২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার মাসে একটি দিন বিপিএল হবে বাংলাময়

বিপিএলের প্রাথমিক পর্বের শেষ দিনে শুক্রবার ধারাভাষ্য ও সাক্ষাৎকারে থাকবে বাংলা ভাষার প্রাধান্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 11:12 PM

Updated : 09 Feb 2023, 11:12 PM

একটি দিনের জন্য বদলে যাবে বিপিএল ধারাভাষ্য ও সাক্ষাৎকারের বরাবরের ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষে বিশেষ এই উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রাথমিক পর্বের শেষ দিনে শুক্রবার বিপিএলের মূল ভাষা হবে বাংলা। 

এমনিতে বিপিএলের ধারাভাষ্য সাধারণত ইংরেজিতেই হয়ে আসছে। তবে শুক্রবারের দুই ম্যাচে বাংলাদেশের ধারাভাষ্যকার যারা আছেন, তারা ধারাভাষ্য দেবেন বাংলাতেই। এমনকি স্যার কার্টলি অ্যামব্রোস, আমির সোহেলের মতো বিদেশিরাও তাদের ধারাভাষ্যে ব্যবহার করবেন কিছু বাংলা শব্দ। 

সব ধারাভাষ্যকার ও উপস্থাপক এ দিন বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোষাক পরবেন। খেলা চলার সময় বাংলা ও ইংরেজি ধারাভাষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা। 

খেলার শুরুর আগে বা মাঝবিরতিতে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়। ম্যাচের আগে-পরে আলোচনা ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও সাক্ষাৎকারও নেওয়া হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দা ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে। 

সব দলের ক্রিকেটার, খেলা পরিচালনাকারী সব কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকরা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। এছাড়াও মাঠের বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শন করা হবে। 

লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। দুই দলই শেষ চারে থাকা নিশ্চিত করলেও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ শীর্ষ দুইয়ে থাকার জন্য। জয়ী দল নিশ্চিত করে ফেললেন সেরা দুইয়ে থাকা এবং ফাইনালে ওঠার অন্তত দুটি সুযোগ তারা পাবে। 

দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচটি কেবল নিয়ম রক্ষার। বরিশালের শেষ চারে খেলা ও শীর্ষ দুইয়ে না থাকা নিশ্চিত হয়ে গেছে আগেই, তেমনি নিশ্চিত খুলনার বিদায়ও।