২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অধ্যায়ের প্রথম দিন যেমন কাটালেন হাথুরুসিংহে

পুরনো দায়িত্বে নতুন করে ফেরা কোচ বাংলাদেশে আসার পর ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে চলে আসেন মাঠে।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 05:03 PM

Updated : 25 Apr 2024, 09:01 PM

শীত বিদায় নিলেও রয়ে গেছে রেশ। মিরপুরের সকাল এখনও কুয়াশার পাতলা চাদরে জড়ানো। শের-ই বাংলা স্টেডিয়ামে তখনও শুরু হয়নি দিনের কর্মযজ্ঞ। তার আগেই সেখানে উপস্থিত চান্দিকা হাথুরুসিংহে। পরে আস্তে আস্তে আসতে শুরু করেন ক্রিকেটাররা। তাদের সঙ্গে মাঠে অনেকটা সময় কাটান বাংলাদেশের নতুন প্রধান কোচ। পাশাপাশি তিনি ঘুরে দেখেন ইনডোরে অনুশীলনের ব্যবস্থাও। নতুন মেয়াদের প্রথম দিনটি তার কাটল এমন হালকা মেজাজেই।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে সোমবার রাতে ঢাকায় পা রাখেন হাথুরুসিংহে। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চলে আসেন শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের চেনা সবুজ আঙিনায়।

সবার আগে এলেও হাথুরুসিংহে মাঠে ঢোকেন ১১টার একটু পর। সাদা টিশার্ট ও শর্টসের সঙ্গে ক্যাপ পরা এই শ্রীলঙ্কানকে দূর থেকে সহজেই চেনা যাচ্ছিল।

তখন হালকা গা গরম করছিলেন ক্রিকেটাররা। বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুরের সঙ্গে মাঠে পা রেখে শুরুতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেখা হয় হাথুরুসিংহের।

নতুন মেয়াদে আসা পুরনো কোচকে দেখে একে একে এগিয়ে আসতে থাকেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কথা বলেন হাথুরুসিংহের সঙ্গে।

 ইবাদত হোসেন এগিয়ে আসতেই একটা স্যালুট ঠুকে দেন প্রধান কোচ। বোঝা গেল, এই পেসারের উইকেট শিকারের উদযাপন তার নজর কেড়েছে ভালোভাবেই!

ঐচ্ছিক অনুশীলনে থাকা নুরুল হাসান সোহান পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বলেন, ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা নিয়েই এসেছেন হাথুরুসিংহে।

“আমার কাছে যেটুকু মনে হয়, পরিকল্পনার দিক থেকে ও (হাথুরুসিংহে) খুব ভালো এবং টেকনিক্যাল যে জিনিসগুলো আছে, ও সেভাবে হোমওয়ার্ক করে এসেছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছুই হবে।”

নাসুম আহমেদের জায়গায় ওয়ানডে দলে ফেরা তাইজুল ইসলামের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাদাভাবে কথা বলতে দেখা যায় হাথুরুসিংহেকে। এরপর ধীর পায়ে সেন্টার উইকেটের দিকে এগিয়ে যান তিনি। তার সঙ্গী হন অধিনায়ক তামিমও।

শের-ই বাংলার প্রধান কিউরেটর গামিনি সিলভার সঙ্গে লম্বা সময় কথা বলতে দেখা যায় হাথুরুসিংহেকে। তামিমকেও তখন কিছু একটা বলতে দেখা যায়।

তাদের কথোপকথন চলার সময়ই মাঠে আসেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। হাথুরুসিংহেকে দেখে উইকেটের কাছে দেখে এগিয়ে যান তিনি। হাসিমুখে আলিঙ্গন করেন দুজন।

এক পর্যায়ে গামিনির সঙ্গে কথায় বিরতি টেনে ইনডোরের পথে পা বাড়ান জাতীয় দলের প্রধান কোচ। ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে ইনডোরের বাইরের উইকেটে আগে থেকে অনুশীলন করছিলেন আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়রা।

ইনডোরে ঢুকে স্বদেশী রঙ্গনা হেরাথের সাক্ষাৎ পান হাথুরুসিংহে। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে দূর থেকেই ব্যাটিং অনুশীলন দেখেন তিনি। মূল মাঠে ফেরার পথে ঢু মারেন সংস্কারাধীন ইনডোরেও।

এরপর মূল মাঠে ঢুকে আবারও বেশ কিছুক্ষণ গামিনির সঙ্গে কথা বলেন তিনি। পরে ঢুকে যান ড্রেসিংরুমে। প্রায় ঘণ্টাখানেকের এই কুশল বিনিময় ও হালকা কথাবার্তার পর্বের পুরোটা সময় হাথুরুসিংহের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস।

ড্রেসিং রুমে বেশ কিছুক্ষণ অবস্থান করে দুপুর ২টার আশপাশে মাঠ ছেড়ে বেরিয়ে যান হাথুরুসিংহে। ড্রেসিং রুমে থাকার সময় ক্রিকেটারদের সঙ্গে তার তেমন বিশেষ কোনো আলোচনা হয়নি বলে জানান সোহান।

 “নির্দিষ্ট করে আজকে কারও সঙ্গে কথা হয়নি। সবার সঙ্গেই কুশল বিনিময় হয়েছে। ড্রেসিং রুমেও কথা বলার খুব সুযোগ হয়নি। মাঠেই যা হয়েছে। ও যেটা বলল যে, ওর একটা পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা অনুযায়ীই আসলে এগোচ্ছে।”


ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু বৃহস্পতিবার। তার আগেই প্রধান কোচের আগমনে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছেন অনেকে। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় এদিন ছিলেন না সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস।

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন জয়-সোহানসহ ইয়াসির আলি চৌধুরি, নাসুম, শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজারা।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে এসে বুধবার দুপুরে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন হাথুরুসিংহে।