে যাওয়ায় তাকে ব্যাটিং চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হওয়া। 

কিন্তু কিছুক্ষণ পর ঘটে বিপত্তি। ১১০তম ওভারে গুনাসেকারা অস্বস্তি অনুভব করেন। তাকে মাথা ধরে রাখতে দেখে দ্রুত মাঠে ছুটে যান চিকিৎসকরা। এরপর গুনাসেকারাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আট নম্বরে নেমে ২ চারে ২৭ বলে ১৬ রান করেন গুনাসেকারা। তার মূল কাজ বোলিংয়ে সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি প্রথম ইনিংসে। ৯ ওভারে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সুযোগই পেলেন না এই পেসার।