বিষাদ পেরিয়ে আনন্দলোকে হৃদয়
গত বিপিএলে চরম ব্যর্থ ব্যাটসম্যান এবার শুরুর দিকেই ম্যাচ সেরা হয়ে গেলেন পরপর দুই ম্যাচে।
মুস্তাফিজুর রহমান অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এক বল আগেই তাকে কাট করে চার মেরেছেন তৌহিদ হৃদয়। পরের বলটি তিনি করলেন আরেকটু আঁটসাঁট। কিন্তু হৃদয় এবার নিখুঁতভাবে আলতো ছোঁয়ায় কিপারের পাশ দিয়ে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারিতে। মুস্তাফিজ যেন বুঝে উঠতে পারছিলেন না কী করবেন!
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিজ্ঞ এই পেসারকেই নয়, হৃদয় এভাবে বিপাকে ফেলেছেন এভাবে সব বোলারকেই। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষেও। পরপর দুই ম্যাচে তিনি হয়ে উঠেছেন বোলারদের যম। মেলে ধরেছেন নিজের নতুন রূপের বিজ্ঞাপন।
বরিশালের বিপক্ষে শনিবার তার ৩০ বলের ফিফটি অনেকের জন্যই ছিল বড় চমক। হৃদয় এমন ব্যাটিং করতে পারেন, টি-টোয়েন্টি ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন, দেশের ক্রিকেটে অনেকেরই অজানা ছিল তা। সেই চমকের রেশ থাকতে থাকতেই হৃদয় প্রমাণ করে দিলেন, ওই ইনিংস আসলে বিস্ময়কর কিছু নয়। বদলে যাওয়া হৃদয় এখন এমনই!
এবার ৩৫ বলে ফিফটি। আরও একটি রান তাড়ায় দুর্দান্ত ইনিংস। দলের আরেকটি জয়। আরও একবার ম্যান অব দা ম্যাচ হৃদয়। এবারের আগে বিপিএলে কখনোই সংবাদ সম্মেলনে আসার অভিজ্ঞতা ছিল না তার। সেই তিনি পরপর দুই ম্যাচের সেরা হয়ে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। শোনালেন, এই পিঠেপিঠি সেরার অভ্যাস তার অনেক পুরনো।
“প্রতিটি ক্রিকেটারের জন্যই এটি ভালো অনুভূতির ব্যাপার যে ‘ব্যাক টু ব্যাক’ ম্যান অব দা ম্যাচ হয়েছি। আমার একটা ব্যাপার আছে, অনূর্ধ্ব-১৯ থেকে যখনই ম্যান অব দা ম্যাচ হয়েছি, পরপর দুই ম্যাচে হয়েছি। আজকে একটা আত্মবিশ্বাস ছিল যে, শুরুটা ভালো করতে পারলে ভালো কিছু হতে পারে।”
এই বিপিএল তাকে দুহাত ভরিয়ে দিচ্ছে। আগের বিপিএল তাকে ফিরিয়েছিল অপ্রাপ্তিতে। গোটা আসরই খুব বাজে কেটেছিল তার। তবু ফাইনালে সুযোগ এসেছিল শেষ সময়ে নায়ক হওয়ার। সেবার খেলেছিলেন তিনি বরিশালের হয়ে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ তিন বলে দরকার ছিল সাত রান। হৃদয় ছিলেন স্ট্রাইকে। দুই বলে দুটি করে রান নেন তিনি। শেষ বলে দরকার হয় তিন রানের। কিন্তু সেই রান তিনি নিতে পারেননি। আফগান স্পিনার মুজিব-উর-রহমানের বলে নিতে পারেন কেবল এক রান। দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন উইকেটে তার সঙ্গী শহিদুল ইসলাম।
গত ফেব্রুয়ারিতে সেই ম্যাচের পর রাজ্যের হতাশা ভর করেছিল তার ওপর। মাঠ ছেড়ে যেন যেতেই পারছিলেন না। স্মৃতির ডানায় ভেসে ওই দুঃসহ সময়টায় ফিরে গেলেন হৃদয়।
“ওই বিপিএলে ম্যাচটি হারার পর মানসিকভাবে অনেক আপসেট ছিলাম। কারণ, একটা বাউন্ডারি মারতে পারলেই খেলাটা বদলে যেত। যদিও আমি ওই জায়গাটার ব্যাটসম্যান নই, এত নিচে খেলি না। তারপরও ব্যাটসম্যান হিসেবে যেখানে নামানো হয়, সেখানেই চেষ্টা করতে হবে দলকে এগিয়ে নিতে। শেষ বল পর্যন্ত বিশ্বাস ছিল যে ম্যাচ জেতাব। শেষ পর্যন্ত পারিনি।”
হতাশায় তিনি নুইয়ে পড়েছিলেন, তবে ভেঙে পড়েননি। বরং মাটিতে আছড়ে পড়েই খুঁজে নিয়েছেন শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর পথ।
“ব্যর্থতা থেকেই তো সামনের সাফল্যের পথ খুঁজবেন! আমি ব্যর্থ হয়েছি, চেষ্টা করেছি কীভাবে আরেকটু সামনের দিকে এগোনো যায়, কীভাবে আরও ভালো করা যায়, কোথায় কোথায় উন্নতি করতে হবে…চেষ্টা করেছি কাজগুলো করার।”
“গত বছর যখন খারাপ খেলেছিলাম, এরপর থেকেই নিজে নিজে চিন্তা করছিলাম যে কীভাবে উন্নতি করা যায়। গত বছর ভালো খেলতে পারিনি। তার পর থেকে যখনই সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি টি-টোয়েন্টি ব্যাটিংয়ে উন্নতি করার। নির্দিষ্ট কিছু শটে উন্নতি করা, ছোট ছোট জিনিসগুলোয় উন্নতি করায় ভালো হচ্ছে।”
গত বিপিএলে ১১ ম্যাচ খেলে তার রান ছিল ১৩৬। এবার দুই ইনিংস খেলেই রান হয়ে গেছে ১১১। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার এখনও পর্যন্ত তিনিই। হৃদয় জানালেন, সময়ের প্রবাহে সঞ্চয় হওয়া অভিজ্ঞতা আর উন্নতির তাড়না মিলেই এবার তার এই পারফরম্যান্স।
“টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা খুব কম ছিল আগে। এখন চেষ্টা করছি উন্নতি করার, কীভাবে ঝুঁকি কম নিয়ে রান করা যায়। সবসময় সাপোর্ট পাচ্ছি (দল থেকে), নিজের ভূমিকা বুঝতে পারছি, ওপরে ব্যাটিং করছি। সবসময় চেষ্টা করছি, খেলাটা কীভাবে কাছাকাছি নেওয়া যায়।”
“আমি চেষ্টা করেছি রেঞ্জ হিটিংয়ে উন্নতি করার। এইচপিতে ছিলাম। আমি ভালো করিনি, তারপরও জাতীয় দলের ক্যাম্পে সুযোগ দিয়েছিল ক্রিকেট বোর্ড। ভালো না খেলার পর নানা জায়গায় সুযোগ দিয়েছে। এই সময়গুলোয় চেষ্টা করেছি, কীভাবে আরেকটু সামনে যাওয়া যায়। ক্রিকেট বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ যে খুব ভালো না করার পরও সুযোগ দিয়েছে।”
দ্বিতীয় ওভারে উইকেটে গিয়ে এ দিন প্রথম বলেই ছয় মেরেছেন হৃদয়। এক বল পর মেরেছেন ছক্কা। আগের ম্যাচেও উইকেটে যাওয়ার পরপর ছক্কা মেরেছিলেন তিনি। শুধু তিনিই নয়, সিলেট স্ট্রাইকার্সের অন্য ব্যাটসম্যানদের মধ্যেও প্রতি ম্যাচেই দেখা গেছে ভয়ডরহীন ব্যাটিং। হৃদয় জানালেন, এই দর্শন নিয়েই এগিয়ে যাবেন তারা।
“আমাদের খুব ভালোভাবে স্বাধীনতা নেওয়া আছে দল থেকে। কোচ থেকে শুরু করে সবাই এই সাপোর্ট দিচ্ছেন। হয়তো প্রতিদিনই সফল হব না। তবে আমাদের অ্যাপ্রোচ যদি ঠিক থাকে, বেশির ভাগ দিনই সফল হব।”
