Published : 24 Jul 2025, 01:01 PM
৬৫ ওভারে ৩৫৫ রানের লক্ষ্য এমনিতেই খুব কঠিন। ইনিংসের প্রথম বলেই বৈভাব সুরিয়াভানশি বোল্ড হয়ে যাওয়ায় তা হয়ে উঠল আরও চ্যালেঞ্জিং। কিন্তু আয়ুশ মাত্রে হাল ছাড়ার পাত্র নন। বিধ্বংসী ব্যাটিংয়ে ছুটলেন তিনি রোমাঞ্চকর অভিযানে। তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে। শেষ পর্যন্ত অবশ্য আবহাওয়ার বাগড়ায় ম্যাচ শেষ হলো ড্রয়ে।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের দ্বিতীয় যুব টেস্ট ড্র হওয়ার আগে ব্যাটের ঝলকানি দেখান আয়ুশ মাত্রে। ৮০ বলে ১২০ রানের ইনিংস উপহার দেন ভারতীয় অধিনায়ক। তার ইনিংসে ১৩ চারের সঙ্গে ছক্কা ছিল ছয়টি।
এই ইনিংসের পথে ৬৪ বলে শতরানে পা রাখেন মাত্রে। উইজডেনের তথ্য মতে, আগের রেকর্ড অনেকটা পেছনে ফেলে যুব টেস্টের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি এটি। ৮৮ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি এতদিন ছিল ইংল্যান্ডের জর্জ বেলের।
ভারতের প্রথম ইনিংসে ৯০ বলে ৮০ রান করেছিলেন মাত্রে। দুই ইনিংস মিলিয়ে তার রান ১৭০ বলে ২০৬। এখানে তিনি ভেঙে দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালামের দুই যুগ পুরোনো রেকর্ড।
২০০১ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লিঙ্কনে প্রথম ইনিংসে ১৭২ বলে ১৮৬ করেছিলেন সেই সময়ের নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ম্যাককালাম, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪২ বলে ৪৬। দুই ইনিংস মিলিয়ে তার রান ছিল ২১৪ বলে ২৩২, স্ট্রাইক রেট ১০৮.৪১।
এবার আয়ুশ মাত্রের স্ট্রাইক রেট ১২১.১৭। যুব টেস্টের ইতিহাসে এক ম্যাচে একশর বেশির স্ট্রাইক রেটে দুইশর বেশি রানের কীর্তি স্রেফ এই দুজনেরই।
এসেক্সের চেমসফোর্ডে এই ম্যাচে প্রথম ইনিংসে একানশ সিংয়ের সেঞ্চুরিতে ইংল্যান্ড তোলে ৩০৯ রান। ভারতের লেগ স্পিনার নামান পুশপাক শিকার করেন চার উইকেট। জবাবে বিহান মালহোত্রার ১২৩ বলে ১২০ ও মাত্রের ৮০ রানের পরও ভারত গুটিয়ে যায় ২৭৯ রানে।
৩০ রানের লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ৩২৪ রানে। ১২৪ রানের ইনিংস খেলেন বিজে ডকিন্স, তার উদ্বোধনী জুটির সঙ্গী অ্যাডাম থমাস ৯১।
শেষ ইনিংসে ৬৫ বলে ৩৫৫ রানের চ্যালেঞ্জে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ডেলিভারিতেই অ্যালেক্স গ্রিনের বল স্টাম্পে টেনে আনেন সুরিয়াভানশি। প্রথম ইনিংসে তিনি আউট হয়েছিলেন ১৪ বলে ২০ করে।
সুরিয়াভানশিকে হারালেও তাণ্ডব চালাতে থাকেন মাত্রে। ফিফটিতে পৌঁছে যান ২৫ বলে। বিহান মালহোত্রা ২৭ রানে আউট হলেও অধিনায়ককে দারুণ সঙ্গ দেন অভিজ্ঞান কুন্ডু। দুজনে ১১৭ রানের জুটি গড়েন কেবল ৭৭ বলে।
মাত্রে ৬৪ বলে শতরান ছুঁয়ে আরেকটু এগিয়ে আউট হন ১২০ রানে। ২৭তম ওভারে ভারতের রান তখন ২১৭! অভিজ্ঞান ফেরেন ৪৬ বলে ৬৫ রান করে।
এই দুজনকে ফেরানোর পর আরও দুটি উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। তারপরও ভারত ছিল জয়ের সম্ভাবনায় এগিয়ে। কিন্তু বৃষ্টি ও আলোকস্বল্পতায় শেষ হয়ে যায় রোমাঞ্চ। ৪৩ ওভারে ভারতের রান ছিল ৬ উইকেটে ২৯০। এরপর আর খেলা হতে পারেনি।
সিরিজের প্রথম যুব টেস্টও ড্র হয়েছিল।
চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে নজরকাড়া আয়ুশ মাত্রে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন প্রথম যুব টেস্টেও। ১১৫ বলে ১০২ রানের ইনিংসের পথে সেদিন সেঞ্চুরি করেছিলেন ১০৭ বলে।
যুব টেস্টে দ্রুততম ও পঞ্চম দ্রুততম সেঞ্চুরি, দুটিই এখন ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের।