Published : 06 Jan 2026, 09:35 AM
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার রেশ এখনও টাটকা। এর মধ্যেই আরেকটি বড় ধাক্কা জাকের আলির জন্য। বিপিএল দল নোয়াখালী এক্সপ্রেসের একাদশেও তিনি জায়গা হারালেন। একদমই ছন্দহীন থাকা ব্যাটসম্যানের কাঁধে অবশ্য ভরসার হাতই রাখলেন মোহাম্মদ আশরাফুল। রংপুরের ব্যাটিং কোচের বিশ্বাস, দারুণভাবেই দলে ফিরবেন জাকের।
কয়েক মাস আগেও সব সংস্করণেই দলে অপরিহার্য হয়ে উঠেছিলেন জাকের। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এমন শুরু বাংলাদেশের খুব কম ব্যাটসম্যানেরই হয়েছে। তবে চিত্র পাল্টে যায় গত এশিয়া কাপ থেকে। ব্যাট হাতে রান করতে পারছিলেন না। লিটন দাসের অনুপস্থিতে ৫টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেন জাকের। সমালোচনার শিকার হন নেতৃত্ব নিয়েও।
খারাপ সময়ের থাবায় টালমাল হয়ে ওঠেন তিনি।
সবশেষ ৯ ম্যাচের ৫টিতেই আউট হন তিনি সিঙ্গল ফিগারে। আউট হওয়ার ধরনও একের পর এক ম্যাচে ছিল দৃষ্টিকটূ। বিপিএলে ফিরেও রানের পথে ফিরতে পারেননি ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। এক ম্যাচে করেছেন ১৭ বলে ২৯ রান। বাকি দুই ম্যাচেই করেছেন ৬ করে।
সেই ধারাবাহিকতায় বিপিএল দলের একাদশে জায়গা হারালেন জাকের।
তবে তার প্রতি সহানুভূতি ও তার ওপর ভরসা রাখছেন জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল, বিপিএলে যিনি কাজ করছেন রংপুরের ব্যাটিং কোচ হিসেবে।
“ক্রিকেটে একটু ভাগ্যও লাগে। আমি মনে করি, ও একটু দুর্ভাগাও যে আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচ খেলে বাকি দুটি খেলতে পারেনি। যদি সেখানে খেলতে পারত, তাহলে হয়তো ছন্দে চলে আসতে পারত। ১৭ বলে ২৯ করেছে।”
“একটু বাজে সময় গেলে সবারই পাশে থাকা উচিত। সবারই দায়িত্ব তার পাশে থাকব… এবং সমালোচনা যদি কম করি, তাহলে ভালো। যদিও এখন সামাজিক মাধ্যমের যুগ, এসবের সঙ্গে লড়াই করেই আসতে হবে। তবে আমি নিশ্চিত যে, সে ফিরে আসবে।”