২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের উইকেটে পেসারদের যে চ্যালেঞ্জ

প্রতিকূল উইকেট-কন্ডিশনে প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের কথা বললেন বাংলাদেশ পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন আহমেদ।

চট্টগ্রামের উইকেটে পেসারদের যে চ্যালেঞ্জ

চট্টগ্রামে সোমবার ফিল্ডিং অনুশীলনে পেসার তাসকিন আহমেদ।

শাহাদাৎ আহমেদ সাহাদ

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 09:34 PM

Updated : 12 Dec 2022, 10:01 PM

স্পিন নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশের সাম্প্রতিক চিত্র একটু ভিন্ন। বরাবরের সেই পরিচয়টাকে বদলে দিতে শুরু করেছেন পেসাররা। বিশেষ করে, বিদেশ সফরে। দেশের বাইরে তারাই নেতৃত্ব দেন বোলিং আক্রমণের। তবে দেশে বাস্তবতা আগের মতোই। মূল কারণ, এখানকার উইকেট। সাধারণত মিরপুরের ২২ গজ হয় স্পিন সহায়ক, চট্টগ্রামে মেলে ব্যাটিংবান্ধব উইকেট। পেসারদের জন্য কিছু নেই কোথাও!

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এ মাঠের উইকেট বরাবরই ব্যাটসম্যানের দিকে বাড়িয়ে দেয় সহায়তা হাত আর বোলারদের ছুড়ে দেয় কঠিন চ্যালেঞ্জ। পেসারদের জন্য তো কখনও কখনও সাগরিকার উইকেট হয়ে ওঠে বধ্যভূমি।

এখন পর্যন্ত এ মাঠে হয়েছে ২৩টি টেস্ট। ১৮টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৪ উইকেট সাকিব আল হাসানের। পরের দুটি নাম তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। বোলারদের তালিকায় সেরা দশে একমাত্র পেসার শাহাদাত হোসেন। তিনি ১০ ম্যাচের ১৭ ইনিংসে হাত ঘুরিয়ে নিতে পেরেছেন ২২ উইকেট।

১১ ম্যাচের ক্যারিয়ারে এখনও দেশের মাটিতে কোনো টেস্ট খেলা হয়ে ওঠেনি তাসকিনের। তবে চট্টগ্রামে পেসারদের অবস্থার কথা ভালোভাবেই জানা তার। সংস্করণ ভিন্ন হলেও ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি নিজেও নিখাঁদ ব্যাটিং উইকেটে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। সেদিন ৯ ওভারে খরচ করেন ৮৯ রান। যা তার ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং।

পেসারদের পারফরম্যান্সে যখন উন্নতির ছাপ স্পষ্ট, তখনও দেশের কোনো উইকেটে তাদের সহায়তা নেই। দেশের মাঠে পেস-সহায়ক উইকেট তৈরির ভাবনা বা পরিকল্পনা আছে বলেও শোনা যায়নি খুব একটা। পেসারদের তাতে মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়।

সংবাদ সম্মেলনে সোমবার তার নানা কথায় বারবার ফুটে উঠল উইকেটে প্রতিকূলথায় কতটা কঠিন তাদের কাজ। কোনো অনুযোগ বা অভিযোগ অবশ্য করলেন না। বরং কণ্ঠে ফুটে উঠল প্রতিবন্ধকতা জয়ের আশাবাদ।

“বাংলাদেশের মধ্যে চট্টগ্রামই একমাত্র মাঠ যেটাকে ব্যাটিং স্বর্গ বলা যেতে পারে। টেস্ট ক্রিকেটে আমাদের পেস বোলারদের জন্য কখনও সহজ হয়নি। যদিও আল্লাহর রহমতে (পেস বোলিংয়ে) উন্নতি হচ্ছে। তবু আমরা কিন্তু কখনও সহজ উইকেট পাইনি।”

“বেশিরভাগ কন্ডিশনে আমাদের সঙ্গে ব্যাটিং উইকেট বানানো হয়। এটা আমাদের জন্য সব সময় চ্যালেঞ্জিং। ভালো দিক যে, উন্নতি করছি। যতগুলো টেস্ট জিতেছি, দেখা গেছে পঞ্চম দিনে খেলা নিয়েছি। এখানেও লক্ষ্য থাকবে... যত ভালো উইকেট হোক না কেন পঞ্চম দিনে যেতে পারলে ভালো কিছু প্রত্যাশা করা যায়।”

Image

অভিষেকের অপেক্ষায় পেসার রেজাউর রহমান রাজা। 

গত দুই বছরে বাংলাদেশের পেসারদের উন্নতি চোখে পড়ার মতো। ২০২১ সালে ৭ ম্যাচে ২৯ উইকেট নেন তারা। এ বছর ৮ টেস্টে পেস ইউনিটের উইকেট ৫১টি! এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের পেসারদের ৫০ উইকেট নেওয়ার নজির এটিই প্রথম। সর্বোচ্চ ২০ উইকেট ঝুলিতে পুড়েছেন ইবাদত হোসেন।

সাম্প্রতিক সময়ে পেসারদের সাফল্যের বড় কারণ নিশ্চিতভাবেই দেশের বাইরে তুলনামূলক পেস সহায়ক উইকেটে বেশি ম্যাচ খেলা। নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে ৬ ম্যাচ খেলে পেসাররা নিয়েছেন ৪৭টি উইকেট।

বিপরীতে দেশের দুই ম্যাচে তাদের শিকার মোটে ৪ ব্যাটসম্যান। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে স্বাগতিক পেসাররা কোনো উইকেেই নিতে পারেননি।

দেশের মাটিতে সহায়ক উইকেট না পাওয়ার অতৃপ্তি রয়েছে তাসকিনেরও। তবু সেই আক্ষেপ পাশে সরিয়ে তিনি শোনালেন উন্নতির পথ ধরে এগিয়ে যাওয়ার তাড়না।

“সব পেসারেরই ইচ্ছা থাকে সবুজ উইকেটে বল করার। কন্ডিশন তো হাতে নেই। অনেক সময় দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ওসব জায়গায় গিয়েও ধীরগতির বা ব্যাটিং সহায়ক উইকেট পাই। তাই (উইকেট যেমনই হোক) নিজেদের মানিয়ে নেওয়া বা স্কিল বাড়ানোর ওপর সব নির্ভর করে।”

“আমাদের আরও উন্নতি করা উচিত। যেন ব্যাটিংবান্ধব বা সবুজ উইকেট; দুটি দিতেই প্রতিপক্ষ দ্বিতীয়বার চিন্তা করে। আমরা যদি আমাদের ঘাটতিগুলো পূরণ করতে পারি...বড় বোলার যারা আছে, টেস্টে ওরা ব্যাটিংবান্ধব উইকেটেও তো ৫ উইকেট পায়। তাই ওসব চিন্তা না করে নিজেদের উন্নতিতে মনোযোগ দিলে ভালো হবে।”

দেশের মাটিতে খেলা পেসারদের জন্য বরাবরই চ্যালেঞ্জের। চট্টগ্রামে খেলা হলে সেটি বেড়ে যায় বহুগুণে। তার ওপরে এবার প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দল। যারা খেলতে নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার অভিযানে। কঠিন পরীক্ষাই তাই দিতে হবে বাংলাদেশের পেসারদের।

সেই চ্যালেঞ্জ জয়ে তাসকিনদের ভরসা বরাবরের মতোই প্রক্রিয়া অনুসরণ করায়।

“প্রক্রিয়ার বাইরে তো কিছু নেই। দিন শেষে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ওরা বিশ্বের অন্যতম সেরা দল। ব্যাটিং উইকেটে তো আরও ভালো দল। টিম ম্যানেজেমন্ট বা অধিনায়ক যে পরিকল্পনাই দিক, বোলারদের বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। সেটির চেষ্টা করছি। আমি নিশ্চিত সহজ হবে না। আমরা সেরাটা দেব, দেখি কী হয়।”

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।