Published : 29 Jul 2025, 11:15 AM
ইংল্যান্ড-ভারতের ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে থাকা এক দর্শককে হেনস্তার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা ওই দর্শককে বারবার বলছেন, গায়ে থাকা পাকিস্তানের জার্সি ঢেকে ফেলতে। ঘটনা স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব।
নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলাপচারিতার অনেকটুকুই ভিডিও রেকর্ড করেছেন ফারুক নাজার নামের ওই দর্শক। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এই ঘটনা।
ভিডিওতে দেখা যায়, ওই দর্শক বলছেন, “আমাকে পাকিস্তানি শার্ট ঢেকে ফেলতে হবে! আপনি কে?” প্রেম সিং রামের ওই নিরাপত্তাকর্মী জানান, তিনি ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করেন এবং জার্সি ঢাকতে বলার এই নিদের্শনা পেয়েছেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে। ওই দর্শক তখন বলেন, নিদের্শনার কোনো লিখিত দলিল যেন দেখানো হয়।
ভিডিওতে দেখা যায়, পরে আরও কজন নিরাপত্তাকর্মী এসে ওই দর্শককে আবার বলছেন জার্সি ঢেকে রাখতে। একজনকে এরকম বলতে শোনা যায়, “… এটিকে জাতীয়তাবাদী বিবেচনা করা হতে পারে।” ওই দর্শক বলছিলেন, “আমার গর্বের দেশের জার্সি এটি, আপনারা কেন ঢেকে রাখতে বলছেন? সবাই নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছে, আমি কেন এটা ঢেকে রাখব!”
নিরাপত্তাকর্মীরা তখন তাকে অনুরোধ করেন গ্যালারি থেকে দূরে সরে আলোচনা করতে। ওই দর্শক তাতে রাজি না হয়ে বলেন, “আমাকে জোর করে নিয়ে যান… কারণ সবকিছুই রেকর্ড করা হচ্ছে।” ওই দর্শক এক পর্যায়ে বলেন, “সবাই রেকর্ড করে রাখবেন দয়া করে। তারা আমাকে নিয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, কারও ক্ষতি করিনি আমি।”
আশেপাশে থাকা ভারতীয় দর্শকদের কোনো আপত্তি নেই বলেও জানাচ্ছিলেন তিনি। ওই দর্শক যখন বলেন, “ম্যাচ শুরু হতে আর ১০ মিনিট আছে”, তখন এক পুলিশ কর্মকর্তাকে বলতে দেখা যায়, “আপনি কি ১০ মিনিটের জন্য ওদিকে আসবেন একটু আলোচনা করতে?”
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই দর্শক পরে জার্সি না ঢেকে মাঠ ছেড়ে চলে যান।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের কোন দিনের ঘটনা এটি, তা পরিষ্কার নয়। মাঠের স্বত্বাধিকারী ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের এক মুখপাত্র বলেন, “উল্লেখিত ঘটনা সম্পর্কে আমাদের জানা আছে এবং ঘটনা সম্পর্কিত সব সত্য ও প্রেক্ষাপট অনুধাবন করে আমরা পদক্ষেপ নেব।”
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার পথ ধরে ক্রিকেট সম্পর্কও থমকে আছে অনেক দিন ধরে। গত এক যুগে দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। কেবল আইসিসি ও এসিসির আসরেই তাদের লড়াই দেখা যায়। সম্প্রতি সাবেকদের ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ বয়কট করেছে ভারত।
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব। ইংল্যান্ড দা হান্ড্রেড আসরে তাদের দল ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ শেয়ার কিনতে চলেছে ভারতের আরপিএসজি গ্রুপ, আইপিএলের দল লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের মালিকানা যাদের।