আইসিসি র্যাঙ্কিং
Published : 03 Jun 2026, 03:29 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আবরার আহমেদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় প্রথমবার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। ওয়ানডে বোলারদের মধ্যে সাত ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে আছেন আবরার।
রাওয়ালপিন্ডিতে গত শনিবার প্রথম ওয়ানডেতে ৪৪ রানে দুই উইকেট নেন আবরার। ম্যাচটি ৫ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে অবশ্য জিততে পারেনি স্বাগতিকরা। তবে ৪১ রানে হারের ম্যাচেও উজ্জ্বল ছিলেন আবরার; ৩৪ রান খরচায় ধরেন দুই শিকার।
আবরারের উন্নতিতে এক ধাপ নিচে নেমে এখন পাঁচে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ। প্রথম তিন স্থানে আগের মতোই আছেন আফগানিস্তানের রাশিদ খান, ইংল্যান্ডের জফ্রা আর্চার ও দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ।
দুই ম্যাচে চার উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে আছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অভিষেকে রেকর্ড গড়া পাঁচ উইকেটসহ দুই ম্যাচে মোট সাত উইকেট নেওয়া আরাফাত মিনহাস এখনও একশ জনের মধ্যে ঢুকতে পারেননি।
দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখা ন্যাথান এলিস এগিয়েছেন ২৪ ধাপ, অবস্থান ৪৪তম। প্রথম ওয়ানডেতে দুই শিকার ধরেছিলেন তিনি।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় সেরা ১০ থেকে ছিটকে গেছেন সালমান আলি আগা। পাঁচ ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন ম্যাট রেনশ। ৬১ ও ৪৩ রান করা অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের উন্নতি ১০২ ধাপ! আছেন ৭৮তম স্থানে। তার সতীর্থ জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনেরও অগ্রগতি হয়েছে।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের ইনিংস ও ৭৯ রানে জয়ের টেস্টও বিবেচনায় এসেছে হালনাগাদে। একমাত্র ইনিংসে ১২১ রান করা রাচিন রাভিন্দ্রা প্রথমবার টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। দুই ধাপ এগিয়ে কিউই ক্রিকেটার এখন নবম স্থানে।
ওই ম্যাচেই ১৮৬ রানের ইনিংস খেলা টম ব্লান্ডেলের অগ্রগতি আট ধাপ, অবস্থান ৪০তম। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় ইংল্যান্ডের জো রুট।
বোলারদের র্যাঙ্কিংয়ে সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। দুইয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। কিউই পেসার ম্যাট হেনরি এক ধাপ নিচে নেমে যাওয়ায় তিনে উঠেছেন আরেক অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।