এশিয়া কাপে ওপেনিং নিয়ে ‘চিন্তার কিছু’ দেখেন না হাবিবুল বাশার
লিটন-নাঈম শেখরা এশিয়া কাপে ভালো করবেন বলেই মনে করেন হাবিবুল বাশার, জাতীয় দলের এই নির্বাচক অপেক্ষায় আছেন তামিম ইকবালের ফেরার।
চোটের কারণে নেই তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। মোহাম্মদ নাঈম শেখ এখনও পায়ের নিচে জমিন শক্ত করার চেষ্টা করছেন। তানজিদ হাসান তো সবে সুযোগ পেলেন দলে। সব মিলিয়ে এশিয়া কাপের ওপেনিং দুর্ভাবনার জায়গা আছে যথেষ্টই। তবে বাস্তবতা যেমনই হোক, শঙ্কার কোনো ছবি দেখছেন না নির্বাচক হাবিবুল বাশার।
এমনিতে অন্য দুই সংস্করণের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটি কিছুটা স্থিতিশীল। গত কয়েক বছর ধরে ইনিংস সূচনার দায়িত্ব পালন করে আসছেন তামিম ও লিটন। দুজন এই মধ্যেই গড়েছেন ওপেনিংয়ে বাংলাদেশের সবচেয়ে শতরানের জুটির রেকর্ড। রানের হিসেবেও অন্যদের ছাড়িয়ে যাওয়ার দুয়ারে তারা।
তবে তামিমের পুরোনো চোট বারবার ফিরে আসায় চলতি বছর অনিয়মিত হয়ে পড়েছে এই জুটি। এশিয়া কাপেও দেখা যাবে না তামিমের অভিজ্ঞতা ও লিটনের ছন্দময় ব্যাটিংয়ের যুগলবন্দি। তামিমের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন নাঈম ও তানজিদের যে কোনো একজন।
ফলে একরকম অপরীক্ষিত জুটি নিয়েই এশিয়া কাপের মতো মঞ্চে লড়তে হবে বাংলাদেশকে। তবে তেমন চিন্তার কিছু দেখেন না জাতীয় দলের নির্বাচক হাবিবুল।
মিরপুরে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন, নতুন ঘরানার ক্রিকেট খেলার পথে ব্যর্থতা এলে ক্রিকেটারদের পাশে থাকতে হবে আরও বেশি জোর দিয়ে।
“আমার মনে হয় না, (ওপেনিং নিয়ে) চিন্তিত হওয়ার কিছু আছে। আমরা আমাদের লক্ষ্যে পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি... আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন।”
“এমন ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের সমর্থন দিতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের মূল মন্ত্র, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল সমর্থন করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।”
তামিম না থাকায় ওপেনিংয়ের বড় দায়িত্ব লিটনের কাঁধে। কিন্তু সম্প্রতি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে হাসছে না স্টাইলিশ ওপেনারের ব্যাট। গ্লোবাল টি-টোয়েন্টিতে ৭ ইনিংস খেলে ২১.৭১ গড়ে তার সংগ্রহ ১৫২ রান। স্ট্রাইক রেট কেবল ১০০.৬৬।
এলপিএলে এখনও পর্যন্ত দুই ম্যাচে তিনি ফিরেছেন ১ ও ৮ রান করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এই বছর টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স বেশ ভালো, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই সাম্প্রতিক ফর্মে দুশ্চিন্তার খোরাক কিছু আছে বটে।
চলতি বছর ওয়ানডেতেও তেমন ছন্দে নেই লিটন। ১২ ম্যাচে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। সিলেটে গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পরপর দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সৌজন্যে কিছুটা ভদ্রস্থ হয়েছে পরিসংখ্যান।
তবে সম্প্রতি কিছুটা ধুঁকলেও গত বছর দারুণ ছন্দে থাকা এই ওপেনারকে নিয়ে আশাবাদী হাবিবুল। জাতীয় দলে ফিরেই লিটন ঘুরে দাঁড়াবেন বলে মনে করেন এই নির্বাচক।
“লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে... ক্রিকেটারদের তো খারাপ সময় আসে। আমি মনে করি, ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।”
বাকি দুই ওপেনারের মধ্যে নাঈম খেলেছেন স্রেফ ৪টি ওয়ানডে। সবশেষ আফগানিস্তান সিরিজ দিয়ে প্রায় দুই বছর ওয়ানডেতে ফিরে দুই ম্যাচে তিনি করেন ৯ ও ০ রান। আর এখনও অভিষেক হয়নি তানজিদের।
এই দুজনের মধ্য থেকেই যে কোনো একজন হবেন এশিয়া কাপে লিটনের উদ্বোধনী সঙ্গী। তাদের ওপর আস্থা রাখছেন হাবিবুল।
“নাঈম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছে। হয়তো ফিরে এসেছে অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে সন্দেহ নেই। সবাই স্কিলসমৃদ্ধ ক্রিকেটার। আমি বিশ্বাস করি, বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি।”
এশিয়া কাপ স্কোয়াডের বাইরে থাকা তামিমের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। প্রতিদিন সকালে ফিজিও তত্ত্বাবধানে কাজ করছেন তিনি। রোববার থেকে শুরু হতে পারে তার হালকা ব্যাটিং অনুশীলন।
ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার সময় নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশার কথা জানিয়েছিলেন তামিম। এখনও সেই লক্ষেই এগোচ্ছেন তিনি।
তামিমের ফেরার দিকে তাকিয়ে আছেন হাবিবুলও। বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞ ওপেনারের উপস্থিতি জরুরি বলে মনে করেন তিনি।
“তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে মাঠে ফিরে আসার জন্য। আমার মনে হয়, সময়ের আগেই ফিরে আসবে। নিউ জিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
“বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্স বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।”
তামিমের দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী হলেও কোনো তাড়াহুড়ো করতে চান না ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হাবিবুল বাশার।
“তামিম ব্যাটিং শুরু করুক। হাতে এখনও সময় আছে। বিশ্বকাপ তো অক্টোবরে। তার আগে তামিম অনেক সময় পাচ্ছেন। আমি আশাবাদী, নিউ জিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছু ছোটখাটো সমস্যা থাকবে। তামিম সেটা জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।”
