১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাঙা পা নিয়ে শেবাগের ছক্কার রেকর্ড ছুঁলেন পান্ত

শেবাগের এক যুগ পুরোনো রেকর্ডে ভাগ বসালেন পান্ত।

ভাঙা পা নিয়ে শেবাগের ছক্কার রেকর্ড ছুঁলেন পান্ত
ভাঙা পা নিয়ে ব্যাটিংয়ে রিশাভ পান্ত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:03 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

শার্দুল ঠাকুরের বিদায়ের পর ব্যাট হাতে ওল্ড ট্র্যাফোর্ডে সিঁড়ি বেয়ে রিশাভ পান্তকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে দেখে অবাক হয়ে যান অনেকেই। খনিকের বিস্ময় ছাপিয়ে গোটা গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় তাকে। ম্যাচের প্রথম দিন পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই কিপার-ব্যাটসম্যানকে। সেই তিনি ভাঙা পা নিয়ে শুধু ব্যাটিংয়েই নামলেন না, করলেন গুরুত্বপূর্ণ কিছু রান, স্পর্শ করলেন রেকর্ড।

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সংবাদমাধ্যমে খবর আসতে থাকে, এই ম্যাচে তো বটেই, বাকি সিরিজেই হয়তো আর দেখা যাবে না পান্তকে। কিন্তু তিনি অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিলেন। সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে নেমে পড়লেন ব্যাট হাতে, টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড স্পর্শ করলেন, যে রেকর্ডটি গত এক যুগ ধরে একার করে রেখেছিলেন ভিরেন্দার শেবাগ।

২০০১ থেকে ২০১৩ পর্যন্ত সাদা পোশাকে ভারতের হয়ে ১৭৮ ইনিংসে ৯০ ছক্কা মারেন শেবাগ। সাবেক এই ওপেনারকে পান্ত ছুঁয়ে ফেললেন স্রেফ ৮২ ইনিংস খেলেই।

ওল্ড ট্র্যাফোর্ডের সিঁড়ি বেয়ে ব্যাটিংয়ে নামছেন পান্ত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

ওল্ড ট্র্যাফোর্ডের সিঁড়ি বেয়ে ব্যাটিংয়ে নামছেন পান্ত

ক্রিকেটের অভিজাত সংস্করণে শেবাগের মোট ছক্কা যদিও ৯১টি। একটি ছক্কা মারেন তিনি ২০০৫ সালে সিডনিতে বিশ্ব একাদশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডটা বেন স্টোকসের। ভারতের বিপক্ষে চলতি টেস্টের আগ পর্যন্ত ইংল্যান্ড অধিনায়কের ২০৫ ইনিংসে ছক্কা ১৩৩টি। ছক্কার শতক আছে আর কেবল ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১০৭টি) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের (১০০টি)।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের প্রথম দিন পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ হন পান্ত। ইয়র্কার ডেলিভারিটি আঘাত হানে তার বুটে। ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না তিনি। তার ডান পায়ের পাতার একটা জায়গায় ফুলে যায়। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। পরে গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন তিনি।

ব্যাটিংয়ে নামার সময় গোটা গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় পান্তকে। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

ব্যাটিংয়ে নামার সময় গোটা গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানায় পান্তকে

স্ক্যানের পর জানা যায়, তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়েছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামের প্রয়োজন পান্তের।

তবে সবাইকে অবাক করে দিয়ে এ দিন ইনিংসের ১০২তম ওভারে শার্দুল আউট হওয়ার পর তিনি ব্যাটিংয়ে নেমে যান আবার। যদিও ব্যাটিংয়ে তার অস্বস্তি বোঝা যাচ্ছিল স্পষ্ট। তারপরও দলের প্রয়োজনে চালিয়ে যান লড়াই। ১১১তম ওভারে পেসার জফ্রা আর্চারকে ছক্কা মেরে শেবাগের পাশে বসেন তিনি। ফিফটি পূর্ণ করেন ৬৯ বলে।

আর্চারের বলে বোল্ড হয়ে শেষ হয় তার ৭৫ বলে ৫৪ রানের ইনিংস। ৩ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসটি। ভারত অলআউট হয় ৩৫৮ রানে।

সিরিজে এখন পর্যন্ত সাত ইনিংসে পান্তের রান ৪৭৯, ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে কোনো কিপার-ব্যাটসম্যানের যা সর্বোচ্চ। ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১০ ইনিংসে ৪৬৫ রান করে এতদিন রেকর্ডটি ছিল ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্টের।

এই সিরিজে পান্তের পঞ্চাশ ছোঁয়া ইনিংস হলো ৫টি (২ সেঞ্চুরি ও ৩ ফিফটি), ভারতের কিপার-ব্যাটসম্যান হিসেবে এক সিরিজে যা সর্বোচ্চ। ৪টি করে আছে সাবেক দুই উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার ও মাহেন্দ্র সিং ধোনির (২ বার)।   

স্টোকসের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের ব্যাটে ইংল্যান্ডের জবাব

বব উইলিসের ৪২ বছর পর স্টোকস