১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বব উইলিসের ৪২ বছর পর স্টোকস

টেস্ট ইতিহাসে স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে একটি ‘ডাবল’ও স্পর্শ করলেন ইংলিশ অধিনায়ক।

বব উইলিসের ৪২ বছর পর স্টোকস
পাঁচ উইকেট নিয়ে মাঠ ছাড়ছেন বেন স্টোকস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:04 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

প্রথম দিন দুই উইকেটের পর দ্বিতীয় দিন শিকার ধরলেন আরও তিনটি। প্রায় আট বছর পর টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বেন স্টোকস। ঘুচে গেল ইংল্যান্ডের চার দশকের বেশি সময়ের এক অপেক্ষাও।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন স্টোকস।

৪২ বছর পর ঘরের মাঠে টেস্ট ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো অধিনায়ক। সবশেষ ১৯৮৩ সালের জুলাইয়ে হেডিংলিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিস।

তারপর থেকে দেশে কিংবা বিদেশে স্টোকসের আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে পাঁচ উইকেট নিতে পারেন কেবল একজন ইংলিশ অধিনায়ক- জো রুট। ২০২১ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে দিবা-রাত্রির টেস্টে অফ স্পিনে ৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।

ম্যানচেস্টারে ম্যাচের প্রথম দিন শুবমান গিল ও সাই সুদার্শানের উইকেট নেন স্টোকস। দ্বিতীয় দিন বুধবার একে একে শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দার ও আনশুল কাম্বোজকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ৩৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।

সবশেষ তিনি পাঁচ উইকেটের স্বাদ পেয়েছিলেন ২০১৭ সালের সেপ্টেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে রুটের নেতৃত্বে।

১১৫ টেস্টের ক্যারিয়ারে এই স্বাদ পেলেন তিনি মোট পাঁচবার। এই সংস্করণে ব্যাট হাতে তার সেঞ্চুরি আছে ১৩টি। 

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে ব্যাটিংয়ে অন্তত ১০ সেঞ্চুরি ও বোলিংয়ে অন্তত পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন স্টোকস।

এই যুগলের স্বাদ পাওয়া আগের তিন জন গ্যারি সোবার্স (৯৩ টেস্টে ২৬ সেঞ্চুরি, ৬ বার পাঁচ উইকেট), ইয়ান বোথাম (১০২ টেস্টে ১৪ সেঞ্চুরি, ২৭ বার পাঁচ উইকেট) ও জ্যাক ক্যালিস (১৬৬ টেস্টে ৪৫ সেঞ্চুরি, ৫ বার পাঁচ উইকেট)।

ভাঙা পা নিয়ে শেবাগের ছক্কার রেকর্ড ছুঁলেন পান্ত

স্টোকসের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের ব্যাটে ইংল্যান্ডের জবাব